বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আন্দোলনরত দেশি শ্রমিকেরা ‘বিনাশ্রমে অর্ধেক বেতন’—কর্তৃপক্ষের এমন আশ্বাসের ভিত্তিতে গতকাল রোববার রাত থেকে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোটিয়ামের অধীনস্থ ৮৫০ জন দেশি শ্রমিককে খনি এলাকায় প্রবেশে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও বিনা বেতনে শ্রমিকদের ছুটি দেওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেছিলেন।জানা গেছে, দিনাজপুর জেলা প্রশাসকের মধ্যস্থতায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিব-উল-ফেরদৌস গতকাল রাতে খনির আবাসিক এলাকার ‘পরিবর্তন’ সভাকক্ষে খনির কর্মকর্তা ও আন্দোলনকারী ১১ সদস্যের শ্রমিক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন।বৈঠকে খনি কর্তৃপক্ষ উত্পাদন শুরু না হওয়া পর্যন্ত শ্রমিকদের বিনাশ্রমে বেতনের ৫০ শতাংশ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। আগামী এক মাসের মধ্যে কয়লা উত্পাদন শুরু হলে আগের মতো শ্রমিকেরা কাজ করতে পারবেন বলে আশ্বাস দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিব-উল-ফেরদৌস, খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান, মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল জলিল ও আন্দোলনকারী বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামসহ ১১ সদস্যের প্রতিনিধিদল। বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, খনি কর্তৃপক্ষ শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং এক মাসের মধ্যে কয়লা উত্পাদন শুরু করার কথা বলেছেন। ওই সময় পর্যন্ত শ্রমিকদের বিনাশ্রমে বেতনের অর্ধেক টাকা দিতে রাজি হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে খনির বৃহত্ স্বার্থ বিবেচনা করে তাঁরা কর্মসূচি তুলে নিয়েছেন বলে তিনি জানান। খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে খনির কয়লা উত্পাদন শুরু করা যাবে। এর মধ্যে উত্পাদন শুরু করতে না পারলে পরবর্তীকালে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, সংরক্ষিত এলাকার কারণে অবাধ চলাচল নিষিদ্ধ রয়েছে, তবে জরুরি প্রয়োজনে শ্রমিকদের খনি এলাকায় আসতে বাধা নেই। প্রসঙ্গত, গত ১১ মে খনির ভূগর্ভে ১১০৮ নম্বর খনিমুখে বড় ধরনের ভূমিধস হয়। এ সময় কমপক্ষে ৩২ জন চীনা ও দেশি শ্রমিক সেখানে আটকা পড়েন। এতে একজন শ্রমিক মারা যান এবং গুরুতর আহত হন ২০ শ্রমিক। ওই দুর্ঘটনার পর থেকে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ আছে।