বদরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসটি চলছে জরাজীর্ণ ভবনে
বদরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রতি মাসে গড়ে সরকারি রাজস্ব আদায় হয় কমপক্ষে নয় লাখ টাকা। কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত সেই সাব-রেজিস্ট্রি অফিসটির আজও কোনো উন্নয়ন হয়নি। জরাজীর্ণ ভবন, স্থানসংকুলানের অভাব, রেকর্ড সংরক্ষণ-ব্যবস্থার অপ্রতুলতা, জমি বেদখলসহ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত সাব-রেজিস্ট্রি অফিসটি।জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের নামে জমি রয়েছে এক একর ৮৬ শতক। কিন্তু সিমানাপ্রাচীর না দেওয়ায় ইতিমধ্যে কিছু জমি আশপাশের আবাসিক এলাকার লোকজন দখলে নিয়েছেন। রাজস্ব আয়ের দিক থেকে জেলার সদর উপজেলা ও মিঠাপুকুর সাব-রেজিস্ট্রি অফিসের পরই অবস্থান বদরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের। সর্বোচ্চ রাজস্ব আদায় এবং শহরের প্রাণকেন্দ্রে নিজস্ব জমি থাকার পরও আজ অবধি সেখানে নির্মিত হয়নি আধুনিক সাব-রেজিস্ট্রি ভবন।সরেজমিন দেখা গেছে, টিনশেডের নির্মিত সাব-রেজিস্ট্রারের বসার কক্ষটির দৈর্ঘ্য সর্বোচ্চ ২২ ফুট এবং প্রস্থ ১১ ফুট। কক্ষের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে সাব-রেজিস্ট্রারের এজলাস। এই এজলাসের বাম ও ডান দিকে গাদাগাদি করে বসে নিয়মিত অফিশিয়াল কাজ করেন ১৫ জন অফিস কর্মচারী। জমির বিক্রেতা ও ক্রেতাদের দাঁড়ানোর মতো তেমন জায়গায় নেই এজলাসের সামনে। তার পরও অতি কষ্টে দাঁড়িয়ে জমি বিকিকিনি করেন সাধারণ জনতা। ওই কক্ষের আরেক অংশে রেকর্ডপত্র সংরক্ষণ করা হয়েছে। মূলত সেই অংশটিই সাব-রেজিস্ট্রি কার্যালয়ের রেকর্ডকক্ষ হিসেবে ব্যবহূত হচ্ছে। এতে রেকর্ডপত্রের স্তূপ জমেছে। বর্ষায় বৃষ্টির পানি চুইয়ে রেকর্ডপত্র নষ্ট হচ্ছে। এ কারণে যাচিত দলিলের তথ্যাদির রেকর্ড ও পুরাতন মূল দলিলের নকল বা তথ্য পেতে জনসাধারণের ভোগান্তি হচ্ছে।রামনাথপুরের কৃষক খগেনচন্দ্র রায় (৪৫) বলেন, ‘বাবু সকালে আলচি একটা ভুঁইয়ের নকল নিবার। তাঁক বোলে খুঁজি পাওচে না।’মাধাইখামার গ্রামের কৃষক জাকিরুল ইসলাম (৫৬) বলেন, ‘ভুঁইয়ের দলিল করবার সময় স্যারের (সাব-রেজিস্ট্রার) আগ পাকে যাবার নাগে। কিন্তুক স্যাটে সোজা খাঁড়া হয়া থাকার জাগাও নাই।’দলিল লেখক সমিতির সভাপতি আবদুল কুদ্দুুছ বলেন, ‘দলিল লেখকেরা সাব-রেজিস্ট্রি অফিসের প্রাণ। অথচ তাঁরা কোথায় বসে দলিল লিখবেন, সেটা সরকার ভাবে না। তাই বাধ্য হয়ে নিজেরা অর্থ দিয়ে শেড ঘর নির্মাণ করছি। সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে হাঁস, মুরগি ও কবুতরের হাট বসায় বিষ্ঠার দুর্গন্ধে এবং পেঁয়াজ, রসুন ও মরিচের গন্ধে টেকা দায় হয়ে পড়ে।’বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা জানান, হাটের দিন খোলা জায়গা পেয়ে সাধারণ মানুষ পণ্য ও হাঁস-মুরগি বিক্রির কারণে সেখানে বসেন। এটি বন্ধের উদ্যোগ নিতে হবে অফিস কর্তৃপক্ষকেই।সাব-রেজিস্ট্রার আবদুল মান্নান বলেন, ‘আমি নতুন এসেছি। সরকারি রাজস্ব আদায়ের দিক থেকে জেলায় অনেকাংশে শ্রেষ্ঠ অবস্থানে থাকার পরও কেন এত দিন আধুনিক রেজিস্ট্রি ভবন নির্মাণ করা হয়নি, তা বুঝতে পারছি না।’রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল মুঠোফোনে জানান, বদরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সমস্যাগুলো সম্পর্কে তিনি সম্প্র্রতি জেনেছেন। একটি আধুনিক রেজিস্ট্রেশন কমপ্লেক্স নির্মাণের জন্য এ ব্যাপারে দ্রুত আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি ডিও লেটার দেবেন এবং প্রয়োজনে জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান তিনি।