আকাশ সেই আগের মতোই মেঘলা। কখনো বৃষ্টি, কখনো খররোদ্দুর। শ্রাবণের আবহাওয়া যেমন ছিল, তেমনই আছে। তবু বদলে গেছে দিন। আসলে এ পরিবর্তন সময়ের বা প্রকৃতির নয়, বরং তা দিনযাপনের জীবনাচরণে। এই বদলের আহ্বান নিয়ে বছর ঘুরে আবার এল পবিত্র মাহে রমজান।লোভ-লিপ্সা, উন্মত্ততা থেকে আত্মসংযমের দিকে, প্রবৃত্তির বশবর্তিতা থেকে চিত্তশুদ্ধির দিকে, পাপ থেকে পরিত্রাণের দিকে এগিয়ে যাওয়ার এ পরিবর্তন। ধর্মপ্রাণ মুসলমানরা একটি মাস এই বদলের সাধনায় আত্মনিবেদিত থাকবেন কেবলই মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায়।রমজান মাসের আগমনী বার্তা মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে যায় প্রকৃতপক্ষে পবিত্র শবে বরাত থেকেই। এর পর থেকে চলতে থাকে দিন গণনার পালা আর প্রস্তুতি। সেহির-ইফতারের সময়সূচি কয়েক দিন আগে থেকেই ছাপিয়ে বিলি করতে শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। হোটেল-রেস্তোরাঁগুলোয় চলছে ইফতারের আয়োজন। ভেতরে ঝুলছে ‘খোশ আমদিদ মাহে রমজান’ লেখা ব্যানার। গতকাল সোমবার শাবান মাসের শেষ দিনের সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ দেখতে ছোট-বড় নানা বয়সী মানুষ উ ৎসুক তাকিয়ে থাকেন। চাঁদ দেখা গেলেই প্রাণে প্রাণে বয়ে যায় এক অন্য রকম নিষ্কলুষ আনন্দের পবিত্র অনুভূতি।আগের দিনে ঢাকায় রমজান মাসের প্রস্তুতি শুরু হতো পরিষ্কার-পরিচ্ছন্নতা দিয়ে। হাকীম হাবীবুর রহমানের ঢাকা: পাচাশ্ বরস পেহেলে বইয়ে ১০০ বছর আগের ঢাকার রমজান মাসের প্রস্তুতির চম ৎকার বিবরণ রয়েছে। শহরে তখন পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর খুব জোর দেওয়া হতো। মসজিদে চুনকাম করা হতো। বসতবাড়ি ও আশপাশের এলাকা বাসিন্দারা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন করত। তখন সাবান-শ্যাম্পু এত সহজলভ্য ছিল না। গা-গতর সাফসুতরা করতে ব্যবহার করা হতো সাজিমাটি, খৈল ও বেসন। ইফতারের প্রস্তুতি চলত কয়েক দিন আগে থেকেই। তিনি লিখেছেন, ঠান্ডা পানির জন্য ‘বালি মাটির তৈরি নতুন সুরাহী আনা হতো। তখমে রায়হান (তোকমা), বালুংগু (শীতল গুণসম্পন্ন বীজ) এবং গোলাপ, কেওড়া ক্ষমতায় যতটুকু কুলায় এনে রাখা হতো।’ ঢাকাবাসী তখন রমজানের চাঁদ দেখতে শহরের উঁচু ভবনগুলোর ছাদে উঠে পড়ত। ‘বড় কাটরা, আহসান মঞ্জিল, হোসেনী দালান, ছোট কাটরার উঁচু ইমারতের ছাদের উপর লোক সময়ের অনেক আগেই পৌঁছে যেত এবং অধিক উ ৎসাহীরা নৌকা সহযোগে নদীর মাঝখানে যেয়ে চাঁদ দেখত।’ চাঁদ দেখা গেলে হতো আতশবাজি। ‘পটকা, বন্দুক ও তোপধ্বনি চলল এবং এমন আওয়াজ হলো যে, যারা কানে শোনে না তারাও শুনে নিল যে চাঁদ উঠে গেছে।’সমাজ এখন বদলে গেছে অনেক। বিশ্ব এখন বাণিজ্যময়। রমজানের প্রস্তুতি মুসল্লিদের চেয়ে বণিকদের কোনো অংশেই কম নয়। মাস খানেক ধরেই জনসাধারণ তাদের সেই প্রস্তুতির মালুম পাচ্ছে। যথারীতি বাজারে কাঁচা মরিচ থেকে পাকা কলা, চাল, তেল—সবকিছুর দাম ঊর্ধ্বগামী। চিনিকে তো চেনাই যাচ্ছে না; গত কিছুদিন বাজারে সে এই আছে তো এই নেই অবস্থায় আছে।সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা মূল্যস্ফীতির সঙ্গে পেরে উঠছে না। সংযমের মাসে বাজারদরের এই অসংযমী আচরণ পবিত্র সিয়াম সাধনার তা ৎপর্যের পরিপন্থী। ঝোপ বুঝে কোপ মারার এই হীন প্রবণতা সমূলে উ ৎপাটন করা প্রয়োজন যেমন নিজের অন্তর নির্মল রাখার জন্য, তেমনি সমাজের কল্যাণের জন্যও। পবিত্র মাহে রমজানের অন্যতম শিক্ষা সেটাই।একটি মাস উদয়াস্ত পানাহারে বিরত থেকে, বাক, কর্ম, চিন্তা, আচরণে পরিশুদ্ধ হয়ে ওঠার সে সাধনা আজ থেকে শুরু হলো, সেখানে যেন কোনো আত্মপ্রবঞ্চনা না থাকে। তা যেন নিছক লৌকিক রীতি পালনের অন্তঃসারশূন্যতায় পর্যবসিত না হয়, সে বিষয়ে যত্নবান হওয়াই বাঞ্ছিত। অবশ্য এসব আমরা সবাই সম্যক অবগত। কিন্তু সব জ্ঞাত বিষয় আমরা অনেক ক্ষেত্রে জীবনের সঙ্গে মিলিয়ে দেখি না। ফলে অনেক অসংগতিতে ভরে থাকে জীবনের অধ্যায়। কামনা থাক—এবার মাহে রমজান থেকে শুরু হোক এই স্ববিরোধিতা থেকে মুক্তির সাধনা। মঙ্গলপথের যাত্রায় নিশ্চয় পরম করুণাময় আমাদের সহায় হবেন।