বদরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামে গতকাল বুধবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আফজাল হোসেন (৬১) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ১১জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে ওই গ্রামের ভিতর একটি ফাঁকা জায়গায় ক্রিকেট খেলার আয়োজন করে এলাকার তরুণরা। তারা দুইভাগে বিভক্ত হয়ে খেলা শুরু করে। এক দলের নেতৃত্ব দেন ছাদেকুল ইসলাম (১৫) এবং অপর দলের মেজবাহ হোসেন (১৮)। খেলার সময় একটি চার পেটানোকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও তাত্ক্ষণিকভাবে তা মীমাংসা হয়।খেলার একটি দলের নেতা ছাদেকুল ইসলাম অভিযোগ করে, ওই ঘটনার পর খেলা শেষ করে যে যার মত বাড়িতে চলে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মোহাম্মদ আলী, আলতাফ হোসেন, আরিফ হোসেনসহ ১৫-২০জন লোক লাঠিসোটা নিয়ে তাঁর উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের মতে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে আফজাল হোসেন মারা যান।সংঘর্ষে গুরুতর আহত হাবিবুর রহমানকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোহাম্মদ আলী (৪০), সাজিদুল ইসলাম (৩০) ও নুর আলমকে (২৫) বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। নিহত আফজাল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ থানা হেফাজতে রাখা হয়েছে।ছাদেকুল ইসলাম জানায়, নিহত আফজাল হোসেন তার বাবা। তার অভিযোগ সংঘর্ষের সময় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি তার বাবার অণ্ডকোষ চেপে ধরলে সেখানেই তিনি লুটিয়ে পড়েন। এরপর বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।তবে আহত মোহাম্মদ হোসেন অভিযোগ করেন আফজাল ছিলেন হূদরোগী। তিনি সপ্তাহখানেক আগে হাসপাতালে চিকিত্সা নিয়ে বাড়িতে ফিরেছিলেন। সংঘর্ষের ঘটনা দেখে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অণ্ডকোষ চেপে তাঁকে মেরে ফেলার অভিযোগ সঠিক নয়। অভিযুক্ত হাবিবুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন থানার উপ-পরিদর্শক (এসআই) জগলুল হক। তিনি প্রথম আলোকে জানান মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। তবে অণ্ডকোষ ফোলা ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সহকারী সার্জন হেমন্ত রায় বলেন ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আফজাল হোসেন মারা গেছেন।’