বদরগঞ্জে পরিত্যক্ত অ্যাম্বুলেন্সটি ঠেলা দিয়ে চালু করতে হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের শিশুপুত্র আশিক ইমতিয়াজ (৫) গত ৩১ জানুয়ারি রাতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে পড়লে তার বাবা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক শিশুটির অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় চালক রংপুর যেতে অনীহা প্রকাশ করেন। এক পর্যায়ে ত্রুটিপূর্ণ অ্যাম্বুলেন্সটি হাসপাতাল গ্যারেজ থেকে চালক বের করে স্টার্ট (চালু) করার ব্যর্থ চেষ্টা চালান। পরে বহিরাগত কয়েকজন লোক ডেকে এনে পেছনে ঠেলাঠেলি করে অতি কষ্টে অ্যাম্বুলেন্সটি চালু করা হয়। কিন্তু রোগী নিয়ে হাসপাতাল থেকে মাত্র তিন-চার কিলোমিটার দূরে যেতে না যেতেই অ্যাম্বুলেন্সটি পথিমধ্যে বন্ধ হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও আর অ্যাম্বুলেন্স চালু করা সম্ভব হয়নি। নিরুপায় হয়ে চালক ফোন করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় ঘণ্টা দেড়েক পর অ্যাম্বুলেন্স এসে অসুস্থ শিশুটিকে নিয়ে যায়। রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ত্রুটিপূর্ণ অ্যাম্বুলেন্সটি ১৫ বছর ধরে এভাবে পড়ে আছে। রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে হাসপাতালে নতুন একটি অ্যাম্বুলেন্স সরবরাহ চেয়ে দীর্ঘ ১৫ বছরে সংশ্লিষ্ট দপ্তরে বহুবার আবেদন-নিবেদন ও চেষ্টা-তদবির চালিয়েও কোনো ফল পাননি এলাকার জনপ্রতিনিধি এবং হাসপাতাল কর্তৃপক্ষ। কবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি নতুন অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে জরুরি রোগীদের দুর্ভোগ লাঘব করবে তার নিশ্চয়তা দিতে পারছেন না দায়িত্বপ্রাপ্ত কেউই।জানা যায়, জনগুরুত্ব উপলব্ধি করে সরকার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করে। এ লক্ষ্যে ইতিমধ্যে ক্যাম্পাসে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সুরম্য হাসপাতাল ভবন নির্মাণ করা হয়েছে। গত ২৪ জানুয়ারি ওই ভবন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্ট ঠিকাদার। এখন তা শুধু আনুষ্ঠানিকতার বেড়াজালে বন্দী থেকে উদ্বোধনের অপেক্ষায়।আমরুলবাড়ি গ্রামের ভবেশ চন্দ্র রায় বলেন, ‘বাবু, মেডিকেলের দলানটি তো (নতুন ভবন) সোন্দর বানাইচে সরকার। তয় একটা নয়া গাড়ি (অ্যাম্বুলেন্স) দেয় না ক্যান। এই গাড়িটার উপর তো অসুখ এ্যাওলা মাইনসের জেবন-মরণ নির্ভার করে।’গোপীনাথপুর লালদীঘি গ্রামের ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ‘অ্যাম্বুলেন্স খারাপের কথা শুনি এক যুগ থাকি। সরকার এত টাকা অহেতুক খরচ করে অথচ আমাদের হাসপাতালে একটা নতুন অ্যাম্বুলেন্স জরুরি দরকার সেইটা কি বোঝে না।’ডাঙ্গীরপাড়া গ্রামের শিক্ষক সুবোধ চন্দ্র রায় বলেন, ‘হাসপাতালের অ্যাম্বুলেন্সটা এই ভালো, এই খারাপ থাকে। দিনে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস পাওয়া গেলেও রাতে পাওয়া যায় না।’ অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম বলেন, ‘অ্যাম্বুলেন্সটা বেশ কয়েক বছর থেকে খারাপ। এর যন্ত্রাংশ সহজে পাওয়া যায় না। মাঝেমধ্যে ঠিকঠাক করা হলেও আবার বিকল হয়ে পড়ে। ঠেলাঠেলি করে স্টার্ট দিতে হয়। আবার কখনো স্টার্টই হয় না। রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘বদরগঞ্জের লোকসংখ্যা তিন লক্ষাধিক। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স একটি। তাও আবার বিকল। বিষয়টি কাগজে-কলমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং কয়েক মাস আগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে হাসপাতালে একটি নতুন অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় গুরুত্বের কথা বলেছি। তিনি বলেছেন, দেওয়া হবে। কিন্তু কবে পাওয়া যাবে তা বুঝতে পারছি না। ’এ বিষয়ে ১ ফেব্রুয়ারি দুপুরে মুঠোফোনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের আওয়ামী লীগের মহিলা সাংসদ ফরিদা আখতারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ রকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় অবহিত করার জন্য ধন্যবাদ। বিষয়টি আমি দেখব।’উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘হাসপাতালটিতে একটা নতুন অ্যাম্বুলেন্স যে কত দরকার তা কাউকে মুখে বলে বোঝানো মুশকিল। আমি নিজেও এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাকী সরকার বলেন, ‘সরকারি বিধি মোতাবেক অ্যাম্বুলেন্সটি আট বছর ব্যবহারের পর অনেক আগে রিজেক্ট (পরিত্যক্ত) হয়েছে। হাসপাতালে একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ চেয়ে বহুবার পত্র চালাচালি এবং মাননীয় সাংসদের উপস্থিতিতে উপজেলা মাসিক সমন্বয় কমিটিতে উপস্থাপন করেছি, তবু কাজ হয়নি। হাসপাতালে সবচেয়ে এখন জরুরি প্রয়োজন একটি নতুন অ্যাম্বুলেন্স।