বদলে যাওয়া কালুহাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩৫ বছর আগের কথা। দুই কিশোর অভাবের তাড়নায় ঢাকায় গিয়ে জুতার কারখানায় কাজ নিয়েছিলেন। সেখানে কাজ শিখে গ্রামে ফিরে সেই শিক্ষা ছড়িয়ে দেন। কয়েক বছরের মাথায় বদলে যায় অভাবী গ্রামখানার চেহারা।আজ সেই গ্রামে তৈরি হয়েছে জুতার প্রায় অর্ধশত কারখানা। স্কুল-কলেজের ছেলেমেয়েসহ প্রায় ৩০০ শ্রমিক এসব কারখানায় কাজ করছেন। গ্রামের তৈরি জুতা চলে যাচ্ছে দেশের উত্তরের বিভিন্ন জেলায়। গ্রামটির নাম কালুহাটি। গ্রামটি রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে।যেভাবে শুরু: দেশ স্বাধীনের পর কালুহাটির বেশির ভাগ পরিবার ছিল দরিদ্র। কাজের সন্ধানে তাঁরা ছুটে বেড়াতেন চারদিক। এরই মধ্যে কিশোর আমিরুল ইসলাম খবর পান, গ্রামেরই সৈয়দ আলী ঢাকায় জুতার কারখানায় কাজ করেন। জুতার কাজ করে তিনি বেশ ভালোই আছেন। আমিরুল সিদ্ধান্ত নিলেন, তিনিও ঢাকায় গিয়ে সৈয়দ আলীর সঙ্গে কাজ করবেন। একদিন চলে গেলেন সৈয়দ আলীর কাছে। সঙ্গে গেলেন আরেক কিশোর বারিক। দুজনই জুতার কারখানায় কাজ নেন। এভাবে কেটে যায় নয় বছর।সাল ১৯৮৫। আমিরুলের ভাবনায় আসে, এই কাজ কালুহাটির লোকজনকে শেখানো গেলে গ্রামটিতে অভাব থাকবে না। যেই ভাবনা সেই কাজ। চলে গেলেন গ্রামে, কিন্তু বিপত্তি দেখা গেল পুঁজি নিয়ে। কারখানা করার মতো যথেষ্ট টাকা ছিল না। তাই পুঁজি সংগ্রহে গ্রামের লোকজনকে জুতার ব্যবসার সম্ভাবনার কথা বোঝালেন তিনি। নওশাদ আলী নামে একজনের কাছ থেকে সাড়া পেলেন, যিনি আগের মৌসুমে কিছু টাকা জোগাড় করে তা দিয়ে আখের গুড় কিনে রেখেছিলেন। সেই গুড় বিক্রি করে জুতার কারখানায় পুঁজির জোগান দিলেন নওশাদ। আমিরুলের চাচা জবান আলীকে ধরে তাঁর একটি ঘরে কারখানার কাজ শুরু করলেন তাঁরা। ঢাকা থেকে গিয়ে বারিকও যোগ দিলেন তাঁদের সঙ্গে। এরপর পুরোদমে এগিয়ে চলল জুতা তৈরির কাজ। জবান আলীর কারখানায় তৈরি জুতা প্রথমে নাটোর, পরে ধীরে ধীরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ঈশ্বরদীতে বাজারজাত হতে লাগল। ব্যবসায় ভালো লাভ দেখে জবান আলীর ছেলে খোরশেদ আলম সিদ্ধান্ত নিলেন, এখন থেকে তিনি নিজেই এই ব্যবসা করবেন। নওশাদকে বাদ দিয়ে আমিরুলকে কারিগর নিয়োগ করে ব্যবসা শুরু করলেন তিনি।পরে নওশাদ গ্রামের আমজাদ আলীর বাড়িতে যৌথভাবে কারখানার কাজ শুরু করেন। আশরাফ নামের এক যুবক শ্রমিক হিসেবে যোগ দেন তাঁদের সঙ্গে। বারিকও আমিরুলের কারখানা ছেড়ে নওশাদের সঙ্গে যোগ দেন। এক বছর পর নওশাদ ও আমজাদ আলাদা দুটি কারখানা করেন। এদিকে আমিরুলও সেকেন্দার নামের এক ব্যক্তির সঙ্গে মিলে আলাদা একটি কারখানা করেন। এভাবে দিনে দিনে ব্যবসা চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে একের পর এক কারখানা। কালুহাটিতে এখন জুতার কারখানার সংখ্যা অর্ধশতাধিক। কালুহাটিতে একদিন: চারঘাট উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত কালুহাটি। গ্রামটিতে প্রায় আট হাজার লোকের বসবাস। সরেজমিনে দেখা গেছে, গ্রামটির বাড়িতে বাড়িতে গড়ে উঠেছে জুতার কারখানা। বাড়ি বাড়ি থেকে ভেসে আসে কারখানার বৈদ্যুতিক মোটরের শব্দ। কেউ শোবার ঘরে, কেউ বাইরে টিন দিয়ে ঘিরে কারখানা করেছেন। প্রতিটি বাড়ির সঙ্গে রয়েছে সাইনবোর্ড। কানিজ সুজ, লাকি সুজ, বীথি সুজ, শ্রাবণী সুজ, মান্নান সুজসহ আরও নানা নামে কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় কাজ করছেন শত শত শ্রমিক। আশপাশের কয়েকটি গ্রাম থেকে বেকার যুবকেরাও এসে কাজ করছেন। মেয়েরা কারখানা থেকে ফরমায়েশ নিয়ে বাড়িতে কাজ করছে।দারিদ্র্য ছিল যে গ্রামের নিত্যসঙ্গী, সেই গ্রামে বেকার নেই বললেই চলে। খানিক পরপরই পাকা বাড়ি। গ্রামের কলেজশিক্ষক আবদুর রউফ বলেন, ‘যেসব কারখানা মালিকের বাড়িতে পাকা ঘর দেখছেন, তা সবই জুতা-স্যান্ডেলের ব্যবসা থেকে হয়েছে। বেশির ভাগ কারখানার মালিকই একসময় শ্রমিক ছিলেন। এখন তাঁরা পয়সা করেছেন।’জুতার মোড়ক তৈরি করেও গ্রামের কয়েকটি পরিবার জীবিকা নির্বাহ করছে। সৈয়দা সুলতানা নামের একজন গৃহিণী বাড়িতেই মোড়ক তৈরি করেন। তাঁর ঘরে শ্রমিক হিসেবে ১৫ জন স্কুলছাত্রী কাজ করে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নার্গিস জানায়, সে সারা দিনে দেড় শ মোড়ক তৈরি করে। ১০০ মোড়ক তৈরি করে দিলে ২৫ টাকা পায়। গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে কারখানায় কাজ করেন।শ্রমিক থেকে মালিক: শ্রমিক থেকে মালিক হয়েছেন—এমন মালিকের কারখানার সংখ্যাই বেশি। বীথি সুজের স্বত্বাধিকারী গোলাম হোসেন একসময় নওশাদ আলীর কারখানায় কাজ করতেন। এখন তিনি নিজেই কারখানা করেছেন। তাঁর কারখানায় ১০ জনের মতো শ্রমিক কাজ করছেন। শ্রাবণী সুজের স্বত্বাধিকারী ইসরাইল হোসেনও একসময় অন্যের কারখানায় কাজ করেছেন। এখন নিজেই কারখানা করেছেন। তাঁর কারখানায় পাঁচজন শ্রমিক কাজ করছেন।প্রতিটি কারখানায় তিন ধরনের শ্রমিক কাজ করেন। স্থানীয়ভাবে তাঁদের বলা হয় সোলম্যান, আপারম্যান ও ফিটিংম্যান। রেমন্ড কারখানায় গিয়ে দেখা যায়, মালিক সোহেলা রানা নিজে মেশিনে কাজ করছেন। তাঁর মা রঙ্গিলা খাতুন ও ভাগ্নে সাকিব তাঁকে সহযোগিতা করছেন। কারখানার মালিকেরা বলেছেন, সরকারিভাবে তাঁদের পর্যাপ্ত ঋণ দেওয়া হলে এই শিল্পের আরও প্রসার ঘটবে। ন্যাশনাল সুজের মালিক মোকসেদ আলী সম্প্রতি কৃষি ব্যাংক থেকে ঋণ পেয়েছেন। তিনি বলেন, তাঁর কারখানা বড় হলেও জমি দেখাতে না পারায় তিনি মাত্র ৫০ হাজার টাকা ঋণ পেয়েছেন।দিনে ২৫০ টাকা পর্যন্ত আয়: নওশাদের মালিকানাধীন লাকি সুজ কারখানার শ্রমিক সাইফুল ইসলাম প্রায় এক যুগ ধরে এই কারখানায় কাজ করছেন। প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা আয় হয় তাঁর। একই কারখানার শ্রমিক জাহিদুল, মিলন, মনিরুলও প্রায় একই রকম আয় করেন।শ্রমিকেরা জানান, কোনো কোনো দিন দুই ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। ঠিকমতো বিদ্যুৎ পেলে তাঁরা আরও বেশি আয় করতে পারতেন। তাঁরা বলেন, ঠিকা চুক্তিতে কাজ করায় বিদ্যুৎ না থাকলে তাঁদের মজুরি কমে যায়।ঈদ, পূজা-পার্বণে কালুহাটিতে কাজের চাপ বেড়ে যায়। এসব উৎসবে কারখানাগুলোতে দিনরাত কাজ চলে। রাত জেগে শ্রমিকেরা কাজ করার সময় তাঁদের নাশতা করানোর জন্য নৈশকালীন ফেরিওয়ালা ঘুরে বেড়ান।আমিরুল ও বারিকের কথা: গ্রাম থেকে ঢাকায় যাওয়া, ঢাকা থেকে আবার গ্রামে ফেরার গল্প বলতে বলতে আমিরুল বলছিলেন, ‘গ্রামের মানুষের অভাবের কথা ভেবেই কালুহাটিতে ফেরা। আজ সবাইকে কাজ করতে দেখে ভালো লাগছে।’ বারিক বলেন, ‘আমরা শুরু করলেও এখন অনেক মানুষই এই কাজ করে খাচ্ছে, এটা ভেবে ভালোই লাগছে।’