বড়পুকুরিয়া কয়লাখনিতে ১৫ আগস্ট থেকে উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস কয়লা উত্তোলন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ১৫ আগস্ট থেকে আবার উৎপাদন শুরু হচ্ছে। কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেছেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোটিয়ামের ৮৫০ জন দেশি শ্রমিক আজ শুক্রবার সকাল থেকে উৎপাদনের প্রস্ততি শুরু করে দিয়েছেন। ভূগর্ভে ভূমিধস ও কারিগরি সমস্যার কারণে খনির কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ ছিল। মো. কামরুজ্জামান আরও বলেন, বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গত ১৫ দিন ধরে খনির ভেতরে বিস্ফোরণ ঘটায়। পাথরের চাপ কমিয়ে তারা খনিকে উৎপাদনের উপযোগী করেছে। দেশি শ্রমিকদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য, গত ১১ মে সকালে খনির ভূগর্ভে ১১০৮ নম্বর খনিমুখে (কোল ফেইস) বড় ধরনের ভূমিধস হয়। সে সময় ওপর থেকে একটি বিশাল আকারের পাথর খণ্ড খনির ভেতরে রাস্তার ওপর পড়ে। এতে একজন দেশি শ্রমিক মারা যান এবং অন্তত ২০ জন শ্রমিক গুরুতর আহত হন। ওই ঘটনার পর থেকে খনির কয়লা উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়।খনিসূত্রে আরও জানা যায়, ১১০৮ নম্বর খনিমুখে ওই পাথর খণ্ডটি সরানোর ব্যাপারে চীনা বিশেষজ্ঞ ও ব্রিটিশ বিশেষজ্ঞদের মধ্যে পদ্ধতিগত মতপার্থক্য দেখা দেয়। চীনা বিশেষজ্ঞরা ভূগর্ভে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে পাথর খণ্ডটি সরানোর কথা বলেন। কিন্তু পেট্রোবাংলার ব্রিটিশ বিশেষজ্ঞরা মনে করেন, ভূগর্ভে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস থাকায় ডিনামাইট বিস্ফোরণ ঘটালে খনির অভ্যন্তরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকবে। তাঁরা তীব্র পানির প্রবাহ (হাইড্রো ফ্রাকচার) দিয়ে পাথর খণ্ডটি সরানোর পক্ষে মত দেন।কোন পদ্ধতিতে পাথর খণ্ডটি সরানো হবে, তা নিয়ে দীর্ঘ আড়াই মাস বিভিন্ন দপ্তরে বৈঠক ও চিঠি চালাচালি চলে। অবশেষে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ওই খনিমুখে (কোল ফেইসে) বিস্ফোরণ ঘটিয়ে পাথরের চাপ কমান। এদিকে বড়পুকুরিয়া খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, চীনা বিশেষজ্ঞরা শুরু থেকেই বিস্ফোরণ ঘটিয়ে পাথর খণ্ডটি সরানোর কথা বলেছিলেন। শেষ পর্যন্ত তাঁরা সফলও হলো। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে শ্রমিকদের তিন মাস কর্মহীন থাকতে হলো। তবে দেরিতে হলেও উৎপাদন শুরু হওয়ায় তাঁরা খুশি বলে জানান।