বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বদরুন্নেসা সরকারি কলেজে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে। কলেজের হোস্টেলে নতুন ছাত্রীর বসবাসের ব্যবস্থা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশা অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র এ কথা জানায়। ছাত্রলীগের বদরুন্নেসা কলেজ শাখার সভাপতি নাসরিন সুলতানা ওরফে ঝরা বলেছেন, তিনি কলেজের গার্হস্থ্য অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্রী মনিরাকে কলেজের স্থায়ী ছাত্রী হোস্টেলের ৪০১ নম্বর কক্ষে পাঠান। ওই কক্ষে ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রেহানা বেগম ওরফে আশা থাকতেন। ঝরা দাবি করেছেন, আশা মনিরাকে মারধর করে রুম থেকে বের করে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।এদিকে কলেজের অধ্যক্ষ মেরিনা জাহান বলেন, হলের সিট বরাদ্দ নয়, অন্তর্কোন্দলের জন্যই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।