বদলে গেছে দৈনিক আল আহরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাস আগের কথা। মিসরের দৈনিক ‘আল আহরাম’ ছিল হোসনি মোবারকের বিশ্বস্ত প্রচারমাধ্যম। কিন্তু গত ১২ ফেব্রুয়ারি মোবারকের পতনের পরপরই আমূল বদলে গেছে পত্রিকাটির চরিত্র।‘আল আহরাম’ পত্রিকাটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে এটি আরব বিশ্বের অন্যতম পুরোনো দৈনিক। ১৯৫২ সালের অভ্যুত্থানের পর গামাল আবদেল নাসের পত্রিকাটিকে জাতীয়করণ করেন। তা সত্ত্বেও একসময় পত্রিকাটি ছিল মিসরের সর্বাধিক প্রচারিত দৈনিক।‘আল আহরাম’ তার বিচিত্রতা ও বিশ্বস্ততা হারায় মোবারকের আমলে। এ সময় পত্রিকাটিতে স্থায়ীভাবে বাসা বাঁধে স্বজনপ্রীতি ও দুর্নীতি। মিসরের অন্যান্য ব্যর্থ প্রতিষ্ঠানের মতোই ‘আল আহরাম’ ভরে ওঠে অদক্ষ কর্মীতে।হোসনি মোবারক সরকারের প্রতি পত্রিকাটির একনিষ্ঠ আনুগত্য ও বাস্তবতার ওপর চরম অবজ্ঞা প্রদর্শনের কারণে পত্রিকাটি অফুরন্ত তামাসার মুখপত্র হয়ে ওঠে।গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখের পর পরিস্থিতি বদলে যায়। জনরোষে হোসনি মোবারক পদত্যাগ করেন। আর এর পরের দিনই ‘আল আহরাম’ দিব্যি বদলে যায়। ১৩ ফেব্রুয়ারি মোবারকের পদত্যাগ নিয়ে তারা শিরোনাম করে, ‘দ্য পিপল ব্রড ডাউন দ্য রেজিম’। মোবারকবিরোধী আন্দোলন চলাকালে তাহরির স্কোয়ারের বার্তা এতটুকুর জন্যও পত্রিকাটির সংবাদকক্ষে পৌঁছায়নি। অথচ মোবারকের পতনের পরের দিনই পত্রিকাটি কণ্ঠ মেলায় আন্দোলনকারীদের সঙ্গে। এক দিনের ব্যবধানে চার দশকের আনুগত্য ভুলে ‘আল আহরাম’ হয়ে গেল মোবারকবিরোধী মুখপত্র।পত্রিকাটিতে কর্মরত সাংবাদিকেরা ‘আল আহরাম’-এর এই হঠাত্ পরিবর্তনকে মোটেও ভালোভাবে দেখছেন না। তাঁরা এটাকে দেখছেন, উপরি পরিবর্তন হিসেবে। তাঁদের মতে, পত্রিকাটির উপরি পর্যায়ে দায়িত্ব পালনরত ব্যক্তিদের অধিকাংশই মোবারকের বিশ্বস্ত তল্পিবাহক ছিলেন। তাঁরা মোবারকের সময়ই নিয়োগ পেয়েছেন। সুতরাং পরিবর্তন যদি আনতে হয়, আগে তাঁদেরকেই প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে।অনেক সাংবাদিকই বলছেন, প্রকৃত পরিবর্তন তখনই হবে, যখন পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও উচ্চপর্যায়ের সম্পাদকদের পরিবর্তন করা হবে; যাঁরা মোবারকের সময় নিয়োগ পেয়েছেন এবং এঁরাই পত্রিকাটির বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করে দিয়েছেন।পত্রিকাটিতে কর্মরত মোবারকপন্থী এবং দুর্নীতিবাজ উচ্চপদস্থ সাংবাদিক ও কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। তবে আন্দোলনকারী সাংবাদিকদের বিশৃঙ্খলাকারী হিসেবে চিহ্নিত করে তাঁদের বরখাস্তও করা হচ্ছে।‘আল আহরাম’ পত্রিকার সাংবাদিক সাবাহ হামামৌয়ের মতে, এক দিনে সম্পাদকীয় নীতি ১৮০ ডিগ্রি পরিবর্তন ভালো কিছু নয়। আরও বস্তুনিষ্ঠ হওয়া যেতে পারে, কিন্তু একেবারে অভ্যুত্থানপন্থী হওয়া উচিত নয়। অথচ এরা এক দিন আগেই ছিল মোবারকপন্থী।হামামৌ ও কয়েক শতাধিক সাংবাদিক পত্রিকাটির অতীত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে পাঠকদের কাছে একটি চিঠি লিখেছেন। কিন্তু জ্যেষ্ঠ সম্পাদকেরা তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। সাংবাদিকেরা পত্রিকাটির প্রধান সম্পাদক ওসামা সারায়ারের পদত্যাগ দাবি করেছেন।তবে সারায়া ‘নিউজ উইক’ সাময়িকীকে জানিয়েছেন, রাষ্ট্রব্যবস্থার সঙ্গে তাঁর পত্রিকার একটা শক্তিশালী যোগসূত্র ছিল। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের এটাই বৈশিষ্ট্য। তিনি বলেন, ‘আমরা পদ্ধতির শিকার। আমরা সরকারের অধীনে কাজ করেছি। আমরা অপরাধী নই। এ দায় সবাইকেই নিতে হবে। আমিও ব্যক্তিগতভাবে আমার দায় স্বীকার করি।’সারায়া আরও বলেন, পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সব সময়ই একজন সংস্কারবাদী মানুষ ছিলেন। তাঁর উত্তরসূরি ঠিক করা হয়নি বলেই তিনি পদত্যাগ করছেন না।এদিকে মিসরের বিরোধীদলীয় নেতা মোহাম্মদ এল বারাদি অভিযোগ করেছেন, পত্রিকাটি এখনো তাঁর সম্মানহানি করছে।পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক আবদেল আজিম দার উইশ বলেছেন, ‘আমরা আন্দোলনের খবরাখবর প্রচারে পিছিয়ে ছিলাম। কিন্তু এখন সরকার পরিবর্তন হয়েছে। এখন সমাজে যা ঘটছে, আমরা তা প্রতিফলিত করছি।তবে অনেকেই বলছেন, পত্রিকাটির অবস্থা এতই নাজুক যে একে আর পুনর্গঠন করা সম্ভব নয়। এটি তার সব বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।‘আল আহরাম’-এর পরিবর্তন-আন্দোলনের অন্যতম কর্মী সাংবাদিক হামামৌ বলেন, পত্রিকাটির যুদ্ধ, এর বিপ্লব তাহরির স্কোয়ার থেকে অনেক অনেক বেশি ঐক্যবদ্ধ। আন্দোলনকারী বলছেন, তাঁরা পত্রিকাটির প্রকৃত পরিবর্তনের জন্য সংগ্রাম করছেন, কোনো উপরি পরিবর্তনের জন্য নয়। নিউজ উইক অবলম্বনে।