চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বঞ্চিত নেতাদের প্রতিবাদ সমাবেশ শুরুর আগে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠানস্থলে হামলা চালিয়েছেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা। তাঁরা উত্তর জেলা ছাত্রদলের একজন নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। এ সময় তাঁরা চেয়ার ভাঙচুর করেন এবং সমাবেশের ব্যানার ও মাইকের তার ছিঁড়ে ফেলেন। প্রতিপক্ষের লোকজন চলে যাওয়ার পর নাসিমন ভবন চত্বরে বঞ্চিত নেতারা সমাবেশ করেন। সমাবেশ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি জেলা সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়।সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরীকে সভাপতি ও আসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে সম্প্রতি উত্তর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এর পর সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কমিটিকে অনুমোদনও দেন। নতুন কমিটিতে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে অভিযোগ এনে একাংশের নেতা-কর্মীরা আন্দোলন শুরু করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমাবেশ শুরুর আগে বিকেল সাড়ে তিনটার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও রাউজান উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল হুদার ওপর একদল যুবক হামলা চালায়। তারা উত্তর জেলার বর্তমান সভাপতি গিকা চৌধুরীর পক্ষে স্লোগান দিতে দিতে হুদাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। হুদা দৌড়ে নাসিমন ভবন চত্বরে আশ্রয় নিলে যুবকেরা তাঁকে প্লাস্টিকের চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হুদাকে পেটানোর পর যুবকেরা সমাবেশস্থলের চেয়ার ভাঙচুর করে। তারা মাইক ও মাইকের তার ছিঁড়ে ফেলে। মঞ্চে টানানো সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলে। পরে পুলিশের উপস্থিতি বাড়তে থাকলে যুবকেরা নাসিমন ভবনের ফটকে জড়ো হয়। পরে তারা নাসিমন ভবনের তিন তলায় উঠে যায়।হামলাকারীরা চলে যাওয়ার পর উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এতে বক্তৃতা করেন মেজর (অব.) মুহাম্মদ মোস্তফা, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চাকসুর ভিপি নাজিমউদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জসীমউদ্দিন সিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম।সমাবেশে বক্তারা গিকা চৌধুরীর সমালোচনা করে তাঁর অনুগতদের প্রতিরোধের ঘোষণা দেন। তাঁরা বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে উত্তর জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করে ছাত্রদল নেতার ওপর হামলার জবাব দেওয়া হবে।মুহাম্মদ মোস্তফা সমাবেশে বলেন, ‘শহীদ জিয়ার চেতনা নষ্ট করতে উত্তর জেলা বিএনপির নেতৃত্ব আজ রাজাকার, জাতীয় পার্টি ও ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ত্যাগী ও আদর্শ নেতাদের বাদ দিয়ে কমিটি হয়েছে। রাজাকারদের নেতৃত্ব আমরা মানতে পারি না।’চাকসুর সাবেক ভিপি নাজিমউদ্দিন বলেন, ‘যারা রাউজানে শত শত মায়ের বুক খালি করেছে, তাদের জায়গা নাসিমন ভবন নয়। আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কখনো নাসিমন ভবনে হামলার সাহস পায়নি। রাজাকারদের অনুসারীরা আজ নাসিমন ভবন রক্তাক্ত করেছে। ৬ ফেব্রুয়ারি সম্মেলন করে আমরা এর জবাব দেব।’ জসীমউদ্দিন বলেন, ‘গিকা চৌধুরী একাত্তরে রাজাকারদের কমান্ডার ছিলেন। তাঁর নেতৃত্ব আমরা মানি না।’নগর বিএনপির নেতা লাঞ্ছিত: নগরের কদমতলী এলাকায় গতকাল সকালে একটি বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দলীয় নেতা-কর্মীদের পিটুনির শিকার হন ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম। থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম ও তাঁর অনুসারীরা সাইফুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।জানা গেছে, শামসুল আলমের সঙ্গে কিছু সমর্থকবেষ্টিত হয়ে সাইফুল যাচ্ছিলেন উত্তর পাঠানটুলীর ইউনাইটেড মডেল গ্রামার স্কুলে। এ সময় কিছু বিক্ষুব্ধ কর্মী সাইফুল ও তাঁর সমর্থকদের আটকে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে।যুবদলের নেতা আবদুল হালিম বলেন, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে সাইফুলের ওপর হামলা চালান বাদ পড়া ক্ষুব্ধ নেতা-কর্মীরা। সাইফুলকে এলোপাতাড়ি মারধর এবং তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলেন তাঁরা। হামলার একপর্যায়ে সাইফুল অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যান। তবে সাইফুল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু নেতা-কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করায় আমি আমার সমর্থকদের নিয়ে অনুষ্ঠানস্থলে না গিয়ে ফিরে আসি।’