বদরগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ২৬ সাংবাদিকের সাধারণ ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার ২৬ জন সাংবাদিক। গত রোববার রাতে বদরগঞ্জ থানায় তাঁরা এ জিডি করেন।জিডিতে উল্লেখ করা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি শহীদ মিনারে একটি প্রতিবাদ সভা থেকে সাংবাদিকদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও জাতীয় পার্টির নেতারা। এর পর থেকে সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি।পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা জিডি করেছেন দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি হেমন্ত সরকার, ইত্তেফাক-এর আবদুর রউফ সরকার, কালের কণ্ঠর ছাইদুল হক, মানবজমিন-এর রমজান আলী সরকার, ভোরের ডাক-এর মেজবাউল কবির, আমার দেশ-এর মাসুদ রানা, নয়া দিগন্তর ফিদা হাসান লোহানী, জনতার আহসান হাবিব, বাংলাদেশ সময়-এর জাহিদুল হক সরদার, যুগের আলোর আকাশ রহমান, নওরোজ-এর আমিনুল ইসলাম, ভোরের কাগজ-এর মাহফুজার রহমান, দৈনিক বগুড়ার জিয়াউর রহমান, মানব বার্তার এম এ সালাম বিশ্বাস, দৈনিক ডেসটিনির রায়হান গোলাম কবির, দৈনিক পরিবেশ-এর রেজাউল করিম, বাংলাবাজার-এর মজিবর রহমান, ইনকিলাব-এর হাফিজ বাদশাহ ওসমানী, যায়যায়দিন-এর রুহুল আমিন সরকার, সকালের আনন্দর আশরাফুল আলম, আমাদের অর্থনীতির মাহবুব রহমান, দৈনিক দাবানল-এর আফরোজা খাতুন, প্রথম আলোর আলতাফ হোসেন, দৈনিক খবর-এর আশা সরকার এবং সংগ্রাম-এর আবদুল মালেক ও মোস্তাফিজার রহমান।জিডিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ও কথিত সামাজিক সংগঠনের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, জমি জবরদখল, টেন্ডারবাজি, অসামাজিক কার্যকলাপ এবং মাদক ও দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন ও ইনকিলাব-এর প্রতিনিধি হাফিজ বাদশাহ ওসমানীর বিরুদ্ধে বদরগঞ্জ মেলায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগে ২৪ জানুয়ারি থানায় মামলা করেছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মেলার ইজারাদার হেনা মো. ফেরদৌস। এ মামলায় সাংবাদিকদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ফেব্রুয়ারি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মেলা উন্নয়ন কমিটি প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও জাতীয় পার্টির নেতারা। সভা থেকে সাংবাদিকদের পিটিয়ে ও খুঁচিয়ে মারার হুমকি দেওয়া হয়। এর পর থেকে সাংবাদিকেরা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণকুমার সরকার সাংবাদিকদের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।