বড়মামা
বড় মামা, মা, ইকবাল মামা, শিখু খালা আর শাহীন মামা—সবার জন্মদিন নভেম্বর অথবা ডিসেম্বর মাসে। শুধু মনি খালা পড়ে গেলেন জানুয়ারিতে! আমার মা থেকে জন্মদিন শুরু হতো, এরপর বড় মামা। ছোটবেলা থেকেই আমরা কোনো কারণ ছাড়াই বড় মামাকে খুব ভয় পেতাম। আচ্ছা, ‘পেতাম’ শব্দটি কেন লিখলাম? বড় মামা অতীতকাল হয়ে গেলেন! এখন বড় মামার কোনো কথা বললেই কি ‘ছিলেন’ বলতে হবে? ফেসবুকে এখন বড় মামাকে নিয়ে অনেক গ্রুপ। বড় মামার সঙ্গে যার যা ছবি আছে, সব পোস্ট করে দিচ্ছে। যখন কোনো ছবিতে কেউ কমেন্ট করে ‘এখন শুধু স্মৃতি’, আমার এমন রাগ লাগে! একদিক দিয়ে তা-ই হয়তো, আমরা সারা দিন তো তাঁর কথাই ঘুরিয়ে-ফিরিয়ে বলি। মনে করা আর স্মৃতি হয়ে যাওয়া কি এক? আমার ছোট বোনের জন্মদিন ১ বৈশাখ। আগে ঢাকায় এত জ্যাম ছিল না, বড় মামাও এত ব্যস্ত হয়ে যাননি, তাই সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসতেন। সেবার নীষা যখন জন্মদিনের কেক কাটছে, ঠিক তখন বড় মামা তাঁর মুখের মধ্যে লুকানো, জিবের নিচে রাখা বাঁশিটি বাজিয়ে উঠলেন। ছোট নীষা হতভম্ব! কেক কীভাবে শব্দ করছে!! আর আমরা সব কাজিনরা, বোনেরা হেসে লুটোপুটি। সেই ছবিটা এখন দেখলে এত কষ্ট লাগে! আমরা সবাই ছোট, আর বাচ্চা-বাচ্চা চেহারার বড় মামার মুখে চাপাহাসি। বড় মামা যখন চলে গেলেন, আমি কেন জানি ‘মারা গেলেন’ বলতে পারি না। লাশ, ডেডবডি, মারা যাওয়া—এই শব্দগুলো বড্ড নিষ্ঠুর। এই উপলব্ধি হয়েছে আমার বড় মামা চলে গেলে। বড় মামার চলে যাওয়াটা এত কষ্টের...আমরা সবাই তখন নানুকে আগলে রেখেছি। আস্তে আস্তে নানু নিজেকে সামলে নিয়েছেন। ১৩ নভেম্বর আসছে, আবার পুরো পরিবার শোকে মুহ্যমান হয়ে যাবে। আমি দূরে বসে আরও কষ্ট পাচ্ছি। সবাই মিলে কষ্ট ভাগ করে নেওয়া সহজ। একা দূরে বসে কষ্ট ভাগ করা যায় না, কষ্ট শুধু বাড়ে। আমেরিকা আসার আগে আমি নুহাশপল্লীতে বড় মামার কাছে গেলাম। আগে নুহাশপল্লী গেলে কী যে আনন্দ লাগত! এটা দেখো, ওটা ঘুরো, সেটা খাও। এখন নুহাশপল্লী যাওয়া মানে বুক ভেঙে কান্না আসা, মনি খালার গুমরানো কান্না, নানুর একটু পর পর কেঁপে ওঠা। সেদিন আমি কবরের মাথার কাছে হাত রেখে বড় মামার কাছ থেকে বিদায় নিয়ে এলাম। বড় মামা, আমি অনেক দূরে তোমার থেকে। আমি জানি, সবাই যাবে নুহাশপল্লীতে তোমার কাছে; শুধু আমি যেতে পারছি না। তোমার এই ভাগনির তোমার কথা মনে করলে যেমন চোখ ঝাপসা হয়ে যায়, আবার দোয়া করার সময় চোখ ভিজে ওঠে। দোয়া ছাড়া যে আমাদের আর কিছুই করার নেই, বড় মামা!অপলা হায়দার, লেখক; প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ভাগনি, যুক্তরাষ্ট্র-প্রবাসী