বদরগঞ্জে রেললাইনের দুই ধারের গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে রেললাইনের দুই ধারে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ নির্বিচারে কাটার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক বনায়নের আওতায় সাত বছর আগে গাছগুলো লাগানো হয়েছিল। অভিযোগ রয়েছে, উপকারভোগী দলের কতিপয় সদস্য গাছগুলো কেটে সাবাড় করছেন। জানা গেছে, ‘ফরেস্ট্রি সেক্টর প্রকল্পের’ অধীনে সামাজিক বনায়নের আওতায় ২০০৩-০৪ সালে বদরগঞ্জ-শ্যামপুর রেললাইনের দুই ধারে প্রায় ১২ কিলোমিটার জায়গায় নিম, আকাশমণি, মেহগনি, ইউক্যালিপটাস, রেইনট্রিসহ বিভিন্ন জাতের কাঠের গাছ লাগানো হয়। রংপুর বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বদরগঞ্জ উপজেলার মধুপুর ও কুতুবপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনকে নিয়ে উপকারভোগী দল গঠন করে চুক্তি সাপেক্ষে ওই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু চুক্তির শর্ত ও গাছ বিক্রির নীতিমালা ভঙ্গ করে উপকারভোগী সংগঠনের কতিপয় সদস্য প্রকাশ্যে গাছগুলো কেটে সাবাড় করছেন।বন বিভাগ সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী উপকারভোগী সংগঠনের সদস্যরা গাছ দেখাশোনা ও পরিচর্যা করবেন। বড় হলে গাছ বিক্রির পর ৬৫ শতাংশ টাকা তাঁরা পাবেন। কিন্তু কোনোভাবে তাঁরা একক সিদ্ধান্তে গাছ কাটতে কিংবা বিক্রি করতে পারবেন না।কিন্তু সরেজমিনে দেখা গেছে, বদরগঞ্জের যমুনেশ্বরী রেল সেতুর কাছ থেকে আউলিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথের দুই ধারে লাগানো শতাধিক গাছ ইতিমধ্যে কেটে সাবাড় করা হয়েছে। গত ঈদের ছুটিতে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে। রেললাইনের দুই ধারে ভুটুয়ার বাজার এলাকা থেকে আউলিয়াগঞ্জ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জায়গার গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার পর অধিকাংশ গোড়া মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। যাতে সহজে কেউ বুঝতে না পারে গাছ কাটার চিহ্ন। এলাকাবাসীর অভিযোগ, গাছগুলো উপকারভোগী দলের কয়েকজন সদস্য প্রকাশ্যে কাটছেন। কেউ বাধা দিলে তাঁরা বলছেন ‘এগুলো আমাদের গাছ। আমরাই লাগিয়েছি। আমরা কাটব।’ এলাকার মমতাজ উদ্দিন (৪৬), রহমত আলী (৩৫), সিদ্দিক হোসেনসহ (৪০) অনেকে অভিযোগ করেন, ‘প্রতিদিন প্রকাশ্যে গাছ কেটে ট্রাক্টর চিহ্নযুক্ত ট্রলিতে করে বিভিন্ন স-মিলে নিয়ে বিক্রি করা হচ্ছে। বর্তমানে একেকটি গাছের দাম আনুমানিক আট থেকে ১২ হাজার টাকা হবে। ’ ভুটুয়ার বাজার উপকারভোগী দলের সভাপতি আবদুর রশিদ (৫০) বলেন, ‘কিছু গাছ ঝড়ে উপড়ে পড়েছিল। বন বিভাগকে না জানিয়ে আমরা তা কেটেছি।’ তিনি উল্টো অভিযোগ করেন, অনেকেই গাছগুলো কাটছেন। কিন্তু দোষ চাপানো হচ্ছে আমাদের ওপর।’ দক্ষিণ বাওচণ্ডী ডাঙ্গাপাড়া উপকারভোগী দলের সভাপতি ফজলুল হক স্বীকার করেন, ‘অসুখে মরে যাওয়ায় আমাদের দলের সদস্যরা কয়েকটি গাছ কেটেছেন।’ বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল বারী তালুকদার বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে রংপুর বন বিভাগ অনুমতি নিয়ে লাইনের দুই ধারে গাছ লাগিয়েছে। গাছ কাটার ব্যাপারে আমরা কিছুই জানি না।’ এ ব্যাপারে রংপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, ‘রেললাইনের ধারের গাছ কর্তনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’