বড়পুকুরিয়া কয়লাখনি: রেলপথ-রাজপথ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ আজ সোমবার বেলা তিনটার দিকে ফুলবাড়ী-পার্বতীপুর রেলপথ ও রাজপথ বন্ধ করে দিয়েছে। খনি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করায় তাঁরা বিক্ষুব্ধ হয়ে রেলপথ ও রাজপথে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে। এ সময় তারা খনির আবাসিক ফটকের সামনে সাইনবোর্ড ও নিরাপত্তাকর্মীদের বক্স ভাঙচুর করে। বেলা পৌনে ১১টা থেকে কয়লাখনি ঘেরাও কর্মসূচি পালন করছে সংগঠনটি। ৬৪৬ একর ফসলি জমির শস্যের ক্ষতিপূরণ, দুই হাজার ৬০০ ঘরবাড়ি, ছয়টি মিল-চাতালে ফাটল ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চাকরির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে।কমিটির দাবি, ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী সাতটি মৌজা বৈদ্যনাথপুর, বৈগ্রাম, কালুপাড়া, বলরামপুর, বাঁশপুকুর, পাঁচঘরিয়া ও গোপালপাড়ার প্রায় ১১টি গ্রামে ৬৪৬ একর ফসলি জমি অবনমিত হয় এবং বাড়ি-ঘরে ফাটল দেখা দেয়। কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, খনি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা জুনের মধ্যে এককালীন ক্ষতিপূরণের ও আনুষঙ্গিক দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখনো একটি দাবিও পূরণ হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, কারিগরি ত্রুটির কারণে খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ আছে। এর পরও কিছু কিছু এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা খনি এলাকার বাইরের বাড়ি-ঘরেরও ক্ষতিপূরণ দাবি করছেন, যা অযৌক্তিক। কয়লা উত্তোলন শুরু হলে স্থানীয় লোকজনের চাকরি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।