বদলে গেছে চড়ক মেলা
বাংলা বছর বরণের উৎসব হলো সাড়ম্বরে। শহুরে জীবনে যেমন উৎসবের আতিশয্য থাকে, তেমনই এর রেশ কাটিয়ে প্রাত্যহিক কর্মব্যস্ততায় ফিরে যেতেও কালবিলম্ব হয় না। তবে গ্রামাঞ্চলের মন্দ-মন্থর জীবনযাত্রায় উৎসবের রেশ খানিকটা সময় থেকে যায়। সেসব অবশ্য ধর্মীয় আচার-অর্চনার সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গাজন, চড়ক, সংক্রান্তির মেলা প্রভৃতি। আধুনিকতার আগ্রাসন সত্ত্বেও লৌকিক আচার-অনুষ্ঠানের রীতি-রেওয়াজ এখনো নানা পরিবর্তন-পরিবর্ধনের মধ্য দিয়ে গ্রামাঞ্চলে টিকে আছে।গাজন মূলত লোকোৎসব। হিন্দু সম্প্রদায়ের নিম্নবর্ণের শিবভক্তদের মধ্যেই গাজনের প্রচলন। তারাই এর উদ্যোক্তা। গাজন উপলক্ষে চড়কেরও আয়োজন করা হয়। সাধারণত চৈত্র মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিন থেকে গাজন শুরু হয়, অঞ্চলভেদে নতুন বছরের আষাঢ়ী পূর্ণিমা অবধি চলতে থাকে। বিভিন্ন লৌকিক দেবতার নামে গাজনের আয়োজন করা হয়। যেমন শিবের গাজন, ধর্মের গাজন, নীলের গাজন প্রভৃতি। গাজনের সঙ্গে মূলত কৃষিভিত্তিক সমাজের সনাতন বিশ্বাস জড়িত। বাংলাপিডিয়ার মতে, চৈত্র থেকে বর্ষা শুরুর আগ পর্যন্ত প্রখর রোদে পুড়তে থাকা ধরণিকে সূর্যের তেজ থেকে রক্ষার জন্য বৃষ্টির প্রত্যাশায় সুদূর অতীতে কৃষিজীবী সমাজে এর উদ্ভব হয়েছিল। চড়ক হলো গাজনের প্রধান অঙ্গ।চৈত্রের শেষ আর বৈশাখের শুরু দিকের সময়টা সংক্রান্তি, গাজন, চড়কের উৎসবেই সরগরম হয়ে থাকত পল্লি অঞ্চল। রবি ফসল ঘরে ওঠায় এ সময় অভাব-অনটনের করাল ছায়া খানিকটা অপসৃত। ঘরে ঘরে গম, যব, ছোলা, কলাই, মরিচ, তিল, কাউনের উপস্থিতি। আঙিনার পাশে গাছের শাখায় ঝুলছে কচি আম, বেড়ে উঠছে কাঁঠাল। সেগুলো সবজি হিসেবেও কাজে লাগানো যায় নানা ব্যঞ্জনে। এ সময়ই বেজে উঠত গাজনের ঢোল। শিবের মঞ্চ নিয়ে সন্ন্যাসীরা বেরিয়ে পড়েন পাড়ায় পাড়ায়, পরিভ্রমণে। সন্ন্যাসীর দলে একজন প্রধান সন্ন্যাসী থাকেন। এ ছাড়া কোনো কোনো দলে শিব, সখী, হনুমানের সাজেও সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে নাচ দেখান। তাঁদের মুখে থাকে মুখোশ, গলায় বুনো ফুলের মালা। লোকে তাঁদের চাল-ডাল-তরকারি বা টাকাপয়সা যা দেন, সেসব দিয়েই তাঁদের আহারাদির ব্যবস্থা।বাংলায় ১৩১২ সনে প্রকাশিত শ্রী দীনেন্দ্রকুমার রায়ের পল্লীবৈচিত্র্য বইয়ে শ দেড়েক বছর আগের গ্রামের পরিবেশ ও চড়ক-গাজন প্রভৃতির চমৎকার বর্ণনা রয়েছে। তিনি জানাচ্ছেন, তখন প্রতিটি গ্রামে তিন-চারটি করে গাজনের দল থাকত। বড় গ্রামগুলোতে আরও বেশি। চৈত্রের মাঝামাঝি থেকে দলগঠন শুরু হতো। একজন হতেন ‘মূল সন্ন্যাসী’। দাড়ি-গোঁফ কেটে তিনি পূত-পবিত্র হয়ে নিরামিষ ভোজন, মন্ত্রপাঠ—এসবে নিবেদিত থাকেন। প্রথমেই কাঠের একটি ছোট সিংহাসনে শিবলিঙ্গ প্রতিস্থাপন করে গাজনতলার আখড়া স্থাপন করা হতো। প্রধান সন্ন্যাসী ও তাঁর কয়েক সহযোগী ঘরবাড়ি ত্যাগ করে চড়কের দিন পর্যন্ত এই গাজনতলার আখড়াতেই অবস্থান করতেন। সাধারণত গ্রামীণ জঙ্গলের নিভৃত পরিবেশই গাজনতলা স্থাপন করা হতো।দীনেন্দ্রকুমার রায় বর্ণনা দিয়েছেন, ‘গাজনতলার দৃশ্য বড়ই রমণীয়। নিকটে কোথাও কাহারও ঘরবাড়ি নাই। চারিদিকে আশ্যাওড়া ও ভাঁট-বন, ভাঁট ফুলের সৌরভে জঙ্গলটি পূর্ণ, নিকটে দীর্ঘশীর্ষ নারিকেল গাছের সারি, মধ্যে মধ্যে দুই চারিটি সুপারিগাছ, দুই-একটি তমাল বা বেলগাছ ও বাঁশের ঝাড়। বৎসরের অন্য সময় এখানে জনসমাগম দেখিতে পাওয়া যায় না; কেবল এই সময়টিতেই যথানির্দিষ্ট স্থান পরিষ্কার করিয়া সন্ন্যাসীর দল খর্জুরপত্রাচ্ছাদিত ক্ষুদ্র কুটিরে শিবস্থাপনা করে এবং সন্নিকটবর্তী বট, পাকুড় বা তেঁতুলগাছের প্রচ্ছন্ন ছায়ায় আড্ডা পাতিয়া থাকে।’সংক্রান্তির দু-তিন দিন আগে থেকেই সেকালে এই গাজনতলায় আনন্দের ধুম পড়ে যেত। দুপুর থেকেই ঢাকের বাদ্যে এলাকা সচকিত। মাটি কাঁপিয়ে শুরু হতো সন্ন্যাসীদের নাচ। পাড়ার ছেলে-বুড়ো সবাই চলে আসতেন নাচ দেখতে। বউ-ঝিরাও সুযোগ পেলে উঁকি দিয়ে যেতেন। রায় মহাশয় লিখেছেন, ‘অনেক কুলবধূ জল আনিবার ছলে কলসি কাঁখে লইয়া গাজনতলার পথে নদীতে যায় এবং বৃক্ষের অন্তরালে দাঁড়াইয়া অবগুণ্ঠন ঈষৎ উন্মুক্ত করিয়া কৌতুকপ্রদীপ্ত চক্ষে এই দৃশ্য দেখিয়া লয়; কিন্তু বড় যা, শাশুড়ি, ননদের ভয়ে তাহারা সেখানে অধিকক্ষণ অপেক্ষা করিতে পারে না।’এই উৎসবের চূড়ান্ত পরিণতি হয় চড়কের মধ্য দিয়ে। সেদিন বিকেল থেকেই শুরু হতো নাচ-বাদ্য। সঙ বের হয়ে সরস কথাবার্তা ও ভাবভঙ্গিতে লোকজনের মধ্যে আনন্দ জোগাত। আয়োজন হতো মেলার। মাঠের মধ্যে ‘চড়কগাছ’ নামের লম্বা খুঁটি পুঁতে কোনো এক সন্ন্যাসীর পিঠে লোহার বড়শি বিদ্ধ করে চড়কে ঘোরানো হতো। এ সময় জিহ্বা, হাত ও শরীরের নানা স্থানে তাঁরা বাণ বিদ্ধ (ধাতব শলাকা) করতেন। জ্বলন্ত অঙ্গারের ওপর দিয়ে হাঁটা, খাঁড়ার ওপর ঝাঁপ দেওয়া—এসব নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন থাকত। তবে ১৮৬৫ সালে ব্রিটিশ সরকার আইন করে চড়ক পূজায় পিঠে বড়শি ও জ্বলন্ত বাণ বিদ্ধ করা প্রভৃতি নিষিদ্ধ করে। এরপর সন্ন্যাসীদের শরীরে বিশেষ কায়দায় গামছা বা কাপড় জড়িয়ে তার সঙ্গে বড়শি বিদ্ধ করে চড়কে ঘোরানোর ব্যবস্থা করা হয়।সময়ের সঙ্গে সঙ্গে চড়কের আচার-অনুষ্ঠানেও অনেক পরিবর্তন এসেছে। এখন আগের দিনের মতো সেই নিবিড় গ্রামীণ বনও নেই, লোকের হাতে অলস সময়ও নেই যে চড়কতলায় দিনের পর দিন পড়ে থাকবেন। এখন আয়োজন সংক্ষিপ্ত। দুই থেকে তিন দিনে পুরো প্যাকেজ। চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ঝালপুকুরে প্রতিবছর চৈত্রসংক্রান্তির মেলা ও চড়ক পূজার আয়োজন হয়ে থাকে।আমাদের চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন জানিয়েছেন, কয়েক শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী মেলা ও চড়কের আয়োজন হয় লোকনাথ পঞ্জিকা অনুসারে। সে কারণে এবার এখানে ভক্তরা পয়লা বৈশাখের উৎসব করেছেন ১৫ এপ্রিল শুক্রবার। আগে চৈত্রসংক্রান্তির সন্ধ্যায় চড়ক ঘোরানোর সময় থেকেই মেলা শুরু হয়ে যেত। সারা রাত চলত মেলা। চলত নাচ-গান। পরের দিন নববর্ষে চলত মেলা। এখন রাতে আর মেলা হয় না। এই মেলায় প্রধানত বরেন্দ্র অঞ্চলের আদিবাসীরাই অংশ নিয়ে থাকেন। বিশেষত সাঁওতাল তরুণীরা অলংকার ও ফুল দিয়ে খুবই সাজসজ্জা করে এই মেলায় আসতেন। কারণ সাঁওতাল তরুণেরা মেলা থেকেই বিয়ের কনে পছন্দ করতেন। এখন সেই রেওয়াজ একেবারে উঠে যায়নি, তবে বিয়ের উৎসবটা নববর্ষের উৎসবের সঙ্গে সব সময় মেলে না।