বঞ্চনার কথা স্ট্যাম্পে লিখে গেছে পাবন ও পায়েল
দুই শিশুর প্রশ্ন, ‘আমরা কি বাবার অবৈধ সন্তান? আমার বাবা কেন বলল, আমাদের মতো সন্তানের দরকার নেই, সেদিন সমাজের পাঁচজনের সামনে কেন আমাদের সন্তান হিসেবে অস্বীকার করল? আপনারাই বলুন, আমার মা দোষী, না বাবা দোষী?’ দুই শিশু পাবন আর পায়েল মৃত্যুর আগে এভাবেই নিজেদের বঞ্চনা, ক্ষোভ, দুঃখ ও ধিক্কারের কথা ৫০ টাকার স্ট্যাম্পের ওপর লিখে গেছে।লেখাটি শুরু হয়েছিল এভাবে, ‘আমি পায়েল, আমি এবং আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমরাই দায়ী। আমার বাবা রাশেদুল কবির আমাদের সাথে যা করেছে, সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। দাদা শফিকুল কবির মায়ের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে লিখে নিয়েছে যে ১ জুলাই বাসা ছাড়তে হবে।’ দুই ভাইবোনের দুটি স্ট্যাম্পই ছিল পায়েলের স্কুলব্যাগের ভেতর। লাশ উদ্ধারের পর বাড়িতে তল্লাশি করার সময় পুলিশ লেখা দুটি উদ্ধার করে।ফারজানা রিতার মা মাজেদা বেগম প্রথম আলোকে বলেন, ‘বাচ্চা দুটি ছিল খুব অভিমানী। মায়ের অপমানের কথা ওরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। হয়তো সে কারণেই এসব লিখে রেখেছিল।’ তাঁর ধারণা, আগে থেকেই ফারজানা ও তাঁর সন্তানেরা মরে যাওয়ার পরিকল্পনা করেছিল। কারণ ওই ঘটনার দুই দিন আগে ফারজানা তাঁকে বলেছিল, ‘মা তুমি আমাদের বাসায় এসো না।’ফারজানা, তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১০) মৃত্যুতে প্ররোচনা দেওয়ার মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তার করতে ফোন নম্বর ধরে অনুসন্ধান করা হচ্ছে।কদমতলী থানার দারোগা ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘শনিবার রাতে শফিকুল কবিরকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তাঁকে পাওয়া যায়নি।’পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দেয়ালে ও কাগজে লেখাগুলো ওই বাচ্চাদের কি না, তা যাচাইয়ের জন্য লেখার নমুনা সিআইডির হস্তরেখা শাখায় পাঠানো হয়েছে। এ ছাড়া ফারজানার বিছানা থেকে পাওয়া পানিভরা জগও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’ফারজানার স্বজনেরা জানান, লাশ উদ্ধারের পর সিআইডির কর্মকর্তারা ওই বাড়িতে তল্লাশি শুরু করেন। এর একপর্যায়ে পায়েলের স্কুলব্যাগের ভেতর ছয় সেট ফটোকপিসহ দুটি মূল স্ট্যাম্প পাওয়া যায়। দুটি স্ট্যাম্পের একটিতে পায়েলের হাতে আর অন্যটিতে পাবনের নাম লেখা আছে। পাবন তার লেখায় বাবার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছে। লিখেছে, ‘আমি পাবন, পিতা মৃত রাশেদুল কবির। আমি সবার কাছে বলছি যে, আমার মরণের পেছনে একমাত্র রাশেদুল কবির, শফিকুল কবির, নূর বানু, কবিতা, সুখন ও দেলোয়ার দায়ী। কারণ আমরা দাদার বাড়িতে থাকি বলে জোর করে আমার মায়ের কাছ থেকে লিখিত নিয়েছে যে, ১ জুলাই বাসা ছাড়তে হবে। আমি বাবার একমাত্র ছেলে ছিলাম, আমার দুই ফুপু আর দাদু মিলে সম্পত্তির জন্য অনেক আগে থেকেই ষড়যন্ত্র করছে।’ পায়েল লিখেছে, ‘আপনারা বলুন, আমাদের এ জীবনের জন্য কে দায়ী। আমি ও আমার ভাইয়া এ পথ বেছে নিচ্ছি। আমরা যা করেছি ভেবেই করেছি, বেঁচে থাকলে স্মৃতি আর তার বাচ্চার চাকরানি করতে পারব না।’পুলিশের উদ্ধার করা স্ট্যাম্প দুটিতে দেখা গেছে, দুই ভাইবোন প্রায় একই কথা বলেছে। পাবন লিখেছে, বাড়ির তত্ত্বাবধায়ক আনিস ও গাড়িচালক আল আমিন তাদের বলেছেন, বাসা ছেড়ে দিলে এ গাড়িটি তাদের আর দেওয়া হবে না। তাই তারা গাড়িটি চালককে দিয়ে গাড়ির বিনিময়ে স্ট্যাম্প ও ওষুধ আনিয়েছে। পুলিশের ধারণা, আত্মহত্যার জন্য যে বিষ ব্যবহার করা হয়েছে, সেটা গাড়িচালক আল আমিনই এনে দিয়েছিল। তবে ঘটনার পর থেকে আল আমিন ও তত্ত্বাবধায়ক আনিসের কোনো খোঁজ মেলেনি।পাবন ও পায়েল লিখেছে, ‘আমাদের জীবনের প্রতিশোধ আমরাই নিচ্ছি, আংকেলকে গাড়িটি দিয়ে স্ট্যাম্প ও ওষুধ আনিয়েছি আমাদের এই অপমান থেকে মুক্তি পাওয়ার জন্য।’ পুলিশ কর্মকর্তারাই বলেছেন, এত ছোট্ট শিশুর পক্ষে এভাবে কাগজে লিখে দীর্ঘ সময় ধরে আত্মহত্যার প্রস্তুতি নেওয়ার ঘটনা সত্যিই বিস্ময়কর। এসব কথা তারা সাদা কাগজে না লিখে কেন স্ট্যাম্পে লিখতে গেল, সেটা তাঁদের ভাবিয়ে তুলছে।ফারজানার দুলাভাই কাজী মোহাম্মদ আরিফ প্রথম আলোকে বলেন, ‘স্ট্যাম্পের বিষয়টি শিশুরা জানতে পারে গত ৬ মে। ওই দিন শফিকুল কবির পুলিশকে ব্যবহার করে চাপ দিয়ে ফারজানার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। ওই দিন শফিকুল কবির পুলিশের উপস্থিতেই ফারজানাকে গ্রেপ্তার করা ও মহিলা পুলিশ দিয়ে তাঁকে মারধর করার ভয় দেখিয়েছিলেন। ওই সময় শিশুরা সেখানেই ছিল। বাচ্চারাও তাদের কথা পুলিশের কাছে বলেছিল। কিন্তু পুলিশ তাদের কথা শোনেনি।’ আরিফ জানান, পরে পায়েল তাঁর কাছে জানতে চায়, স্ট্যাম্পে লিখলে কী হয়। আরিফ তাকে বলেন, স্ট্যাম্পের ওপরে কিছু লিখলে সেটা আর পাল্টানো যায় না। এ থেকে বাচ্চাদের মনে স্ট্যাম্পে লেখার বিষয়টি আসে বলে তাঁর ধারণা।ফারজানার মামা আব্বাস দেওয়ান বলেন, মারা যাওয়ার পর ফারজানার লাশের কাছে তাঁর ব্যবহূত মুঠোফোনটি পাওয়া গেছে। কিন্তু ওই ফোনে কোনো সিম ছিল না। ফারজানার ফোনের সিমের কী হলো, তা কেউ বলতে পারছে না। তিনি বলেন, ঘরের ভেতর এসি চলার পরও এত দ্রুত লাশে কেন পচন ধরল। আবার ঘরের ভেতর জ্বালানি তেল কারা নিয়ে এল। এসব তদন্ত করা দরকার বলে তিনি জানান। ফারজানার মা বলেন, মারা যাওয়ার দুই দিন আগে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর সঙ্গে ফারজানার ফোনে সর্বশেষ কথা হয়। তখন ফারজানা তাঁকে বলেছিলেন, শফিকুল কবির দু-এক দিন পরপরই এই বাসায় আসছেন। তাঁর লোকজন বাসার আশপাশে ঘোরাফেরা করছে। তিনি যেন এ বাসায় না আসেন। এরপর আর কথা হয়নি। তিনি বলেন, শফিকুল কবির ৬ মে পুলিশের উপস্থিতিতে বলেছিলেন, ফারজানা আত্মহত্যা করলে তার দায় তাঁরা নেবেন না। মায়ের প্রশ্ন, ফারজানা যে আত্মহত্যা করবে, সেটা শফিকুল কবির জানলেন কী করে?গত শুক্রবার জুরাইনের আলমবাগের বাসা থেকে পুলিশ ফারজানা ও তাঁর দুই সন্তানের লাশ উদ্ধার করে। ফারজানা হলেন সাংবাদিক শফিকুল কবিরের ছেলে রাশেদুল কবিরের স্ত্রী। মৃত্যুর আগে তারা নানা অভিযোগের কথা ঘরের দেয়াল, মেঝে, বাথরুমে ও কাগজে লিখে রেখে যায়।