বদরগঞ্জে ১১টার আগে যে সরকারি স্কুল খোলা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সকাল ১০টা। স্কুলে তালা ঝুলছে। উড়ছে না জাতীয় পতাকা। মাঠে আট-দশজন শিক্ষার্থী করছে ছোটাছুটি। স্কুলের পাশে চায়ের দোকানে সিডিতে চলছে ছবি। ১৫-২০ জন শিক্ষার্থী বই হাতে নিয়ে দোকানে ছবি দেখছে। সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান করার পরও শিক্ষকেরা বিদ্যালয়ে আসেননি। কখন স্কুল ঘর খোলা হবে জানেন না কেউই। উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ১০ কিলোমিটার দূরে ১১ জানুয়ারি সকাল ১০টায় রংপুরের বদরগঞ্জ উপজেলার মানসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্রই দেখা যায়।স্কুলের সামনে এ প্রতিনিধিকে দেখে বই হাতে নিয়ে ছবি দেখা ছেড়ে চায়ের দোকান থেকে বেড়িয়ে আসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রুখসানা, ইয়াছিন, মুকুল ও দ্বিতীয় শ্রেণীর মোকছেদুল হক। পঞ্চম শ্রেণীর রুকসানা খাতুন বলে, ‘আপারা এ্যালাও (এখনো) আইসে নাই। সেই জন্যে দোকানোত ছবি দ্যাখোচি।’ আরেক ছাত্র ইয়াছিন বলে, ‘ক্লাস বাদ দিয়া দোকানোত ছবি দেখি না। আপারা না আইসা পর্যন্ত দেখি। ঠান্ডাত, আপারা দেরি করি আইসে।’ প্রথম শ্রেণীর ছাত্রী আদরী বানু বলে, ‘আপারা আইসে নাই। (ঠান্ডা) নাগোচে, বাড়িত যাইম।’এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন সরদার বলেন, ‘স্কুলের পাশে দুটি চায়ের দোকান রয়েছে। দোকানে বেচাবিক্রির পাশাপাশি চলে দিনরাত সিডি। ছাত্রছাত্রীরা স্কুলে এসে লেখাপড়া বাদ দিয়ে দোকানে সিডি দেখে। এতে পড়াশোনায় সমস্যা হয়। এলাকাবাসীর চাপাচাপির কারণে একজন দোকানদার স্কুল সময় সিডি বন্ধ করে রাখলেও অন্যজন কথা শোনে না।’অভিভাবক সরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘স্যারেরা কোনো দিন ১১টার আগোত স্কুলোত আইসে না। কইলে (বললে) কয় (বলে) ঠান্ডাত আইসেন কেমন করি। স্কুলে বাচ্চাদের লেখাপড়াও ঠিক মত হয় না। ঠিক একই অভিযোগ করেন এলাকার মোরশেদুল ও সাইফুল ইসলাম।’জানা যায়, ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন মহিলা শিক্ষক আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষক লায়লা বেগম ও সহকারী শিক্ষিকা পপি থাকেন উপজেলা সদরে। জেসমিন বেগম নামে আরেকজন শিক্ষক বিদ্যালয়ে আসেন রংপুর শহর থেকে। বিদ্যালয় থেকে রংপুর শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়ায় শিক্ষা কর্মকর্তারা সাধারণত বিদ্যালয়টি পরিদর্শনে যান না। এ সুযোগে শিক্ষকেরা ইচ্ছেমতো স্কুল করেন।অভিভাবক আব্দুল বাতেন অভিযোগ করেন, ‘শিক্ষকেরা প্রতিদিন ১১টার পর এসে স্কুল খোলেন, চলে যান তিনটার আগে। তাঁরা দেরিতে এসে তড়িঘড়ি করে কক্ষের তালা খুলে বসে পড়েন। এ কারণে নিয়মিত স্কুলে জাতীয় সংগীতও হয় না। এতে শিশুদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।’ নিয়মিত জাতীয় সংগীত না হওয়ার অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে কথা হয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি অফিসিয়াল কাজে উপজেলা পরিষদে এসেছি। অন্য শিক্ষকেরা স্কুলে যাওয়ার কথা। কেন সাড়ে ১১টা পর্যন্ত স্কুল খোলা হয়নি তা দেখব। স্কুলের সময় সিডি বন্ধ করার জন্য বলা হলেও একজন দোকানদার তা মানছেন না।উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতারী পারভীন বলেন, ‘শিক্ষকদের অনুপস্থিত থাকার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’