বদরগঞ্জে চুরি হয়ে যাচ্ছে কৃষকের গরু
রংপুরের বদরগঞ্জে কৃষকের অবলম্বন গরু চুরি হচ্ছে দেদারসে। গত চার মাসে উপজেলার কৃষকদের বাড়ি থেকে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে। এসব ঘটনায় উদ্বিগ্ন কৃষকেরা দল বেঁধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন।এলাকাবাসী জানায়, গত এপ্রিল থেকে জুলাই—এই চার মাসে উপজেলার দক্ষিণ রামনাথপুর নামাপাড়া গ্রামের কৃষক হূদয়কুমার বিশ্বাস, দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি গ্রামের গড়ডাঙ্গীপাড়ার কৃষক রবিউল ইসলাম, বাহাদ্দিপাড়া গ্রামের আকবর হোসেন, গোপীনাথপুর বালাডাঙ্গা এলাকার মজিবর রহমান, বোর্ডেরহাট এলাকার তালেব মিয়ার গরুসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত চার মাসে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে।আসমতপাড়া গ্রামের কৃষক কেরামত আলী বলেন, ‘কত কষ্ট করি একটা গরু কিনছিনু। গরুটায় আছিল মোর সম্বল। তাক চুরি হইছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘থানাত মামলা করবার গেইলে টাকা নাগে। সেই জন্যে মামলা করি নাই।’ ঠিক একই রকম কথা বলেন বোর্ডেরহাট এলাকার কৃষক তালেব মিয়া ও কুতুবপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের শকুর মিয়া ।ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আলতাব হোসেন বলেন, ‘গরু চুরির খবর শুনি মুই রাইতোত ঘরোত না শুতি গরুর সাথে শুতি আছনু। তবুও চোরেরা মোর চোখ ফাঁকি দিয়া গরু দুইটা নিয়া গেইছে।’ গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘গরু চুরি রোধ হচ্ছে না। কৃষকেরা থানায় অভিযোগ করেও কোনো সুফল পান না। তাই তাঁরা আর সাধারণত থানায় অভিযোগ দিতে যান না।’ রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, চোরদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক হোসেন বলেন, ‘আমাদের জনবল ও যানবাহনের সংকট রয়েছে। তার পরও আইনশৃঙ্খলা রক্ষায় সজাগ রয়েছি। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে গরু চুরি ও রাস্তায় ছিনতাইয়ের খবর পেয়েছি। ইতিমধ্যে কয়েকজন গরুচোর ও ডাকাতকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।’ তিনি বলেন, থানার আশপাশে কিছু দালাল ওত পেতে থাকেন। তাঁরা সাধারণ মানুষকে থানায় অভিযোগ দিতে নিষেধ করেন। তাঁদের কথা শুনে মানুষ আর এগোয় না। কিন্তু দোষ হয় পুলিশের। তিনি যেকোনো সমস্যায় সাধারণ মানুষকে দালালদের খপ্পরে না পড়ে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থান থেকে গরু চুরির অভিযোগ পাওয়ার পর চুরি বন্ধে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশদের নিয়ে জরুরি বৈঠক করেছি। গ্রামগঞ্জে গ্রামপুলিশ ও আনসার সদস্যদের রাতে ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘আমার নির্বাচনী প্রধান অঙ্গীকার ছিল গরু চুরি ও ডাকাতি বন্ধ করা। এ ব্যাপারে পুলিশের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেওয়া হয়। তার পরেও মাঝেমধ্যে বাড়ি থেকে রাতে কৃষকের গরু চুরি হচ্ছে। বিষয়টি উদ্বেগজনক। এসব চুরি রোধে লালদিঘী এলাকার কৃষকের মতো উপজেলার অন্যান্য এলাকাবাসীরও লাঠি-বাঁশ হাতে রাতে গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করা উচিত।’