বটবৃক্ষের ছায়া সোনিয়া
ক্ষমতাসীন দল কংগ্রেসের রাজনীতিতে ছায়ার মতো আছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। সে ছায়া যে শিকড় শক্ত করে দাঁড়ানো বটবৃক্ষের মতো, এর দৃষ্টান্ত সম্প্রতি দেখালেন তিনি। চলতি বছরের আগস্ট ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের জন্য ছিল কঠিন এক মাস। এক দিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির টালমাটাল অবস্থা, এর সঙ্গে যোগ হয়েছে মৌসুমি বৃষ্টির অভাবজনিত খরা এবং বিরোধী দলের আনা দুর্নীতির অভিযোগের খাড়া। সব মিলিয়ে সরকারের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা।এ সময় ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের মানসিকভাবে চাঙা করতে এগিয়ে আসেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। চিরচেনা ধীরস্থির ভাবমূর্তি থেকে সরব এক তেজস্বী নেত্রী হয়ে ওঠেন তিনি। এক বৈঠকে জটিল পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাদের শক্ত হতে উদ্বুদ্ধ করেন। অর্থনৈতিক সংস্কারে প্রধানমন্ত্রী মনমোহনের নেওয়া কর্মসূচিকে এগিয়ে নিতে উত্সাহ জোগান। এ সংস্কার পরিকল্পনা প্রকাশের দিনক্ষণ ঠিক করা হয়েছিল চলতি মাসের ১৩ ও ১৪ তারিখ। যদিও বিষয়টি সম্বন্ধে বৈঠকে উপস্থিত নেতাদের খুব কমজনই জানতেন। ক্ষমতাসীন সরকারে কোনো পদে নেই সোনিয়া। তবে কংগ্রেস দলীয় সভানেত্রী ও ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের প্রধান হিসেবে বড় বড় বিষয়ে তাঁর ভূমিকা থাকে। সে ক্ষেত্রে তাঁর মত হলো, আগে সামাজিক উন্নয়ন, পরে অর্থনৈতিক উদারীকরণ। সেই সোনিয়া গান্ধীই অর্থনৈতিক সংস্কারে সম্মত হয়েছেন। কংগ্রেসের অনেক জ্যেষ্ঠ নেতা বলেন, ১৯৯১ সালের মতো অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন সোনিয়া। ওই সময় দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সোনিয়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাঁকে বিশদভাবে বুঝিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নবনিযুক্ত অর্থমন্ত্রী পি. চিদাম্বরাম। এ ব্যাপারে সোনিয়া গান্ধীর জীবনীলেখক রাশিদ কিদওয়াই বলেন, ‘সোনিয়া সংস্কার করতে চাচ্ছেন, বিষয়টি এমন নয়। তবে তাঁকে বোঝানো হয়েছে, যদি সংস্কার করা না হয়, তবে ভারতকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। এ জন্য সংস্কারে মত দিয়েছেন তিনি।বিভিন্ন সূত্র জানায়, চিদাম্বরম অর্থমন্ত্রী হওয়ার পর থেকে অর্থনৈতিক সংস্কার অভিযান ব্যাপক সাড়া পায়। সংস্কারবাদী হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাগ্মী চিদাম্বরমের ইতিহাসও পুরোনো। তাঁর কথায়ই সংস্কার পরিকল্পনায় সাড়া দিতে রাজি হন সোনিয়া। অবশ্য বর্তমান রাষ্ট্রপতি ও সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখার্জি অর্থনৈতিক সংস্কারে আগ্রহী না হতে সোনিয়া গান্ধীকে বুঝিয়ে আসছিলেন। কারণ, এতে গরিবদের মধ্যে কংগ্রেসের সমর্থন কমে যাবে বলে মনে করছিলেন প্রণব। কিন্তু নতুন অর্থমন্ত্রী এসে সোনিয়াকে সে ধারণা থেকে বের করে আনলেন। অল্প কয়েক দিনে তিনি সংস্কারে রাজি করান কংগ্রেস সভানেত্রীকে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রণব ভারতের রাজনীতির পুরোনো ঘরানার লোক। তাই প্রণবের চিন্তার বিপরীতে সোনিয়াকে বোঝান অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী। তাঁরা সোনিয়াকে আশ্বস্ত করেন, অর্থনীতি ভালো থাকলে রাজনীতিও ভালো থাকে। এ কারণেই চলতি মাসে ডিজেলে ভর্তুকি কমানোর সরকারি সিদ্ধান্তে সম্মতি দেন সোনিয়া। এর এক দিন পর খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ এবং বিমান ও গণমাধ্যম ব্যবসায় বিদেশি বিনিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। সংক্ষেপে বলতে গেলে, চলতি মাসে নেওয়া সরকারি এসব সংস্কার পরিকল্পনা ২০০৪ সালে ক্ষমতা নেওয়া মনমোহন সিং সরকারের সবচেয়ে বড় অর্থনৈতিক উদারীকরণ। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক উদারীকরণের ব্যাপারে এখনো প্রায় আগের অবস্থানে রয়েছেন সোনিয়া। কয়েক মাস ধরে জ্বালানির ওপর ভর্তুকি না কমাতে তিনি আলোচনা করেছেন। তাঁর ধারণা, এতে গ্রামের লোকজনের ভোট হারাতে পারে কংগ্রেস। এত কিছুর পরও মনমোহন ও চিদাম্বরম তাঁকে আশ্বস্ত করেছেন। তাঁরা সোনিয়াকে ধারণা দেন, নতুন সংস্কারের ফলে প্রবৃদ্ধি বাড়বে। এতে উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ বাড়বে। এ ছাড়া ২০১৪ সালের নির্বাচনের আগে এ উদ্যোগে জনকল্যাণমূলক প্রকল্পের ব্যয়ে পর্যাপ্ত অর্থেরও জোগান হবে। (রয়টার্স অবলম্বনে)