‘আমরা যেভাবে পৃথিবীটাকে পেয়েছি, তার চেয়ে আরও বেশি উন্নত রেখে যেতে চাই। এ জন্য প্রতিনিয়ত বদলে দিতে চাই সমাজটাকে। আর বদলে দেওয়ার এ অভিযাত্রায় আমরা সদা প্রস্তুত। আমাদের দেখে সাধারণ মানুষও বদলে যাওয়ার প্রেরণা পাবে।’ গাজীপুরের মৌচাকে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরিতে আসা কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের স্কাউট তাইকুজ্জামান আশিক এভাবেই প্রথম আলোর কাছে তার অভিব্যক্তি জানায়। কেবল তাইকুজ্জামান নয়, প্রায় সব স্কাউটের মুখেই ছিল বদলে যাওয়া ও বদলে দেওয়ার কথা। মিলনমেলা: মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত বৃহস্পতিবার অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি শুরু হয়। জাম্বুরি ঘিরে ভাওয়াল পরগনায় গজারি বনঘেরা অঞ্চল সেজেছিল বর্ণিল সাজে। নীল কাপড়ের স্কাউটদের পদচারণে গজারি বনের নীরবতা ভেঙে যায় অনেক ভোরে। জাম্বুরিতে এ বছর মেয়েদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিবন্ধী স্কাউটরাও জাম্বুরিতে অংশ নিয়েছে। লক্ষণাবন্দ, রূপাতলী, লালমাই, নওদাপাড়া, পুলেরহাট—এ পাঁচটি ভিলেজে ভাগ করা হয়েছে স্কাউটদের। ১৫টি সাব-ক্যাম্পের নাম দেওয়া হয়েছে ধলাই, ইছামতী, দড়াটানা, সোমেশ্বরী, সাঙ্গুসহ হারিয়ে যেতে বসা বিভিন্ন নদীর নামে। স্কাউটদের মুখে মুখে এসব নদীর নাম জাম্বুরিতে একটি ভিন্ন বৈচিত্র্য যোগ করেছে।গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের জাম্বুরির মূল প্রতিপাদ্য হচ্ছে—দিনবদলে স্কাউটিং।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কঠোর পরিশ্রম করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে স্কাউটদের ভূমিকা রাখতে হবে। সেবার মন্ত্র সামনে রেখে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সত্, চরিত্রবান, ন্যায়পরায়ণ, আত্মপ্রত্যয়ী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী স্কাউট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, স্কাউটিং কর্মসূচিকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নিতে হবে, যাতে আজকের প্রজন্ম নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রকে আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। উদ্বোধন শেষে তিনি জাম্বুরি তাঁবু এলাকা পরিদর্শন ও স্কাউটদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. মমতাজুল ইসলাম, অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরির সাংগঠনিক কমিটির সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান, জাম্বুরি চিফ ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান প্রমুখ। বদলের ডাক স্কাউটদের: নয় দিনব্যাপী এ মিলনমেলায় স্কাউটরা বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেবে। একই সঙ্গে ভ্রাতৃত্ববোধ বাড়াতে একে অন্যকে সাহায্য করবে। তবে সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছে এবারের জাম্বুরির প্রতিপাদ্য বিষয়। জীবনের ছোট ছোট ক্ষেত্র থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া ব্যাপারগুলো বদলে দিতে চায় তারা। নরসিংদীর রায়পুরা আর কে আর এম উচ্চবিদ্যালয়ের খালেদুর রহমান প্রথম আলোকে জানাল, এ বদলে যাওয়ার শিক্ষা নিতেই জাম্বুরিতে এসেছে সে। কিশোরগঞ্জ আরজআতরজান উচ্চবিদ্যালয়ের অপু দেবনাথ আর খাগড়াছড়ির সিঙিনালা উচ্চবিদ্যালয়ের থোয়াইউ মারমা একই কথা জানায়।দুর্নীতি, মাদক আর বাল্যবিবাহ প্রসঙ্গ বারবার এসেছে স্কাউটদের মুখে। তারা মনে করে, এ তিনটি জিনিস বদলে দেওয়া প্রয়োজন। দিনাজপুরের সেন্ট ফিলিপস হাইস্কুলের তাহসিন ইসলাম প্রথম আলোকে বলে, ‘মাদককে আমরা না বলেছি। আমাদের দেখাদেখি অন্যরাও না করবে।’ কুমিল্লার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের স্কাউট জহিরুল ইসলাম জানায়, লেখাপড়া তো সবাই করে। কিন্তু দায়িত্ব সম্পর্কে কতজন সচেতন। এ ব্যাপারটির বদল হওয়া প্রয়োজন।কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আনিকা তানবীন চায় পারিবারিক নির্যাতন বন্ধ করতে। সে প্রথম আলোকে বলে, নির্যাতনের এ চিত্র বদলাতে হবে। বাল্যবিবাহ রোধেও এগিয়ে আসতে হবে সবাইকে।কুমিল্লার সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমের স্কাউট দৃষ্টিপ্রতিবন্ধী রাকিব ইসলামও বদলে দিতে চায় সমাজকে। চিকিত্সকেরাই সমাজ বদলে দিতে পারে বলে সে প্রথম আলোকে জানায়। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গুণগত মানের দিকে এবারের জাম্বুরি একটু আলাদা। বাছাইয়ের মাধ্যমে এসব স্কাউট জাম্বুরিতে অংশ নিচ্ছে। স্কাউটদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জাম্বুরি উপলক্ষে মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ে মাঠে গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। প্রদর্শনীতে সমাজ সচেতনামূলক অর্ধশতাধিক স্টল রয়েছে।