বদলে যাচ্ছে আনসার বাহিনীর নাম
বিডিআরেরর পর এবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাম পরিবর্তিত হচ্ছে। এ বাহিনীর জন্য প্রস্তাবিত নাম হচ্ছে ‘বাংলাদেশ জন নিরাপত্তা বাহিনী’।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাম পরিবর্তনের একটি প্রস্তাব পাওয়া গেছে। কাজটি প্রক্রিয়াধীন আছে।’ সাংসদ সারাহ বেগম কবরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মোট ৫৯ লাখ ৬১ হাজার ৭৯০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে সাধারণ আনসার দুই লাখ ৭৭ হাজার ৮৫২ জন, অঙ্গীভূত আনসার ৩৩ হাজার ২৯৯ জন, হিল আনসার ৬০০, ভিডিপি ৫৬ লাখ ৪২ হাজার ১৫২ এবং হিল ভিডিপি সাত হাজার ৮৮৭ জন।পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) র্যাংক-ব্যাজ পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপির র্যাংক-ব্যাজ হিসেবে ক্রস সোর্ডের সঙ্গে শাপলা নির্ধারণের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রস্তাব পাওয়া গেছে। এটি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।