বদরগঞ্জে দাদনের জালে কৃষকেরা
রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী গ্রামের কৃষক সহির উদ্দিন (৫৫) এবার তিন বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। ইতিমধ্যেই হাতের সব টাকা তিনি জমিতে ঢেলেছেন। আমন ধান ঘরে উঠতে এখনো মাস দেড়েক দেরি। এ অবস্থায় সংসারের সচল চাকা অর্থাভাবে যেন অচল হয়ে পড়েছে। এরপর মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো আমনখেত পোকায় আক্রমণ করেছে। কীটনাশক দেওয়া প্রয়োজন, কিন্তু হাতে নেই টাকা। উপায় না পেয়ে ছুটে যান বাড়ির পাশের এক দাদন ব্যবসায়ীর কাছে। সমস্যা শুনে দাদন ব্যবসায়ী শর্ত সাপেক্ষে তাঁকে এক হাজার ৪০০ টাকা দেন। এই টাকার বদলে আমন কেটে তাঁকে পরিশোধ করতে হবে ছয় মণ ধান (প্রতি মণ ২৮ কেজি)।লোহানীপাড়া গ্রামের কৃষক আবদুল হকও (৪৩) একই সমস্যায় পড়ে এলাকার এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে তিন মণ ধানের ওপর টাকা নিয়েছেন এক হাজার ৫০ টাকা। আমন কেটে তাঁকেও এ জন্য দিতে হবে সাড়ে চার মণ ধান। ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমানে বাজারে প্রতি মণ ধানের দাম প্রায় ৬০০ টাকা। কিন্তু দাদন ব্যবসায়ীরা দিচ্ছেন মণপ্রতি ৩৫০ টাকা।এলাকা ঘুরে জানা যায়, উপায় না পেয়ে এভাবে দাদন ব্যবসায়ীদের জালে আটকা পড়ছেন উপজেলার অসহায় আমনচাষিরা। তাঁরা জীবন ও জীবিকার তাগিদে চড়া সুদে নিচ্ছেন দাদনের টাকা। আমন রোপণের পরই গ্রামগঞ্জে জমে উঠেছে দাদনের এই ব্যবসা। বাদ পড়ছেন না ক্ষুদ্র ব্যবসায়ী ও চাকরিজীবীরাও। কেউ রাখছেন জমিসহ ভিটেমাটি বন্ধক, কেউ বেতন তোলার চেকবই। আবার কেউ ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে অজানা ভীতির মধ্যে রয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর আশ্বিন-কার্তিক মাসে চাষিরা অর্থনৈতিক অনটনে পড়েন। ব্যবসায় মন্দা বিরাজ করায় সমস্যায় পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তবে অগ্রহায়ণ মাসে ধান কাটা ও মাড়াই শুরু হলে সমস্যা কেটে যায়।জানা গেছে, এবার আলুচাষিরাও বিপাকে পড়েছেন। আলুর বাম্পার ফলন হলেও দাম না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তার ওপর আমনখেতের পরিচর্যা এবং পরিবারের সদস্যদের ভরণপোষণ —এসব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। এ সুযোগটিই কাজে লাগাচ্ছেন দাদন ব্যবসায়ীরা। তাঁরা চড়া সুদে অভাবী কৃষকদের ঋণ দিচ্ছেন।রামনাথপুরের কৃষক আবদুল আলীম (৪৮) বলেন, ‘সরকারি ব্যাংকোত হামাক ইন (ঋণ) দেয় না। দালালেরা সারা দিন ব্যাংকোত থাকে। তাই দাদনদারেরাই ভরসা।’নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাংকের ব্যবস্থাপক বলেন, সরকারিভাবে ঋণ বিতরণের নীতিমালা জটিল হওয়ায় প্রয়োজনের সময় কৃষকেরা সহজে ঋণ নিতে পারেন না। বাধ্য হয়ে তাই ধরনা দেন দাদন ব্যবসায়ীর কাছে। বর্তমানে কৃষকদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। তাঁরাও দাদনের টাকা নিতে বাধ্য হচ্ছেন।বদরগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘আমার ব্যাংকের ভেতরে দালালের কোনো স্থান নেই। তাঁরা বাইরে কিছু করে থাকলে আমাদের কোনো উপায় থাকে না।’উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘ব্যাংকগুলোয় দালালেরা দিনভর ঘুরঘুর করে, এটা সত্য। আমরা চেষ্টা করছি যাতে কৃষকেরা সরাসরি ব্যাংকে গিয়ে ঋণ নিতে পারেন। তবে ব্যাংকের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে একটু সময় লাগবে।’