বদলে গেছে স্থান, কাল ও জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরকারি সময়ে গ্যাস থাকছে না। এর ফলে জ্বলছে না চুলা, ঘুরছে না কল-কারখানার চাকা। তাই বলে তো খাওয়াদাওয়া থেমে থাকে না। বন্ধ থাকার জো নেই কারখানার উত্পাদন। তাই বিকল্প জ্বালানির ওপর নির্ভর করছে নগরবাসী। অনেক রেস্তোরাঁয় সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করা হচ্ছে। কোথাও সিলিন্ডারের গ্যাস দিয়ে চালু রাখা হচ্ছে ওয়াশিং প্ল্যান্টের বয়লার। আবার কারও রান্নাঘরে ঠাঁই পেয়েছে কেরোসিনের স্টোভ কিংবা খড়ির চুলা। কেউ বা রান্নাঘর ছেড়ে বাড়ির ছাদে কিংবা গাড়ির গ্যারেজে খড়ির চুলা জ্বালিয়ে সারছেন রান্নাবান্না। আবার কারও কারও রান্নার সময়ও বদলে যাচ্ছে। এ প্রসঙ্গে উত্তরার বাসিন্দা কাজী কোহিনূর বেগম বলেন, সকালে তাঁকে অফিসে ছুটতে হয়। তাই ভোরে উঠেই রান্নার কাজ সারেন। কিন্তু এখন ভোর থেকে রাত পর্যন্ত চুলায় গ্যাসের চাপ খুবই কম থাকে। রাত ১১টার পরে চুলায় গ্যাসের চাপ বাড়ে। এ জন্য মধ্যরাতেই পরের দিনের রান্না করে রাখতে হচ্ছে। মিরপুর-১১ নম্বর সেকশনের নান্নু মার্কেটের পাশের একাধিক বাসিন্দা জানান, তাঁদের এলাকায় দিনের বেলায় চুলা জ্বলে না বললেই চলে। রাত ১২টার পরে তাই রান্না সারতে হয়। রান্না করে খেয়ে ঘুমোতে ঘুমোতে রাত দুইটা-তিনটা বেজে যায়।