বদরগঞ্জে দুই গৃহবধূ নির্যাতনের ঘটনায় হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে দুই গৃহবধূকে নির্যাতনের ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তার করতে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ দর্শাতে রুল জারি করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) স্থানীয় সালিসে অংশ নেওয়া আটজনকে ৩১ জুলাই হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন এনামুল হক, এনামুল হোসেন, আবদুর রউফ মণ্ডল, আয়নাল হক, মোজাহেদ আলী, ইলিয়াস আলী ও সেকান্দার আলী। গত ৭ জুলাই ‘সালিসে প্রকাশ্যে দুই গৃহবধূকে লাঠিপেটা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আদালতের নজরে এলে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বিষয়টি উপস্থাপন করেন। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) রুল জারি করেন। ওই প্রতিবেদনে বলা হয়, রংপুরের বদরগঞ্জ উপজেলায় গ্রাম্য সালিসে দুজন গৃহবধূর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। মাতব্বরদের নির্দেশে উপস্থিত শত শত লোকের সামনে তাঁদের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। উপজেলার রাজারামপুর কাশীগঞ্জ গ্রামে গত ২৬ জুন এ ঘটনা ঘটে।সাংবাদিকদের দোষারোপবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, গতকাল রোববার বদরগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংসদের সিরামিক কারখানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন বক্তা দাবি করেন, দুই গৃহবধূকে গ্রাম্য সালিসে নির্যাতনের ঘটনায় সাংবাদিকেরা দায়ী। তাঁরা এ ঘটনাটি ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করেছেন। ওই দুই গৃহবধূ দেহব্যবসায়ী বলেও কেউ কেউ সভায় অভিযোগ তোলেন।এ প্রসঙ্গে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোবারক আলী সরকার প্রথম আলোকে বলেন, ওই দুই মহিলা দেহব্যবসা করেন এমন প্রমাণ পাওয়া যায়নি। গ্রাম্য সালিসে অন্যায়ভাবে তাঁদের মারধর করা হয়েছে বলে তিনি মত দেন।উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেনা মো. ফেরদৌস ওই মতবিনিময় সভা আহ্বান করেন। সভায় স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও মানবাধিকার সংগঠনের নেতারা বক্তব্য দেন।স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, গ্রাম্য সালিসে গৃহবধূ নির্যাতনকারীদের শাস্তি হওয়া উচিত। তবে নিরপরাধ ব্যক্তিরা যাতে শাস্তি না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি প্রকাশিত খবরের সমালোচনা করে বলেন, সংবাদপত্রগুলো নেতিবাচক খবর বেশি ছাপায়।