বদরগঞ্জে ২২ বছর ধরে পরিত্যক্ত ‘মিনি হ্যাচারি’
রংপুরের বদরগঞ্জে ২২ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মিনি হ্যাচারি নামের একটি প্রকল্প। পাঁচটি পুকুর পানিশূন্য। পুকুরের মাটি ফেটে চৌচির। এরই মধ্যে চুরি হয়েছে হ্যাচারির ট্যাঙ্কের ঢেউটিন, কাঠ ও অন্যান্য যন্ত্রাংশ। অরক্ষিত পড়ে আছে প্রকল্পের সবকিছুই।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে তত্কালীন উপজেলা চেয়ারম্যানের আমলে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয় মিনি হ্যাচারি প্রকল্পটি। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নের শুরুতেই ছিল পরিকল্পনার অভাব। মাটির পানি ধারণক্ষমতা যাচাই না করে মাছের পোনা প্রজননের জন্য পুকুরগুলো খনন করা হয়। এ কারণে পুকুরে পানি থাকে না। তখন থেকে হ্যাচারিটি কোনো কাজে আসছে না। এখন ওই হ্যাচারি উপজেলা চত্বরের সৌন্দর্য নষ্ট করছে। প্রকল্প শুরুর প্রথম থেকে বর্ষা মৌসুমে বড় পুকুরে সামান্য পরিমাণে মাছ চাষ করা গেলেও অন্য পুকুরগুলোতে পোনা প্রজনন সম্ভব হয়নি।সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত থাকায় অরক্ষিত হ্যাচারির পানি উত্তোলনের বিশাল ট্যাঙ্কের ওপরের ঢেউটিন চোরেরা খুলে নিয়েছে। মাছের পোনা প্রজননের যন্ত্রাংশগুলোও চুরি হয়েছে। শেডের ভেতর স্টিলের ও সিমেন্টের তৈরি বোতল নষ্ট হচ্ছে। টিনশেডের ভেতর এখন ময়লা-আবর্জনা রাখার ভাগাড়। একটি অক্সিজেন সিলিন্ডার ছিল, সেটিও সরিয়ে নেওয়া হয় অন্যত্র। একজন কর্মচারী ছিলেন, তাঁকেও স্থানান্তর করা হয় রংপুর সদরে। কৃত্রিম পানি সরবরাহের জন্য গভীর নলকূপ থাকলেও তা দিয়ে এখন উপজেলা পরিষদের ভবনগুলোতে পানি সরবরাহ করা হচ্ছে।উপজেলা মৎস্য অফিস জানায়, আগে হ্যাচারি রক্ষণাবেক্ষণের জন্য টাকা বরাদ্দ ছিল, এখন তা নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রকল্পটি কী করবে তার সিদ্ধান্ত নেই। ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ।এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানুর আলম জানান, স্থান বাছাই ঠিক হয়নি। হ্যাচারির জন্য স্থানটি উপযোগী নয়। কারণ, বর্ষা মৌসুম ছাড়া পুকুরে পানি থাকে না। পরিত্যক্ত হ্যাচারির ট্যাঙ্কের ঢেউটিন ও অন্যান্য যন্ত্রাংশ চুরির কথা তিনি স্বীকার করেছেন।