বদরগঞ্জের আটটি নদী মরে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের যমুনেশ্বরী ও চিকলী নদীতে একসময় বড় বড় পালতোলা নৌকা চলত। এই নদীপথে দক্ষিণাঞ্চল থেকে ব্যবসায়ীরা আসতেন উত্তরের এ অঞ্চলে। আজ এ নদী দুটির বুক বালুচরে ভরা। ঠিক একই দশা উপজেলার বুক চিরে বয়ে যাওয়া আরও ছয়টি নদীর। এ কারণে নদীর তীরবর্তী এলাকার প্রায় দশ হাজার হেক্টর জমিতে দেখা দিয়েছে সেচসংকট। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নদীগুলোর চর দখল করে চাষাবাদ করছেন।জানা গেছে, উপজেলার বুক চিরে বয়ে গেছে যমুনেশ্বরী, চিকলীসহ করতোয়া, ঘৃণই, বুড়িতিস্তা, কাটগড়ী, গড়ডাঙ্গি ও খারুভাঁজ নদী। এসব নদীর তীরবর্তী গ্রামবাসী জানান, একসময় নদীগুলোতে সারা বছর পানি থাকত। এ পানি দিয়ে চলত নিয়মিত চাষাবাদ। অনেকে নদীর পানি পানও করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ খনন না করায় এখন এগুলোর তলদেশে পলি ও বালু জমে ভরাট হয়ে গেছে। পানি না থাকায় নদীর ওপর নির্ভরশীল মৎস্যজীবীরা মানবেতর জীবন যাপন করছেন।উপজেলার কাঁচাবাড়ী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কবি আবুল কাশেম সরকার (৬৫) বলেন, বছর ত্রিশেক আগেও প্রমত্তা যমুনেশ্বরী ও চিকলী নদীতে পালতোলা নৌকা চোখে পড়ত। নৌকার পালে বাতাস না লাগলে মোটা রশি লাগিয়ে পাড় দিয়ে ১৫-২০ জন মানুষ নৌকা টেনে উজানে যেত। তা ছাড়া নৌকার গুন টানার সময় গুণীনদের সমোচ্চারিত ‘হেঁ-ই-য়ো হেঁ-ই-য়ো’ শব্দে নদীর তীর যেন জেগে উঠত। তখনকার নদীর দৃশ্য এখনো স্মৃতিতে ভাসে।উপজেলার চিকলী নদীর তীরবর্তী আমরুলবাড়ী চটকুপাড়া গ্রামের ব্যবসায়ী জহুরুল হক (৫০) বলেন, চিকলী নদীতে বাদিয়া ও ডুমরের কুড়া নামে দুটি কুড়া (অত্যন্ত গভীর খাদ) ছিল। এই কুড়ায় ছিল বড় বড় মাছ। সুদূর কলকাতা থেকে লোকজন আসত কুড়ায় মাছ শিকার করতে। আর এখন নদী তো দূরের কথা, কুড়াতেও পানি নেই।যমুনেশ্বরী নদীর তীরবর্তী উপজেলার চান্দামারী মাঝিপাড়ার ভূমিহীন মানিকচন্দ্র অভিযোগ করেন, ‘তালেবাররা (স্থানীয় বিত্তশালীরা) যমুনা নদী দকল করি আবাদ করোচে। হামাক চাজে (চান্স) দ্যায় না।’ঘৃণই নদীর তীরের জেলেপাড়া গ্রামের মৎস্যজীবী দেবদাস রায় (৩৫) বলেন, ‘হামার চৌদ্দ গোষ্ঠী মাছ মারি ব্যাচে (বিক্রি) খায়া মরি গেইচে। আর হামরা এ্যালা ইসকা চলে খাওচি। কারণ নদীত পানি নাই। গেরামের সবায় এ্যালা মাছ মারা পেশা ছাড়ি অন্য কামকাজ করি খাওচে।’ঘৃণই নদীর বিষ্ণুপুর গ্রামের আবদুস সালাম (৪৫) বলেন, ঘৃণই নদীর চর দখলের প্রতিযোগিতা চলছে। প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতার দাপটে চরগুলো দখল করে নিয়েছে। কেউ কেউ নদীর বিঘাকে বিঘা চর নিজের সম্পত্তি বলে দাবি করছেন। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে দুস্থ ও অসহায় কৃষকেরা চরে আবাদ করার সাহস পান না।অভিযোগ রয়েছে, যমুনেশ্বরী নদীর পার্শ্ববর্তী কুতুবপুর এলাকায় কয়েক একর চর দখল করে নিয়েছেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আওয়ামী লীগের নেতা উজ্জ্বল সিংহ, বাবু সিংহ, সাহেবগঞ্জের প্রভাবশালী ব্যক্তি গোলজার হোসেন, আবদুল হাকিম, নির্মল সিংহ, আবদুল হালিম, তোফাজ্জল হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হরিপদ রায়, সাব্বাস আলী, মনোয়ার হোসেন, ফুলু মিয়া, জয়নাল আবেদিনসহ অনেকে। তবে আওয়ামী লীগের নেতা আবুল কালাম চর দখলের অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে আওয়ামী লীগের নেতা আবুল কালামের নদী দখল সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিউক চৌধুরী বলেন, ‘যতদূর জানি, তিনি দীর্ঘদিন ধরে ওই নদীর চরে আবাদ করছেন। এ চরে তাঁর বাপ-দাদারাও আবাদ করেছেন।’চিকলী নদীর চম্পাতলী নামক স্থানে তালুকদামোদরপুর গ্রামের প্রভাবশালী ব্যক্তি আবুল হোসেন একাই অন্তত ২০ একর চর দখল করে তা বিভিন্ন ব্যক্তির কাছে ঠিকা দিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, ঠিকাগ্রহীতারা সেখানে তামাক, মিষ্টি আলু, গম ও বোরো চাষ করেছেন। ঠিকাগ্রহীতা মনজুর আলী বলেন, ‘নদীর জমি খাস। বড়লোকেরা টাকা আর ক্ষেমতার জোরে নদী দকল করি তাক হামাক ঠিকা দেছে। মুই ৬০ শতক ঠিকা নিয়া ধান নাগাছু। ধান তুলি আদেক (অর্ধেক) মহাজনোক (আবুল হোসেনকে) দিবার নাগবে।’আবুল হোসেন বলেন, ‘আমি অনেক কষ্ট করে ১৫ একর নদীর চর কিনেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নদীর চর হলেও ওই সম্পত্তি ব্যক্তিগত ছিল।রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টের পশ্চিম-উত্তর কোণে ভারত-মহানন্দা নদীর ওপর বিশাল বাঁধ ও ব্যারেজ নির্মাণ করা হয়েছে। এই ব্যারেজ নির্মাণের পর থেকে রংপুর-দিনাজপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আর সব নদীর মতো বদরগঞ্জের নদীগুলোও শুকিয়ে গেছে।বদরগঞ্জ কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, নদীতে পানি না থাকায় ভূগর্ভস্থ পানির ওপর কৃষকের সেচ নির্ভরশীল হয়ে পড়েছে। আবার অতিরিক্ত পানি তোলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নামছে। এ কারণে বৈদ্যুতিক মোটর কিংবা শ্যালো মেশিনেও ঠিকমতো পানি ওঠে না।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, অনতিবিলম্বে এসব নদী-নালা, খাল-বিলের সংস্কার করা দরকার।রংপুর-২ (দরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল মুঠোফোনে জানান, ‘চিকলী ও যমুনেশ্বরী নদী খনন করার জন্য ডিও লেটার দিয়েছি। এখন তা একনেকে অনুমোদন হওয়ার অপেক্ষায় রয়েছে।’