বদরগঞ্জে মুরগির খামারিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ব্রয়লার জাতের মুরগির দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় খামারিরা বিপাকে পড়েছেন। মাস খানেক আগে থেকে স্থানীয় বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭৫ টাকায়। এর আগে কেজিপ্রতি বিক্রি হয়েছিল ১৪০-১৫০ টাকায়। অব্যাহত লোকসানে উপজেলার পোল্ট্রি খামারগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে।খামারমালিক সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৭৬টি পোল্ট্রি খামার রয়েছে। শিক্ষিত বেকার যুবকেরাই এসব খামার গড়ে তুলেছিলেন। তাঁদের অভিযোগ, মুরগির বাচ্চা, খাদ্য, ভ্যাকসিন ও অন্যান্য ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে; কিন্তু বাজারে মুরগির দাম কমছে। ফলে খামারে বাচ্চা পালন করে খরচও তোলা যাচ্ছে না।খামারিরা জানান, গত ঈদুল ফিতরে খামারিরা কিছুটা লাভের মুখ দেখলেও এরপর মুরগির বাজারে ধস নামতে শুরু করে। তাঁদের মতে, অ্যানথ্রাক্স-আতঙ্কে অনেকে গরুর মাংস খাওয়া ছেড়ে দিলে বাজারে মুরগির কদর বেড়ে যায়। কিন্তু অ্যানথ্রাক্স-ভীতি কমে যাওয়ায় মুরগির বাজারে ধস নামতে শুরু করে।সম্প্রতি বালুয়াভাটা গ্রামের পোল্ট্রি খামারের স্বত্বাধিকারী মাসুদ রানা জানান, ১৭ অক্টোবর একটি হ্যাচারি (বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান) থেকে তিনি এক হাজার ৮০০ মুরগির বাচ্চা কেনেন। প্রতিটি বাচ্চার দাম ছিল ৭৫ টাকা। বাচ্চা খামারে পুষে বিক্রয়যোগ্য করতে সময় লাগে কমপক্ষে ৩০ দিন। প্রতিটি বাচ্চার ৩০ দিনে খাবার লাগে আড়াই কেজি, যার দাম প্রায় ৮৫ টাকা। মাসে টিকা, ওষুধ, তুষ, শ্রমিক ও বিদ্যুতের খরচ লাগে বাচ্চাপ্রতি কমপক্ষে ২০ টাকা। কোনো সমস্যা না হলে ওই সময়ে প্রতি মুরগির ওজন দাঁড়ায় প্রায় দেড় কেজিতে। সব মিলে প্রতিটি বাচ্চা পালনে মাসে খরচ পড়ে গড়ে ১৮০ টাকা।মাসুদ রানা আরও বলেন, ‘বর্তমান বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। সে হিসাবে দেড় কেজি ওজনের একেকটি মুরগি বিক্রি করেছি ১১৩ টাকায়। এতে দেখা যায়, প্রতিটি মুরগিতে লোকসান হয়েছে প্রায় ৬৭ টাকা। এভাবে এক হাজার ৮০০ মুরগি পালন করতে মাসে খরচ পড়েছে তিন লাখ ২৪ হাজার টাকা। আর বিক্রি করে পেয়েছি দুই লাখ ৩৪ হাজার টাকা। এ অবস্থায় খামার বন্ধ রাখা ছাড়া কোনো উপায় দেখছি না।’বালুয়াভাটা গ্রামের খামারি শাহ নেওয়াজ শাহীন ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে মুরগির বাচ্চা ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় গত দুই মাসে মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ৫০ কেজির প্রতিটি বস্তায় ২০০-৩০০ টাকা করে দাম বাড়িয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন খামারি অভিযোগ করেন, প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ডিলারদের কাছ থেকে মুরগি ও খাদ্য নিলে তাঁদের কাছেই মুরগি বিক্রি করতে হয়। নইলে পরবর্তী সময়ে তাঁরা আর মুরগির বাচ্চা ও খাদ্য দেন না। এ সুযোগে খামারিদের কাছ থেকে ইচ্ছামতো দামে ডিলাররা মুরগি কিনে নিজস্ব ব্যাপারিদের (মুরগি বিক্রয়কারীদের) মাধ্যমে বাজারে বেশি দামে বিক্রি করেন। একেকজন ডিলারের নিয়ন্ত্রণে ৫০-১০০ জন মুরগি বিক্রয়কারী আছেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আবদুল মান্নান বলেন, ‘বাজারে চাহিদা না থাকায় ব্রয়লার মুরগির দাম পড়ে গেছে। পুনরায় লোকসানের আশঙ্কায় কেউ কেউ খামারে আপাতত মুরগির বাচ্চা তুলছেন না।’