বদরগঞ্জে ভেঙ্গেই চলছে যমুনেশ্বরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে চার দশক ধরে ভাঙছে যমুনেশ্বরী নদীর চান্দামারী থেকে সাহেবগঞ্জ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা। অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। জমিজমা, ঘরদুয়ার হারিয়ে এখন অনেকেই সর্বস্বান্ত। কয়েক শ একর আবাদি জমিও চলে গেছে নদীগর্ভে। চলতি বর্ষায় সেখানে অস্থায়ী ব্যবস্থা হিসেবে মাত্র ৬০০ মিটার নদী শাসনের ব্যবস্থা নেওয়া হলেও ভাঙন অব্যাহত রয়েছে। সরেজমিনে দেখা যায়, পানির তোড়ে ভাঙতে শুরু করেছে যমুনেশ্বরী নদী। ইতিমধ্যে লোহানীপাড়া ইউনিয়নের মাধাইখামার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি আছে শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষ। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সজীব হোসেন বলে, ‘মাঠ নাই আর হামার খেলা হয় না।’ কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, ‘চান্দামারী থেকে সাহেবগঞ্জ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার নদী চার দশক ধরে ভাঙছে। শত শত একর ফসলি জমি ও স্কুলের খেলার মাঠ গ্রাস করেছে যমুনেশ্বরী নদী।’ মাধাই খামার গ্রামের অহেদ আলী (৫৮) জানালেন, তাঁকে এখন পর্যন্ত বাড়ি পাঁচবার সরাতে হয়েছে। চার ভাইয়ের ১৫ একর আবাদি জমি ছিল। সব নদীতে চলে গেছে। এখন তাঁদের আর কোনো জমি নেই। এখন মাছ ধরে এবং দিনমজুরির কাজ করে সংসার চালান তিনি। এলাকায় তাঁর মতো আবু তাহের (৪৫), মহির উদ্দিন (২৪), নূরুল ইসলাম (৪৯), সাহেরা খাতুনসহ অসংখ্য মানুষ নদীর কারণে পথে বসেছেন। জানা গেছে, যমুনেশ্বরী নদীর গ্রাসে চলে গেছে শাহ্পাড়া, কুতুবপুরের দক্ষিণপাড়া, বালুয়াপাড়া, কাঁচাবাড়ী, বানিয়াপাড়া, পেশকারপাড়া, দালালপাড়া, সোনারপাড়া, নাপিতপাড়া, কাচারীপাড়া, নাগেরহাটসহ আরও কয়েকটি গ্রামের অসংখ্য ঘরবাড়ি। লোহানীপাড়া ইউনিয়নের নদীভাঙনের শিকার ওবাইদুল হক (৩০) জানান, তাঁদের সব জমি নদীর বুকে। বাড়ি ভেঙেছে আটবার। তিনি এখন অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন। মাধাইখামার গ্রামের আইয়ুব আলী (৪০) অভিযোগ করে বলেন, ‘নদী শাসনে অস্থায়ী বাঁধ দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। ভাঙন অব্যাহত রয়েছে।’পেশকারপাড়া গ্রামের রহিমুদ্দিন (৪০) বলেন, ‘বাহে নদীটা হামাক শ্যাষ করি দেছে। আবাদি জমি একনা আছিল সেটাও নদীর মধ্যে চলি গেইছে। এ্যালা আবাদ করবার না পারি হামরা কষ্টে আছি।’ সোনারপাড়া গ্রামের আবদুস সালাম (৩৮) বলেন, ‘বাড়ি আর কত সারাই। নেজের জমি সউগ নদীত। এ্যালা বাড়িঘর করবার হামার জাগা নাই।’নাগেরহাটের উজ্জ্বল সিংহ (৪৫) জানান, ‘তাঁর কয়েক বিঘা আবাদি জমি নদী খেয়ে ফেলেছে। এটা অব্যাহত থাকলে তাঁকে পথে বসতে হবে।’কাঁচাবাড়ি গ্রামের পরেশ রায় (৪২) বলেন, ‘বাবু বার বার নদীত বাড়ি ভাঙি যায়। নদী হামার ঘরে কমর (কোমর) ভাঙি দেছে।’লোহানীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডে প্রকল্প জমা দিয়েছি। কোনো কাজ হচ্ছে না। কয়েকটি গ্রামের অসংখ্য ঘরবাড়ি ও কয়েক শ একর আবাদি জমি ইতিমধ্যে যমুনেশ্বরী নদীতে চলে গেছে। সেখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা না হলে আমার ইউনিয়নসহ কুতুবপুর ইউনিয়নের আরও হাজার হাজার মানুষ নদীভাঙনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক ভূঁইয়া মুঠোফোনে বলেন, ‘বদরগঞ্জের মাধাইখামার গ্রামের ভাঙন রোধে ৬০০ মিটার বাঁশ বল্লি স্পার নির্মাণ করা হয়েছে। স্থায়ী নদী শাসনের জন্য ৩৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে পানি উন্নয়ন বোর্ডে ডিপিপি পাঠানো হয়েছে।’ রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, যমুনেশ্বরীর করাল গ্রাস থেকে এলাকার জমি ও ঘরবাড়ি রক্ষার জন্য তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ে ডিও লেটার দেয়াসহ দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।