বদরগঞ্জে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা পাননি কার্ডধারীরা
রংপুরের বদরগঞ্জে ঈদের আগে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা পাননি আট হাজার ৪০২ জন ভাতাগ্রহীতা। এ জন্য ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।জানা যায়, উপজেলায় বয়স্ক-ভাতার কার্ডধারীর সংখ্যা পাঁচ হাজার ১৩৩ জন, বিধবা দুই হাজার ৫৫৯ জন, প্রতিবন্ধী ৫৬০ জন এবং মাতৃত্বকালীন ভাতার কার্ডধারী ১৫০ জন। প্রতি মাসে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয় ৩৫০ টাকা, অন্য ভাতাগ্রহীতাদের দেওয়া হয় ৩০০ টাকা করে।উপজেলার রামনাথপুরের মাসানডোবা গ্রামের বয়স্ক-ভাতার কার্ডধারী তোজাম্মেল হোসেন (৮৪) বলেন, ‘ঈদের আগোত টাকা না পাওয়ায় সেমাই-চিনি কিনবার পারি নাই।’বিধবা-ভাতার কার্ডধারী রামনাথপুরের মাসানডোবা গ্রামের নছিরন নেছা (৬০) বলেন, ‘টাকার জন্যে ঈদের আগোত কয়দিন ব্যাংকোত গেছনো। কইচে, টাকা বোলে আইসে নাই। ঈদের দিন মাইনসের দেওয়া সামাই খাচি।’মধুপুরের প্রতিবন্ধী মাহমুদা খাতুন (২৪) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আড়াই মাস আগে একবার টাকা পাছনো, ঈদের আগোত টাকা দিবার চাছিল, দেয় নাই। হামরা ঈদ করবার পারি নাই, তাতে কার কী আইসে যায়? গরিবের ঈদ নিয়া কাঁয়ো ভাবে না।’লোহানীপাড়ার বয়স্ক-ভাতার কার্ডধারী সমছের আলী (৮৬) বলেন, ‘চইলবার পাওনা, তা-ও কষ্ট করি ঈদের তিন দিন আগোত ব্যাংকোত গেইছেনো, বাবা। ওরা (ব্যাংকের কর্মচারী) কইচে, পরে যখন ঈদ আসপে, তখন আইসেন। এ্যালাও টাকা আইসে নাই।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ন কবীর মুঠোফোনে জানান, গত জুন মাস পর্যন্ত সব ভাতার টাকা জুলাই মাসে দেওয়া হয়েছে। সাধারণত প্রতি তিন মাস পর ভাতার টাকা দেওয়া হয়। তাই ঈদের আগে ভাতার টাকা বরাদ্দ না পাওয়ায় দেওয়া সম্ভব হয়নি।সোনালী ব্যাংক বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক রেজাউল করীম বলেন, ‘কার্ডধারীরা ঈদের আগে টাকা পেলে উপকার হতো। কিন্তু টাকা বরাদ্দ না পাওয়ায় দেওয়া সম্ভব হয়নি।’