বদরগঞ্জের ওসিসহ আটজনকে ৩১ জুলাই হাইকোর্টে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে দুই গৃহবধূকে নির্যাতনের ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩১ জুলাই তাঁদের সশরীরে হাজির হতে বলা হয়েছে।অন্যরা হলেন—এনামুল হক, এনামুল হোসেন, আবদুর রউফ মণ্ডল, আয়নাল হক, মোজাহেদ আলী, ইলিয়াস আলী ও সেকান্দার আলী। একই সঙ্গে ওই ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থতার বিষয়ে কারণ দর্শাতে রুল জারি করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ রোববার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।প্রসঙ্গত, গত ৭ জুলাই ‘সালিসে প্রকাশ্যে দুই গৃহবধূকে লাঠিপেটা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আদালতের নজরে এলে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বিষয়টি আদালতে উপস্থাপন করেন। আদালত রুল জারি করেন। প্রতিবেদনে বলা হয়, রংপুরের বদরগঞ্জ উপজেলায় গ্রাম্য সালিসে দুজন গৃহবধূর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। মাতবরদের নির্দেশে উপস্থিত শত শত লোকের সামনে তাঁদের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। উপজেলার রাজারামপুর কাশীগঞ্জ গ্রামে গত ২৬ জুন ঘটে এ ঘটনা।