লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতাবাসীর জীবন এখন আর ‘গেট ফেইলের’ ফাঁদে আটকে নেই। তিনবিঘা করিডর দিয়ে ২৪ ঘণ্টাই যাতায়াত করতে পারেন তাঁরা। পাল্টে গেছে সেখানকার মানুষের জীবনযাত্রা।তবে বাস দিয়ে করিডর অতিক্রমের সুযোগ নেই দহগ্রাম-আঙ্গরপোতাবাসীর। দহগ্রামের কেন্দ্রস্থল বঙ্গেরবাড়ী বাজারের বাসিন্দাদের বাসে উঠতে হলে সাড়ে ছয় কিলোমিটার দূরে বাংলাদেশের মূল ভূখণ্ড পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী যেতে হয়। আর আঙ্গরপোতাবাসীকে সাড়ে নয় কিলোমিটার পথ অতিক্রম করে বাসে উঠতে হয়।তাই তিনবিঘা করিডর দিয়ে বাস চলাচলের দাবি সেখানকার ১৬ হাজার বাসিন্দার। তাঁদের আশা, ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় এ বিষয়ে একটা ঘোষণা বা প্রতিশ্রুতি আসবে।দহগ্রাম-আঙ্গরপোতা ও তিনবিঘা সম্পর্কে লালমনিরহাট জেলা তথ্য বাতায়নে বলা আছে, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের দূরত্ব মাত্র ১৫০ গজ। তিনবিঘা করিডর নামে একটি পারাপারের পথ দিয়ে ছিটমহলটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। এই করিডরের আয়তন ১৭৮ন্৮৫ বর্গমিটার। ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় বেরুবাড়ীর বদলে তিনবিঘা করিডর বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা ছিল। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ বেরুবাড়ী হস্তান্তর করলেও ভারতীয় পক্ষ তিনবিঘা করিডর হস্তান্তর করেনি। পরে স্থায়ীভাবে তিনবিঘা করিডর হস্তান্তরের পরিবর্তে ১৯৯২ সালের ২৬ জুন ইজারার মাধ্যমে তিনবিঘা বাংলাদেশকে দেওয়া হয়। ওই দিন থেকে তিনবিঘা করিডর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘণ্টা পর পর বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত করা হয়। পরে বাংলাদেশের জনগণ ও সরকারের দাবির মুখে ২০০১ সালের ২৭ এপ্রিল থেকে এক ঘণ্টা বিরতির অবসান ঘটিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করিডর-সুবিধা পাওয়া যায়। সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, করিডরটি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ৮ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।আঙ্গরপোতার তিন নম্বর মৌজার বাসিন্দা দিনমজুর দেবার মোহাম্মদ (৪২) বলেন, ‘আগোত পাটগ্রামে কাজ কইরবার গেলে বিকেলের আগোত কাজ বাদ দিয়া ফেরা নাগতো। এলা গেট খোলা থাকায় সন্ধ্যা পর্যন্ত কাজ করি টাকা নিয়্যা পাটগ্রামে বাজার করি। পরে রাইতে বাড়িত ফিরি। কোনো সমস্যা নাই।’দহগ্রাম গুচ্ছগ্রামের দোকানি আব্দুল্লাহ আল মামুন (৪০) বলেন, ২৪ ঘণ্টা করিডর খোলা থাকার আগে তাঁকে দোকানের জিনিসপত্র কিনে রংপুর থেকে সন্ধ্যার মধ্যে দহগ্রামে ফিরতে হতো। এখন তা হয় না।পাটগ্রাম সরকারি জসিমুদ্দিন কাজী আবদুল গণি ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র আবদুল আলীম বলেন, ‘আগে বিকেলের মধ্যেই প্রাইভেট বা কোচিং শেষ করে সন্ধ্যার আগেই দহগ্রামে ফিরতে হতো। এখন সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা শেষ করে রাতে বাড়ি ফিরছি।’একই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী লাকি বেগম বলেন, ‘আমরা পাটগ্রামের কোনো সাংস্কৃতিক সন্ধ্যা বা বিনোদন অনুষ্ঠান উপভোগ করতে পারতাম না। তখন সহপাঠীরা উপহাস করে বলত, ‘তোরা তো খোঁয়াড়ের বাসিন্দা, তোদের গেট সন্ধ্যায় বন্ধ হয়ে যায়।’ এখন আমরা সেই বন্ধুদের সঙ্গে কলেজ বা যেকোনো স্থানের সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ বা অংশ নিতে পারছি।’লালমনিরহাটের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, তিনবিঘা করিডরের দৈর্ঘ্য ১৭৮ মিটার ও প্রস্থ ৮৫ মিটার হলেও চলাচলের রাস্তাটি এতই সরু যে তা কয়েক মিটারের বেশি হবে না। সরু ওই রাস্তা দিয়েই বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, ছোট ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলছে। তবে যাত্রীবাহী বাস চলতে পারে না। ২০১০ সালের এপ্রিল থেকে রংপুর হতে লালমনিরহাট, পাটগ্রাম হয়ে দহগ্রাম পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসির) বাস চলাচল শুরু হয়। কিন্তু বিএসএফের বাধায় বাসটি কখনোই তিনবিঘা করিডর অতিক্রম করতে পারেনি।গত ১৯ সেপ্টেম্বর পানবাড়ী সীমান্ত ফাঁড়ি রেস্ট হাউসে বিজিবির রংপুর সেক্টর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিনবিঘা করিডর দিয়ে বাস চলাচলের বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।এ ব্যাপারে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী প্রথম আলোকে বলেন, বাস চলাচলের বিষয়টি গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের একপর্যায়ে মৌখিকভাবে তোলা হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ভেবেছিলাম, তিনবিঘা ২৪ ঘণ্টা খোলা থাকায় দহগ্রাম থেকে বাস চলাচলের বিষয়ে আর সমস্যা থাকবে না। কিন্তু এ সমস্যার এখনো সমাধান হলো না।’স্বাধীনভাবে গরু পারাপারের দাবি: দহগ্রাম-আঙ্গরপোতাবাসীর প্রধান পেশা কৃষিকাজ ও পশুপালন। কিন্তু তাঁরা নিজেদের সুবিধামতো গরু নিয়ে তিনবিঘা করিডর অতিক্রম করতে পারে না। পাটগ্রাম সদরে সপ্তাহে দুই দিন হাট বসে। কিছুদিন আগেও প্রতি হাটের দিন ১০টি গরু নেওয়ার অনুমতি পেতেন তাঁরা। গত ১৯ সেপ্টেম্বর পানবাড়ি বৈঠকের পর থেকে ৩০টি করে গরু নেওয়ার অনুমতি পাচ্ছে দহগ্রাম-আঙ্গরপোতাবাসী। কোন দিন কার গরু বিক্রি হবে, তা ঠিক করে দহগ্রাম ইউনিয়ন পরিষদ।