বদরগঞ্জে সাংবাদিকের চেহারা-সুরত বদলে দেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের পক্ষে দুই দিন ধরে উপজেলা সদরে মাইকিং করা হয়েছে। তারপর গত বুধবার শহীদ মিনারে সভা হয়েছে। সভা থেকে প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধির চেহারা-সুরত পাল্টে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রংপুর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফরিদা আখতার ওরফে হীরার নির্দেশে এই সভা ডাকা হয়েছে বলে উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবার রহমান ওরফে হাবলু সভায় ঘোষণা করেন। এ দাবির সত্যতা জানতে গত রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাংসদ ফরিদা আখতার প্রথম আলোকে বলেন, ‘কৃষক লীগের সভাপতির সঙ্গে আমার কোনো কথা হয়নি। তাঁর ফোন নম্বর থাকলে আমি এখনই তাঁকে ফোন করে জিজ্ঞাসা করতাম। আমাকে উদ্ধৃত করে এমন মিথ্যা কথা বলা তাঁর ঠিক হয়নি।’ এর আগে ২৪ ফেব্রুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতারা মেলা উন্নয়ন কমিটির ব্যানারে শহীদ মিনারে সভা করে উপজেলার সাংবাদিকদের গাছে ঝুলিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে হত্যার হুমকি দেন। হুমকির পর ২৬ জন সাংবাদিক নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ বদরগঞ্জের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৯ মার্চ রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়। বুধবারের সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা অভিযোগ করেন, ২৪ ফেব্রুয়ারির সভায় অনেকে বক্তব্য রাখলেও শুধু ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতাদের উদ্ধৃতি দিয়ে প্রথম আলোয় খবর ও সম্পাদকীয় ছাপা হয়েছে। তাঁদের দাবি, ওই সভায় যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের কয়েকজন নেতা বক্তব্য রেখেছিলেন ব্যক্তি হিসেবে, দলের পক্ষে নয়। গত বুধবারের সভায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘আগামী শনিবারের মধ্যে প্রকাশিত খবর ও সম্পাদকীয়র জন্য ভুল স্বীকার করে পত্রিকার মাধ্যমে ক্ষমা না চাইলে রোববার থেকে বদরগঞ্জে প্রথম আলো ঢুকতে দেওয়া হবে না।’ উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবার রহমান ওরফে হাবলু বলেন, ‘গত তিন-চার বছর থেকে প্রথম আলো বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে খবর প্রকাশ করে দলকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। গত ২ ও ৩ মার্চে প্রকাশিত প্রথম আলো হাতে নিয়ে বিএনপির নেতা মওদুদ আহমদ জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশে বলেছেন, মাননীয় স্পিকার বদরগঞ্জে ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতারা ২৬ জন সাংবাদিককে মারার হুমকি দেওয়ায় সাংবাদিকেরা নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। এতেই প্রমাণিত হয়, দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে সাংবাদিক নির্যাতনের মাত্রা কতটা বেড়েছে।’ মাহবুবার রহমান বলেন, ‘যেহেতু বিষয়টি জাতীয় সংসদে আলোচিত হয়েছে, সেহেতু যাঁরা এটা লিখেছেন তাঁদের রক্ষা নেই। আমাদের এলাকার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফরিদা আখতার ওরফে হীরা আমাদের বলেছেন, আপনারা পত্রিকার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন। বাকি ব্যাপারটা আমি দেখব। সে কারণেই আমরা আজ এই প্রতিবাদ সভা করছি।’কৃষক লীগের সভাপতি বলেন, ‘যে হাত দিয়ে পত্রিকায় লিখে আওয়ামী লীগকে কলঙ্কিত করেছেন, সেই হাত দিয়ে শনিবারের মধ্যে প্রতিবাদ ছাপা না হলে রোববারের পর দেখে নেওয়া হবে।’ উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আবদুর রশিদও একই রকম বক্তব্য দেন। উপজেলা যুবলীগের সভাপতি মন্জুরুল ইসলাম বলেন, ‘শরীরে একবিন্দু রক্ত থাকতে সাংবাদিক আলতাফ হোসেন ও বাদশাহ ওসমানীর (ইনকিলাব) শেষ না দেখে আমরা ঘরে ফিরে যাব না।’পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশাহ লোহানী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা যদি ছাত্রলীগের ছেলেদের অর্ডার করি তাহলে এক দিনও বদরগঞ্জের মাটিতে থাকতে পারবেন না।’আওয়ামী লীগের নেতা আনারুল ইসলাম ওরফে কিউটিচ বলেন, ‘যেহেতু বদরগঞ্জের ছাত্রলীগের কথা সংসদে উত্থাপিত হয়েছে, সেহেতু এখন আমাদের বসে থাকা ঠিক হবে না। পত্রিকায় প্রকাশিত সংবাদের জন্য ক্ষমা না চাইলে রোববারের পর প্রথম আলোর প্রতিনিধির চেহারা-সুরত পাল্টে দেওয়া হবে। যদি দিতে না পারি তাহলে দল করব না।’উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, ‘সাংবাদিকেরা কার্ডধারী চাঁদাবাজ। গত ২৪ ফেব্রুয়ারি মেলা উন্নয়ন কমিটির সভায় আমি বক্তব্যে বলেছিলাম, আমরা যদি মনে করি তাহলে সাংবাদিকদের ধরে পিটিয়ে থানায় দিতে পারি। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখে তা করব না। আর সাংবাদিকেরা জিডি করেছেন আমরা নাকি হত্যার হুমকি দিয়েছি।’ তিনি বলেন, বদরগঞ্জ থানায় লোকসংখ্যা তিন লাখ, পুলিশ আছে মাত্র ২০ জন। আর থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ২৬ জন সাংবাদিক। ২৬ জন সাংবাদিককে এত স্বল্পসংখ্যক পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যদি নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে আমাকে বললেই আমি ছাত্রলীগের নেতা-কর্মীদের দিয়ে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করতাম।’উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর নিজে উপস্থিত হয়ে মেলা কমিটির কাছে চাঁদা দাবির অভিযোগে প্রথম আলোর প্রতিনিধি আলতাফ হোসেন ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি হাফিজ বাদশাহ ওসমানীর বিরুদ্ধে স্থানীয় থানায় মিথ্যা মামলা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মেলা ইজারাদার হেনা মো. ফেরদৌস। অথচ আলতাফ হোসেন ২৫ ডিসেম্বর ঢাকায় প্রথম আলোর সারা দেশের প্রতিনিধিদের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তিন দিন পর তিনি বদরগঞ্জে ফিরে যান।