বদলে গেছে ঢালারচর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস দেড়েক আগেও পাবনার বেড়া উপজেলার দুর্গম ঢালারচর ইউনিয়নে ছিল চরমপন্থীদের রাজত্ব। এলাকাবাসীর কাটাতে হতো একরকম বন্দিজীবন। কিন্তু তিন পুলিশ হত্যার পর পুলিশি অভিযানে বদলে গেছে ওই এলাকার চিত্র। চরমপন্থী ও তাদের আশ্রয়দাতারা এলাকা ছেড়ে যাওয়ায় এলাকাবাসী এখন স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে। তবে এমন অবস্থা স্থায়ী হবে কি না, তা নিয়ে সন্দেহের শেষ নেই। পুলিশ ও এলাকাবাসী জানান, পদ্মা এবং যমুনার দুর্গম চর নিয়ে গঠিত ঢালারচর ইউনিয়নে চরমপন্থীরাই ছিল সবকিছু। ধান-পাটসহ যেকোনো ফসল ঘরে উঠলেই এলাকাবাসীর নির্দিষ্ট হারে উৎপাদিত ফসলের একটি অংশ চাঁদা না দিয়ে উপায় ছিল না। এলাকায় কোনো তুচ্ছ ঘটনা ঘটলেও বিচার-সালিসের নামে আদায় করা হতো মোটা অঙ্কের জরিমানা। পুলিশ ও এলাকাবাসী আরও জানান, ২০ জুলাই ঢালারচর পুলিশ ফাঁড়ির এসআইসহ তিন পুলিশকে চরমপন্থীরা হত্যা করার পর থেকেই শুরু হয় ঢালারচর ও এর আশপাশের চরাঞ্চলে ব্যাপক পুলিশি অভিযান। এতে নেতাসহ চরমপন্থী দলের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযানের মুখে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় বাকি চরমপন্থীরা।ইউনিয়নের কোমরপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘নতুন ধান বা পাট যা-ই উঠুক, তাগরে চাঁদা দেওয়া লাগত। এবারও ধান ওঠার পর প্রতি বিঘ্যায় দুই-তিন মণ কইর্যা ধান তাগরে দেওয়া লাগিছে। কিন্তু এবার পাটের এমন ভালো ফলন আর দাম পাওয়ার পরও কেউ আমাগরে কাছে চাঁদা নিব্যার আসে নাই।’এদিকে চরমপন্থীদের বিরুদ্ধে ঢালারচরবাসীকে ঐক্যবদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে গ্রামবাসীকে নিয়ে একের পর এক বৈঠক করা হচ্ছে। বৈঠকে চরমপন্থীদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে বরং যার যা কিছু আছে, তা নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। গত ৩১ আগস্ট ঢালারচর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এমন একটি বৈঠকে উপস্থিত হয়ে দেখা যায়, প্রায় ৫০০ এলাকাবাসী বেড়া থানা পুলিশের আহ্বানে সমবেত হয়েছেন। এতে বক্তব্য দেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান, তিন পুলিশ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ, ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানসহ এলাকার অনেকেই। সমবেত এলাকাবাসীর উদ্দেশে ওসি বলেন, ‘চরমপন্থীদের হাতে আপনারা বছরের পর বছর নির্যাতিত হয়েছেন। এখানে অনেকেই আছেন, যাঁরা চোখের সামনে স্বজনদের খুন হতে দেখেও চোখের পানি ফেলা ছাড়া আর কিছু করতে পারেননি। কিন্তু আপনাদের জেগে ওঠার সময় হয়েছে। এমন দুর্গম এলাকায় আপনাদের সাহায্য ছাড়া পুলিশের একার পক্ষে চরমপন্থীদের চিরতরে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। আপনাদের যা কিছু আছে, তা নিয়েই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, পুলিশ আপনাদের সঙ্গে আছে।’বৈঠকে উপস্থিত এলাকাবাসী হাত উঠিয়ে ও করতালির মাধ্যমে এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।বৈঠক শেষে বেশ কয়েকজন এলাকাবাসী জানান, উপজেলা সদরে সরাসরি যেতে কোমরপুর গ্রাম থেকে মাসুন্দিয়া ইউনিয়নের দয়ালনগর পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলা হলেও কাজ থেমে আছে। অথচ এ রাস্তাটি নির্মিত হলে এবং ইউনিয়নে বিদ্যুৎসংযোগ দেওয়া হলে চরমপন্থীদের তৎপরতা অনেকাংশে কমে যাবে। এলাকাবাসীসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, চরমপন্থীদের বাধার কারণেই রাস্তাটির নির্মাণকাজ থেমে আছে।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ‘দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে ঢালারচরে অভিযান চালানো দুরূহ ব্যাপার। অথচ ওই রাস্তাটি নির্মিত হলে অনেক এলাকায়ই দ্রুত ফোর্স পাঠানো যাবে। শুনেছি চরমপন্থীরা নাকি ওই রাস্তা নির্মাণে এর আগে বাধা দিয়েছে। এখন আমরা পুরো এলাকা চরমপন্থীমুক্ত করেছি। এ অবস্থা যাতে স্থায়ী হয়, সে ব্যাপারেও আমরা তৎপর রয়েছি। রাস্তাটির নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘ইউনিয়নবাসী এখন খুব ভালো আছে। তবে রাস্তাটির নির্মাণকাজ শেষ হলে এবং এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করা গেলে ইউনিয়নবাসী আরও ভালো থাকবে।’