বদলগাছিতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
নওগাঁর বদলগাছি উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উপজেলা সদরে আজ বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন আখতার জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ সকাল ১০টা থেকে উপজেলা সদরের সব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা ছাত্রদলের সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের পক্ষের লোকজন স্থানীয় মহিলা কলেজ মাঠে কর্মী সমাবেশ করার প্রস্তুতি নেয়। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের লোকজন সেখানে বাধার সৃষ্টি করে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বদলগাছি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ইউএনওর নির্দেশে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে।প্রসঙ্গত, উভয় পক্ষ উপজেলার স্টেডিয়াম মাঠে একই সময়ে কর্মী সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। কিন্তু একই মাঠে একসঙ্গে দুই পক্ষের সমাবেশ আহ্বান করায় উপজেলা প্রশাসন ওই মাঠে সব ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে গতকাল মঙ্গলবার বিকেলে সেখানে পুলিশ মোতায়েন করে।