বদলির তদবির না হলে ইউনিয়ন পর্যায়ে কৃষিবিদ নিয়োগ হবে: কৃষিমন্ত্রী
কৃষকের করের টাকায় পড়াশোনা শেষ করে কৃষিবিদসহ অন্য পেশাজীবীরা শুধু রাজধানীতে বদলি নিতে চান। চিকিত্সকদের মফস্বলে পাঠানো হলে তাঁরা লিয়েন নিয়ে ঢাকায় চলে আসেন। মাসের শুরুতে গিয়ে শুধু বেতনটা তুলে নিয়ে আসে। গ্রামের কৃষকদের সেবা দেওয়ার মানসিকতা তাঁদের নেই। আজ শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটের চতুর্থ সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সরকারি পেশাজীবীদের সম্পর্কে এ অভিযোগ তুলেছেন। কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত সমাপনী দিনের সকালের অধিবেশনে মতিয়া চৌধুরী বলেন, ১৯৭১ সালে দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি, বর্তমানে ১৫ কোটি। তখন কৃষি সম্প্রসারণে যে কর্মীবাহিনী ছিল, বর্তমানে তা একই আছে। বদলির তদবির না করলে প্রতিটি ইউনিয়নে গ্র্যাজুয়েট কৃষিবিদদের নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এই ছোট দেশের যেকোনো স্থানে বদলির জন্য পেশাজীবীদের মানসিক প্রস্তুতি থাকতে হবে।মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ বর্তমান সরকারের আমলে পদোন্নতি ও বদলি নিয়ে অনেক জট খোলা হয়েছে উল্লেখ করে বলেন, কারও যদি ইচ্ছা থাকে তাহলে বিদ্যমান আইন মেনেই অনেক সমস্যার সমাধান করা সম্ভব। কৃষিসচিব সি কিউ কে মোস্তাক গবেষণার মতো সৃজনশীল কাজের সঙ্গে যে সরকারি কর্মকর্তারা যুক্ত থাকবেন তাঁদের চাকরির মেয়াদ বাড়ানোর কথা বলেন।‘কৃষিক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার’ শীর্ষক মূল প্রবন্ধে কৃষিবিদ মতলুবুর রহমান বলেন, সবুজ বিপ্লবের সময় থেকে বর্তমানে কৃষিক্ষেত্র অনেক বেশি জটিল হয়ে গেছে। কৃষিপ্রযুক্তি ও উপকরণ সংগ্রহ অনেক কঠিন ও প্রতিযোগিতামূলক হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক উদ্যোগ ছাড়া কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাতিষ্ঠানিক উন্নয়নের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সায়ীদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি ওয়াসিউজ্জামান আকন্দ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান ওয়ারেস কবির।