বদলাতে বদলাতে এখন রিকশার গ্যারেজ
নামেই কলেজ, আসলে রিকশা গ্যারেজ। সরকারি দলের স্থানীয় নেতারা কলেজকে গ্যারেজ বানিয়ে এখান থেকে মাসে আয় করছেন কয়েক লাখ টাকা।জোট সরকারের আমলে জিয়াউর রহমানের নাম ব্যবহার করে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় বিতর্কিত জমিতে কলেজটি নির্মাণ করা হয়েছিল।শিকদার মেডিকেল কলেজ ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মাঝ বরাবর পূর্ব দিকের রাস্তার পাশে প্রায় দুই একর জায়গায় সীমানাদেয়াল দিয়ে কলেজের একটি একতলা ভবন নির্মাণ হয় প্রায় পাঁচ বছর আগে।সে সময় এর নাম ছিল ‘শহীদ জিয়াউর রহমান কলেজ’। ক্ষমতা পরিবর্তনের পর নাম পাল্টে এখন করা হয়েছে ‘রায়েরবাজার মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ’।কিন্তু সেখানে কলেজ বা শিক্ষাদানের কোনো চিহ্নই নেই। সরেজমিনে গিয়ে দেখা গেল, ছাত্রছাত্রী নেই, কলেজের কক্ষে কোনো বেঞ্চ বা চেয়ার-টেবিলও নেই। পুরো চত্বরে থাকে শত শত রিকশা। কিছু ভ্যানগাড়িও রয়েছে। কয়েকজন রিকশাওয়ালা জানান, ভোরবেলা এলে রিকশার ভিড়ে ভেতরে ঢোকাই যাবে না। এখান থেকে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার টাকা রোজগার হয়।খোঁজ নিয়ে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের ৪৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রফিক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এখানে রিকশার গ্যারেজ তৈরি করেছেন।মো. রফিককে কলেজ এলাকায়ই পাওয়া গেল। তিনি বললেন, ‘কে বা কারা কলেজের নাম পাল্টেছে, তা আমরা জানি না।’ শিক্ষার পরিবর্তে কলেজ এলাকাকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে কেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘জায়গাটা খালি পড়ে ছিল। এখন রিকশাওয়ালা ও মহাজনদের সুবিধায় গ্যারেজ করা হয়েছে। আমরাও দুই পয়সা পাচ্ছি। এতে অন্যায় কোথায়।’মো. রফিক স্বীকার করেন, এখানে একেকটি রিকশা থেকে প্রতিদিন ৭০ টাকা করে নেওয়া হয়। তবে কয়েকজন রিকশাচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১০০ টাকার কমে গ্যারেজে রিকশা রাখা অসম্ভব।এই গ্যারেজের জন্য ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যায়। এ নিয়ে জানতে চাইলে মো. রফিক কোনো উত্তর না দিয়ে কেবল জানান, ভবিষ্যতে কলেজ চালু হলে তাঁরা জায়গা ছেড়ে দেবেন।কলেজটি নির্মিত হওয়ার সময় সীমানাদেয়ালের মাঝ বরাবর তৈরি ফটকের ওপরের সাইনবোর্ডে ‘দেশনেত্রী সোসাইটি’ নাম বসানো হয়েছিল। এখনো এটি রয়ে গেছে। কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে আগে উল্লেখ ছিল এলাকার সাবেক সাংসদ খন্দকার মাহবুব উদ্দিনের নাম। এর উল্লেখ এখন আর নেই। ডিসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের বিএনপির কমিশনার জসিম উদ্দিন মাহমুদ এই কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।২০০৫ সালে কলেজ নির্মাণের জন্য বেড়িবাঁধের পূর্ব পাশে ১৫ কাঠা জায়গায় মাটি ভরাট করা হয় এবং ক্লাস করার জন্য তৈরি করা হয় চারটি কক্ষ। তবে কোনো ক্লাসই চালু হয়নি। ওই সময়ে চারপাশে সীমানাদেয়ালও দেওয়া হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি কক্ষে ‘নবোদয়’ নামের একটি সংগীত সংগঠন সংগীতবিষয়ক ক্লাস চালু করেছিল। এটিও এখন আর নেই।তৈরি শ্রেণীকক্ষগুলোয় এখন কয়েকটি পরিবার বসবাস করে। গ্যারেজ পরিচালনাকারীরা জানান, তাঁদের বিনা ভাড়ায় এখানে থাকতে দেওয়া হয়েছে। তবে যাঁরা বসবাস করেন, তাঁরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। সীমানার ভেতরেই কাঁচা ঘর তৈরি করা হয়েছে। সেখানেও কিছু পরিবার থাকে। গোয়ালঘরও রয়েছে। ঘুরে বেড়াচ্ছে গরু।এদিকে এই জায়গা নিয়েও বিতর্ক রয়েছে। মো. রফিক জানান, রায়েরবাজার পাল সমিতি ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই জায়গা দেওয়া হয়েছে। জায়গাটি রাজমসুরী মৌজার ১২ নম্বর দাগে অবস্থিত। রায়েরবাজার পাল সমিতি ট্রাস্টি বোর্ডের অন্যতম নেতা সুখেন পাল কয়েক দিন আগে জানান, জায়গাটি ট্রাস্টির। এ নিয়ে কোনো বিরোধ নেই।তবে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, বেড়িবাঁধ তৈরির আগে এখানে প্রচুর জায়গা অধিগ্রহণ করা হয়েছিল। বেড়িবাঁধের ওপর স্থাপিত সড়ক ভবিষ্যতে চওড়া করার জন্য কিছু জায়গাও রাখা হয়েছিল। কলেজের জায়গাটি সে অংশে পড়েছে।