বড়াইগ্রামে ইউপি সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আজ শুক্রবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য খুন হয়েছেন। উপজেলার বাগডোম গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইউপি সদস্যের নাম আবদুস সালাম ওরফে দুখু মিয়া (৩৫)। তিনি ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে দুখু মিয়া ও তাঁর ভাই চুনু মিয়া (২৬) তাঁদের বাড়ির পাশের বিরোধপূর্ণ জমিতে আমগাছ কাটতে যান। এ সময় একই গ্রামের ইদ্রিস আলী তাঁদের গাছ কাটতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইদ্রিস আলী ও তাঁর ছেলেরা তাঁদের ওপর লাঠি ও বল্লম (ফালা) নিয়ে হামলা চালান। এতে দুখু মিয়া ও চুনু মিয়া গুরুতর আহত হন। পরে তাঁদের সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। হাসপাতালে নেওয়ার পথে দুখু মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে যায়। গুরুতর আহত চুনু মিয়াকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য দুখু মিয়ার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় ইদ্রিস আলী (৬০) ও তাঁর ছেলে মকবুল হোসেনকে (৩০) আটক করা হয়েছে।