বড়পুকুরিয়া কয়লাখনি ঘেরাও কর্মসূচি প্রত্যাহার
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ গতকাল সোমবার রাত দেড়টার দিকে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছে। কর্তৃপক্ষ কাল বুধবারের মধ্যে ওই এলাকায় জরিপকারী দল পাঠিয়ে প্রকৃত ক্ষতির হিসাব করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, গ্রামবাসী ক্ষতিপূরণ দাবি করে আন্দোলন করছিল। কর্তৃপক্ষ জরিপকারী দল পাঠিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করবে। সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’-এর আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তাঁরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। প্রসঙ্গত, ৬৪৬ একর ফসলি জমির শস্যের ক্ষতিপূরণ, দুই হাজার ৬০০ ঘরবাড়ি, ছয়টি মিল-চাতালে ফাটল ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চাকরির দাবিতে সংগঠনটি ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটি গতকাল পৌনে ১১টা থেকে কয়লাখনি ঘেরাও কর্মসূচি পালন শুরু করে। খনি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করায় তাঁরা বিকেলের দিকে ক্ষুব্ধ হয়ে ফুলবাড়ী-পার্বতীপুর রেলপথ ও রাজপথে গাছের গুঁড়ি ফেলে অবরোধও শুরু করেন।