ওসামা বিন লাদেন মার্কিন অভিযানে নিহত হয়েছেন। আল-কায়েদা এ খবর নিশ্চিত করে হুংকার দিয়েছে, তারা এ হত্যার বদলা নেবে; তখন মার্কিনদের এ বিজয়োল্লাস শোকে পরিণত হবে।বিবিসি জানায়, জিহাদি ওয়েবসাইটগুলোর ওপর নজরদারি করে থাকে এমন একটি মার্কিন সংস্থা বলছে, ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর আল-কায়েদা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। আল-কায়েদা নেতাদের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি বার্তা এখন বিভিন্ন জিহাদি ওয়েবসাইটে দেখা যাচ্ছে। বার্তাটি ৩ মের।বার্তা সংস্থা এএফপি ও এপি জানায়, আল-কায়েদার সমর্থক বিভিন্ন জিহাদি সংগঠনের ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে ওসামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত মঙ্গলবার ওই সব বিবৃতি প্রকাশ করা হয়। তবে এর যথার্থতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আল-কায়েদা আগেও ওই সব সাইটে তাদের বক্তব্য-বিবৃতি প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়, মহান আল্লাহ ওসামার ওপর শান্তি বর্ষণ করুন। তাঁর রক্তের মূল্য আমাদের এবং সমগ্র মুসলিম জাতির কাছে অনেক মূল্যবান। এই রক্ত বৃথা যেতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহর ইচ্ছায় আমেরিকান ও তাদের দোসরদের অভিশাপ তাড়া করে ফিরবে ঘরে-বাইরে। তাদের সুখ পরিণত হবে বিষাদে। তাদের রক্ত অশ্রু হয়ে ঝরবে। নিজের মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনাশ হয়ে যাবে এমন সংগঠন গড়েননি ওসামা।বিবৃতিতে পাকিস্তানি মুসলমানদের জেগে ওঠার এবং বিদ্রোহ করার আহ্বান জানানো হয়। ওসামা বিন লাদেনের মৃত্যুর এক সপ্তাহ আগে ধারণ করা একটি অডিও বার্তা শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়।হামলার পরিকল্পনা: টুইন টাওয়ারে হামলার ১০ বছর পূর্তির দিন যুক্তরাষ্ট্রে আবার হামলার পরিকল্পনা আঁটছিল আল-কায়েদা। পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের গোপন আস্তানা থেকে পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে এ কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ দেশের নিরাপত্তা বাহিনীকে জানায়, নাইন-ইলেভেনের ১০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের রেলযোগাযোগ-ব্যবস্থায় হামলার জন্য আল-কায়েদা ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে পরিকল্পনা শুরু করে।ওই সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-কায়েদার পরিকল্পনা ছিল, রেললাইন ক্ষতিগ্রস্ত করে একটি ট্রেনকে লাইনচ্যুত করে কোনো সেতু বা খাড়া উপত্যকা থেকে নিচে ফেলা দেওয়া।অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের মুখপাত্র ম্যাথু চ্যান্ডলার বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারির পর আল-কায়েদা এ পরিকল্পনা নিয়ে কত দূর অগ্রসর হয়েছিল, তা ঠিক জানা যায়নি। তার পরও মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।সিআইএর নজরদারি: মার্কিন কর্মকর্তারা জানান, লাদেন যে বাড়িতে আস্তানা গেড়েছিলেন, তার পাশের একটি বাড়িতে নিরাপদ ঘাঁটি গেড়ে সিআইএর এজেন্টরা দীর্ঘদিন ওসামার অবস্থানের ওপর নজর রেখেছিলেন। মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ওই বাড়িতে অবস্থান নিয়ে খুব কাছ থেকে ওসামার অবস্থান সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য তাঁরা পেয়ে যান।কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, সিআইএর এজেন্টরা ওই বাড়িতে অবস্থান নিয়ে ওসামার বাড়িটির ওপর নজর রাখতে শুরু করেন। টানা কয়েক মাস এ কাজ চলে। ওই বাড়িতে কারা আসা-যাওয়া করে, তাও নজরদারি করা হয়, তাদের ছবি নেওয়া হয়।নজরদারির জন্য সিআইএর কর্মকর্তারা অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করেন। টেলিফটো লেন্সযুক্ত ক্যামেরা এবং ইনফ্রারেড ইমেজিং যন্ত্রপাতি ব্যবহার করা হয়। দূর থেকেও বাড়ির ভেতরের মানুষের কথাবার্তা শোনা এবং সেখানকার লোকজনের মোবাইল ফোনে আড়িপাতার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এ ছাড়া উপগ্রহের মাধ্যমে বাড়িটির ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার গোপন কোনো পথ আছে কি না, সেটাও পর্যালোচনা করে দেখা হয়। সিআইয়ের এই তথ্য পাকিস্তানি গোয়েন্দা বাহিনীকে আবারও বিব্রতকর অবস্থায় ফেলবে সন্দেহ নেই।এদিকে, সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ডন নিউজ গতকাল জানায়, অ্যাবোটাবাদের যে বাড়িটি থেকে সিআইএ ওসামার আস্তানার ওপর নজরদারি করেছিল, তা চিহ্নিত করা হয়েছে। সিআইএ ওই বাড়িটি ভাড়া নিলেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তা জানত না।সূত্র: এএফপি, রয়টার্স, বিবিসি।