চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি
বঞ্চিতরা সম্মেলন ডেকেছে, কমিটির পক্ষে জমায়েত করবে ছাত্রদল
চট্টগ্রাম নগরের দলীয় কার্যালয় নাসিমন ভবনে আগামী শনিবার বিকেলে সম্মেলন আহ্বান করেছে উত্তর জেলা বিএনপির পদবঞ্চিত নেতারা। এদিকে উত্তর জেলা বিএনপির বর্তমান কমিটির পক্ষে একই সময়ে ও একই স্থানে ছাত্র-গণজমায়েতের কর্মসূচি দিয়েছে উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। পাল্টাপাল্টি এই কর্মসূচি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, উত্তর জেলা বিএনপির নতুন কমিটিতে পদ না পাওয়া নেতারা গত বুধবার নাসিমন ভবনে সমাবেশ করেন। ওই সমাবেশ থেকে শনিবার বিকেলে নাসিমন ভবনে সম্মেলনের ঘোষণা দেন। পদবঞ্চিত নেতারা জানান, শনিবারের সম্মেলনে উত্তর জেলা বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করা হতে পারে। পদবঞ্চিত বিএনপির নেতা নাজিমউদ্দিন তাঁদের কর্মসূচি সম্পর্কে বলেন, ‘গত বুধবার সমাবেশ থেকে আমরা আগামী শনিবার নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির সম্মেলন করার ঘোষণা দিয়েছি। কেউ যদি তা বানচাল করার কর্মসূচি দেয় আমরা তো আর বসে থাকব না।’এদিকে একই সময়ে একই স্থানে ছাত্র-গণজমায়েতের কর্মসূচি দিয়েছে উত্তর জেলা ছাত্রদল। সূত্র জানায়, উত্তর জেলা ছাত্রদলের নেতারা একাধিকবার ঘরোয়া বৈঠক করে ও উত্তর জেলা বিএনপির বর্তমান কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে গতকাল সোমবার এই কর্মসূচি চূড়ান্ত করেন। পরে তা টেলিফোনে সংগঠনের নেতা-কর্মীদের জানান এবং কর্মসূচি সফলের জন্য প্রস্তুতি নিতে বলেন।উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোলায়মান মনজু এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পরামর্শ করে শনিবার নাসিমন ভবনে ছাত্র-গণজমায়েতের কর্মসূচি দিয়েছি। ওই দিন রাস্তায় মিছিলের পর নাসিমন ভবন চত্বরে সভা হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করতে চাই।’গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে সভাপতি ও আসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গত ১৩ জানুয়ারি কেন্দ্র থেকে অনুমোদন পায়। এ কমিটিতে স্থান না-পাওয়া নেতারা ওই কমিটির অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রচার শুরু করায় দলের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে।