বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ১২ দিন ধরে কর্মবিরতি চলছে। কর্মবিরতির পাশাপাশি আজ শনিবার সকাল থেকে শ্রমিকেরা খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সকাল থেকে খনির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি সামাল দিতে খনি এলাকার ভেতর ও দুই ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শ্রমিকেরা জানান, চাকরি স্থায়ী করা, বেতন-বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে খনির সহস্রাধিক দেশি শ্রমিক গত ২৩ আগস্ট মঙ্গলবার সকাল থেকে কয়লা উত্পাদন বন্ধ করে কর্মবিরতি শুরু করে। এরপর ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়। ঈদের কারণে ২৮ আগস্ট সকাল থেকে শ্রমিকেরা কর্মবিরতি অব্যাহত রেখে অবরোধ কর্মসূচি স্থগিত করেছিল।খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সমস্যা নিরসনে খনি কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়ে কয়েক দফা বৈঠক করে; কিন্তু সুরাহা হয়নি। বৈঠকে কর্তৃপক্ষ প্রত্যেক শ্রমিককে দক্ষ শ্রমিক ঘোষণা, মাসিক ছুটি চার দিন ধার্য করা, পে-স্কেল অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার দাবি মেনে নিতে অপারগতা জানায়। আন্দোলনকারী শ্রমিকদের সংগঠন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘শ্রমিকদের দাবি অনুযায়ী বেতন ও বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা নতুন করে আবার কিছু দাবি জানাচ্ছেন। ওই দাবিগুলো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’