বদলাতে হবে বাফুফেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের কাছে বাংলাদেশের ফুটবল কী চাইতে পারে? ... চাইতে পারে অনেক কিছু। কিন্তু চাইলেই তো হবে না। চাওয়া পূরণ হওয়ার মতো অবস্থা আছে কি না, সেটি দেখা উচিত। না, সেই অনুকূল অবস্থা নেই। কাজেই বেশি কিছু প্রত্যাশা না করাই ভালো!এটা হয় নাকি! নতুন বছরে কিছু হোক না-হোক, চাইতে তো দোষ নেই। তাই ২০১১ সালের কাছে কিছু নিবেদন রাখতেই পারে বাংলাদেশের ফুটবল। সেগুলো পূরণ হলে ভালো, না হলেও হতাশার কিছু নেই। কারণ, আশা-ভঙ্গের সঙ্গে তো খুব ভালোভাবে পরিচিত এ দেশের ফুটবল!নতুন বছরে ঘরোয়া ফুটবলে কী কী আছে? এখন চলছে পেশাদার লিগ, সুপার কাপ করার ঘোষণা আছে। একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করার কথা বলা হচ্ছে। এর বাইরে আর কী হবে বছরজুড়ে, বাফুফের কর্মকর্তারাই বলতে পারবেন না!আন্তর্জাতিক আয়োজন এখন পর্যন্ত দুটি আছে। ২৩ ফেব্রুয়ারি ও ৯ মার্চ প্রি-অলিম্পিকে কুয়েতের সঙ্গে দুটি ম্যাচ আছে জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের। মার্চে জাতীয় দলের এএফসি চ্যালেঞ্জ কাপ। কুয়েতের সঙ্গে সম্মানজনক পরাজয়ই কাম্য। তবে চ্যালেঞ্জ কাপের শিরোপা নির্ধারণী চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো যাওয়া উচিত বাংলাদেশের। নতুন বছরে ফুটবলে এটিই বড় প্রত্যাশা।টিভি সাক্ষাৎকারে সাবেক খেলোয়াড় ও কোচ শফিকুল ইসলাম সেদিন বলছিলেন, ঘরোয়া আয়োজন বড় বিষয় নয়, যেতে হবে তৃণমূলে। তৃণমূলে উন্নতি হলেই দেশের ফুটবল এগোচ্ছে বলা যাবে। কথাটা এক শ ভাগ ঠিক। সালাউদ্দিন-যুগে পেশাদার ফুটবল লিগ, ফেডারেশন কাপ নিয়মিত হচ্ছে ঠিকই, কিন্তু তৃণমূলের ফুটবল উপেক্ষিত।একটা করে সুপার কাপ ও ক্লাব কাপ হয়েছে বর্তমান কমিটির সময়। ঐতিহ্য রক্ষা করে এগুলো থমকেও গেছে। মোটা অঙ্কের টাকা খরচে এসব টুর্নামেন্ট করে ফুটবলের কী উন্নতি হয়েছে, এটা বড় প্রশ্ন। হ্যাঁঁ, এগুলোর দরকার আছে। কিন্তু তৃণমূল পর্যায়ে পরিকল্পিত কর্মসূচি কেথায়? স্কুল ফুটবল কিংবা পাইওনিয়ারে খেলে কিশোরা কোথায় যাবে, কী আছে তাদের সামনে? এসব প্রশ্নের জবাব নেই।বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠে ফিফার দেওয়া কৃত্রিম অ্যাস্ট্রোটার্ফ চার বছরেও বসানো যায়নি। এক বছর ধরে সরঞ্জাম এনে ভবনের নিচে ফেলে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা টার্ফ বসাতে দিচ্ছে না, বলছে বাফুফে। কিন্তু এ কথা বলে আর কত দিন ঝুলিয়ে রাখা হবে বিষয়টা? বাফুফের সভা করে টার্ফ বসানোর অনুমোদন নেওয়ার কথা মাস খানেক আগে বলেছিলেন সালাউদ্দিন, সেই সভাও হয় না! নতুন বছরে অন্তত এ সভাটা হোক!যেখানে নিয়মিত সভাই হয় না, বাফুফের কাছে প্রত্যাশার সীমারেখা টেনে ধরাই বুদ্ধিমানের কাজ। এই প্রতিষ্ঠান তো এখন দিন এনে দিন খাওয়ার মতো চলছে। খরচ বেড়েছে, আয় নেই। কোচ-বেতনভুক্ত কর্মীদের বেতন-ভাতার পেছনে বড় অঙ্ক চলে যাচ্ছে। বাফুফের আর্থিক সংকট এমনই যে ফেডারেশনেরই কোনো একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে ঠেকার কাজ চালানো হয়েছে কিছুদিন আগে! বাফুফের জন্য সম্প্রতি স্পন্সর এনেছেন মহসিন নামের এক কর্মী! যাঁর পরিচয় জাতীয় দলের কোচিং স্টাফ এবং কোচের গাড়ি চালান তিনি! বাফুফের বিপণন বিভাগ থাকলে মহসিনের সাহায্য নেওয়ার দরকার পড়ত না।একসঙ্গে কাজ করা, টিমওয়ার্ক, পারস্পরিক যোগাযোগ—এসবও কী আছে? সাবেক একঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে যাত্রা করা বাফুফে হতাশই করছে, কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে—প্রায়ই শোনা যায় এমন খবর। সভাপতির পর সবচেয়ে বেশি দায়িত্ব যাঁর, সেই সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে ফেডারেশনে তেমন একটা দেখা যায় না। তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব তাঁর কাঁধে। ফুটবলে মুর্শেদীর সম্পৃক্ততা আরও বেশি করে চান সংশ্লিষ্টরা। অন্যান্য কর্মকর্তাও যে নিজ উদ্যোগে কিছু করবেন, সেটিও লক্ষণীয় নয়। সব দায়িত্ব যেন সভাপতির!শোনা যাচ্ছে, আগামী নির্বাচন সামনে রেখে কে কোন গ্রুপে যাবেন, সেই হিসাব-নিকাশ এখনই শুরু হয়েছে! সালাউদ্দিন অন্যদের কাছ থেকে সহযোগিতা পান না বলেও গুঞ্জন। ভেতরের অবস্থা যা-ই থাকুক, সতীর্থদের সঙ্গে সভাপতির দূরত্ব কমে আসুক, ফুটবলের স্বার্থেই নতুন বছরে এ প্রত্যাশা।সবচেয়ে বড় চাওয়ার নাম তৃণমূলের ফুটবল। তিন-চার বছর ধরে বাক্সবন্দী হয়ে থাকা দ্বিতীয়-তৃতীয় বিভাগ শুরু হোক। পাইওনিয়ার ও স্কুল ফুটবল অনেক দেরিতে হলেও বিদায়ী বছরের শেষ লগ্নে বাক্স থেকে বেরিয়েছে। ফুটবল অঙ্গন চাইছে এগুলোর ধারাবাহিকতা। এই আয়োজনগুলো যাতে বাজে মাঠে না হয়, সেদিকটিও বাফুফের দেখা উচিত।তাকাতে হবে ঢাকার বাইরেও। কোথায় লিগ হলো, কি হলো না, সে খোঁজও বাফুফে রাখে না! জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ঠুঁটো জগন্নাথ। পেশাদার লিগের ব্যবস্থাপনা, মাঠ সংস্কার, ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এগুলো ঠিক হওয়া দরকার।কোথায় কী হচ্ছে, কীভাবে হচ্ছে, দেখার আগ্রহও যেন হারিয়ে ফেলেছে বাফুফের বেশির ভাগ কর্মকর্তা। এরই পরিণাম পাতানো ফুটবল। বাফুফে এত দিনেও বয়সভিত্তিক জাতীয় দল তৈরি করতে পারেনি। টুর্নামেন্ট এলে দল গড়ে নাকাওয়াস্তে অংশগ্রহণ। সারা বছর আর খবর নেই!দলনেতা হিসেবে এর সব দায়দায়িত্ব চাপছে সালাউদ্দিনের ঘাড়ে। সালাউদ্দিন একা কিছুই করতে পারবেন না। নতুন বছরে একটা ‘দল’ হয়ে উঠুক বাফুফে—ফুটবল অঙ্গনে এটা অন্যতম চাওয়া!