রমনার বটতলায় বৈশাখী উৎসবে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি গানের অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল ছয়টা ১৫ মিনিটে। নিরাপত্তায় ছিল কড়াকড়ি। প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে। তল্লাশি করে দর্শকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। ভৈরব রাগের আলাপ ও খেয়াল দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরিবেশন করেন রেদওয়ান আলী, অসিত দে ও অনুপ বড়ুয়া। এরপর দুটি সম্মেলক গান ‘পূর্বগগনভাগে দীপ্ত’ ও ‘ধ্বনিল আহ্বান’। মিতা হক পরিবেশন করেন ‘আঁধার রজনী পোহালো’। ইফফাত আরা দেওয়ান পরিবেশন করেন ‘হূদয় আমার প্রকাশ হল’। খায়রুল আনাম শোনান ‘কে দুরন্ত বাজাও’। লাইসা আহমেদের কণ্ঠে ছিল ‘স্বপন যদি ভাঙিলে’। চন্দনা মজুমদার গেয়েছেন ‘যেখানে সাঁই বারামখানা’। শিশুদের সম্মেলক কণ্ঠে ছিল ‘এ দিন আজি কোন্ ঘরে গো’। তানিয়া মান্নান শোনান ‘আপনারে দিয়ে’। মুক্তিযুদ্ধে গান ‘বল, বল রে, বাঙালির জয়’ ছিল সম্মেলক কণ্ঠে। রবীন্দ্র, নজরুল, রজনীকান্ত, অতুলপ্রসাদ, লোক ও মুক্তিযুদ্ধের মোট ৩৫টি গান এবং আবৃত্তি ও পাঠ দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করে।