বদলির চাকরিতে বোঝাপড়া চাই
বোঝাপড়া থাকতে হবে‘বিয়ের আগেই চাকরির আবেদন করেছিলাম। হঠাৎ পারিবারিকভাবে বিয়েটা হয়ে গেল। শ্বশুরবাড়িতেই প্রথম শুনি খবরটা। মা ফোন করে জানালেন, চাকরিটা পেয়েছি। আনন্দ তো আর ধরে না। এদিকে শ্বশুরবাড়িতে বিয়ের আনন্দে সবার খানিকটা যেন ভাটা পড়ে। কারণ, আমাকে নতুন একটি জেলায় গিয়ে থাকতে হবে। স্বামী সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেনি। দ্বিধাদ্বন্দ্বে পড়লাম।’ কথাগুলো বলছিলেন একটি বেসরকারি সংস্থায় কর্মরত সাবরিনা। ‘আমার চাকরির ধরনই হলো বিভিন্ন জেলায় মাঠপর্যায়ের কাজ তদারক করা। এই চাকরির নীতিমালা অনুযায়ী তিন বছর পরপর জায়গা বদল করতে হবে। সেটা শ্বশুরবাড়ির কারোরই পছন্দ হলো না। সবার গোমড়া মুখ উপেক্ষা করে চলে গেলাম কর্মস্থলে। সঙ্গে অবশ্য মা-ও গেলেন। শুরু হলো আরেক জীবন। তবে হঠাৎ দুটি নতুন জীবনের স্বাদ আমাকে বেশ ভাবিয়ে তুলল। একদিকে সংসার অন্যদিকে পেশা। কোনটিকে প্রাধান্য দেওয়া উচিত, ভাবতে ভাবতেই চার মাস কেটে গেল। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিনের জন্য অপেক্ষা। ব্যাগ গোছানোই থাকত। চলে আসতাম ঢাকায়। আমার স্বামীও আসত। ছয় মাস এভাবেই চলতে থাকল। আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু চাকরি করবই, তাই সবকিছু কীভাবে করব তার একটি পরিকল্পনা করলাম। সেবার ঢাকায় ফিরে প্রথমে স্বামীর সঙ্গে খোলাখুলি আলোচনা করে নিলাম। জানালাম আমার পরিকল্পনার কথা। সে তো খুবই খুশি হলো। দুজন মিলে বোঝালাম শ্বশুরবাড়িকে। প্রথমে একটু আপত্তি করলেও তারা মেনে নিল। পরিকল্পনা অনুযায়ী ঢাকাতেই আমরা আমাদের সংসার সাজালাম। মাসে দুবার ও আসত আমার কর্মস্থলে, দুবার আমি আসতাম। গর্ভে এল আমার প্রথম সন্তান। শাশুড়ি, ননদ—তাঁরা পালাক্রমে গিয়ে থাকতেন। প্রথম দিকে আমিও ছুটি নিয়ে ঢাকায় যেতাম। সন্তান জন্মের এক মাস আগেই ঢাকায় চলে যাই। নিজের সাজানো সংসারে সেবারই বেশি দিন কাটিয়েছি। সবাই এতেই যেন অভ্যস্ত হয়ে গেলেন। তাই তো এখনো নির্দ্বিধায় বদলির চাকরি করতে পারছি। ঢাকায় বদলির সুযোগ নেই। স্বামীও কখনো এ নিয়ে অভিযোগ করেনি। বরং দূরে দূরে থাকায় ভালোবাসা বেড়েছে। ভালো স্কুলে পড়ার জন্য সন্তানকে বাবার কাছে রেখেছি। ছুটি পেলেই ওরা চলে আসে। চাকরিটাকে আমার ছেলে বেশ উপভোগ করে। স্বামী-স্ত্রী ও সন্তানের মধ্যে বোঝাপড়া থাকাটাই আসল কথা। তাহলে সমস্যা হয় না।’ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবেকল্যাণী ও সুভাষের (ছদ্মনাম) ১২ বছরের সংসার। সহপাঠী ছিলেন তাঁরা। তাঁদের ভালোবাসা বিয়েতে রূপ নেয়। সুভাষ ঢাকায় একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা। আর কল্যাণী উপজেলা নির্বাহী কর্মকর্তা যথারীতি ঢাকার বাইরেই কর্মস্থল হয়। কল্যাণী বলেন, ‘প্রথমে একটু দ্বিধা ছিল। একা থাকতে হবে। সুভাষ যদিও সমর্থন করেছে, তবু মনে হচ্ছিল ওর কষ্ট হচ্ছে। দুজন দুই জায়গায় থাকব। ওর সম্মতি চেয়েছিলাম। ও হেসেই উড়িয়ে দিল। বলেছিল এ যে সোনার হরিণ, ধরা পড়েছে তোমার হাতে, ছেড়ে ‘দেবে কেন?’ নতুন চাকরি, নতুন জায়গা। মানিয়ে নিতে সময় লেগেছিল। কষ্ট হতো সুভাষের জন্য। দিনমান ওর ভাবনা। প্রথম প্রথম ও এলে একটা বনভোজনের আমেজ হতো। ধীরে ধীরে বাস্তবতার মুখোমুখি হতে থাকলাম। কোনো সপ্তাহে ও আসতে পারছে না বা আমি যেতে পারলাম না, তখন মান-অভিমান হতো। এসবের মধ্যেই চলতে থাকল জীবন। বড় ধরনের ঝগড়াও হয়েছে; তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। কেননা পরে রাগ কমে গেলে দুজনই খোলাখুলি আলোচনা করতাম। ছেলেমেয়ে হলো। ওরা আমার সঙ্গেই থাকে। সুভাষ ছুটি পেলেই ওদের সঙ্গে সময় কাটায়। ওদের স্কুল বন্ধ হলেই বাবার কাছে পাঠিয়ে দিই। ওদেরও সব বুঝিয়ে বলি, যেন ওদের মনে কোনো ভুল ধারণা তৈরি না হয়। আসলে দুজনই অনেক ত্যাগ স্বীকার করেছি। অনেক চাওয়া-পাওয়াকে জলাঞ্জলি দিয়েছি। তাই হয়তো আমরা আজ ভালো আছি।’পরিবারের সহযোগিতা প্রয়োজন‘একটি সরকারি মেডিকেল কলেজ থেকে পাস করেছি। অনারারি করতে ঢাকায় এসেছিলাম। তখন বিয়ে হয়। আমার স্বামীও পেশায় একজন চিকিৎসক। সে কারণে আমার পড়াশোনা করাটা দরকার, তা সে জানত। তাই বিয়ের পর আমি ঢাকায় থাকলাম। বিসিএসে (স্বাস্থ্য) ও উত্তীর্ণ হলো। কর্মস্থল হলো বগুড়া।’ বললেন রোকসান (ছদ্মনাম)। ‘আসলে একদিকে সংসার, আরেক দিকে ক্যারিয়ার। খুবই সমস্যায় পড়তে হয়েছে আমাকে। সে সময়ে যদি পড়াশোনাটা চালিয়ে না যেতাম আজকে হয়তো এই অবস্থায় আসতে পারতাম না। এখনো তো দুজন এক জায়গায় থাকতে পারি না। দুজনের কর্মস্থল দুই জায়গায়। ভালোবাসা তো থাকবেই। সঙ্গে কাজের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস থাকাটাই আসল কথা। তাহলে মনে হয় দূরত্বটা থাকে না। মানসিকভাবে কাছে থাকাটাই বড় কথা। এভাবে কাজ আর সংসার চালিয়ে যাচ্ছি। পরিবারের প্রত্যেক সদস্যের সহযোগিতা দরকার। বিশেষ করে স্বামী ও সন্তানের। তারা বুঝলে সবই মানিয়ে নেওয়া যায়।’