বদলে যাচ্ছে ভুটান
ভুটানে মদ্যপান করার অভিযোগে এক বৌদ্ধভিক্ষুর তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এ বছরের শুরুর দিকেই। তারপর নতুন একটি আইন করে জনসমক্ষে ধূমপান বন্ধ করে দেওয়া হয় দেশটিতে। এই আইনের আওতায় অর্ধশতাধিক মানুষকে কারাগারেও পাঠানো হয়েছে। আইনটি হওয়ার পর পুলিশ বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর নিয়ে ঘরে ঘরে অবৈধভাবে আমদানি করা তামাকজাত দ্রব্য তল্লাশি শুরু করে। কোনো ঘরে ২০০ কার্টন সিগারেট পাওয়া গেলে তাঁকে কারাগারে যেতে হতে পারে।বিষয়টি মানতে নারাজ ছিল দেশটির কয়েকজন সচেতন নাগরিক। কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করার মতো ক্ষমতা তো আর ওই গুটিকয়েক মানুষের নেই। তাই তাঁরা খুঁজতে থাকেন ভিন্ন কোনো উপায়। বন্ধুদের সঙ্গে চালাতে থাকলেন আলাপ আলোচনা। সবশেষে তাঁদেরই একজন থিম্পুর গণমাধ্যম কনসালট্যান্ট কিনলে শেরিং সরাসরি প্রতিবাদ না করে এই ঘটনার ডিজিটালভাবে প্রতিবাদ করার জন্য ফেসবুকে একটি পেজ করার সিদ্ধান্ত নিলেন। পেজটি তৈরিও হয়ে গেল। পেজটির লক্ষ্য হলো কীভাবে তরুণ প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সদ্ব্যবহার করতে পারে। এক মাসের মধ্যে আর পেজটির অনুসারী হয়ে গেল কয়েক হাজার মানুষ। পেজটিতে শুরু হয়ে গেল মানুষের দাবি দাওয়া নিয়ে খোলামেলা আলোচনা।ভুটানের বিরোধীদলীয় নেতা শেরিং তোবগে বলেছেন, ‘ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সরকারের কঠোর সমালোচনা করার একটি উন্মুক্ত দুয়ার খুলে গেছে। মানুষও বুঝতে পেরেছে, আরও জোর কণ্ঠস্বর দরকার। মাত্র বছর দুয়েক আগেও সমালোচনা বা গঠনমূলক আলোচনার সুযোগটা ছিল না।’ভুটানের আশপাশের দেশগুলো থেকে রাজতন্ত্র এরই মধ্যে বিদায় নিয়েছে। সিকিম ভারতের, তিব্বত চীনের অংশ হয়ে গেছে। সর্বশেষ নেপাল থেকেও রাজতন্ত্রের শিকড় উপড়ে ফেলেছে সে দেশের মানুষ। ফলে হিমালয়ের বুকে নিঃসঙ্গ রাজতন্ত্র ভুটানে সংসদীয় গণতন্ত্র চালু হয় ২০০৮ সালে। তত্কালীন রাজা নিজে জোর করে সে দেশে গণতান্ত্রিক পদ্ধতি চালু করেন।সর্বশেষ রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক বিয়ে করেছেন ভুটানের একজন সাধারণ ছাত্রীকে। এর ফলে সাধারণ ভুটানিদের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তারাও বুঝতে পারছে, দেশের নবীন গণতন্ত্রের জন্য রাজার মতো একজন অভিভাবকের প্রয়োজন আছে।রাজার প্রতি গভীর শ্রদ্ধার কারণে ভুটানের কেউ কোনো ধরনের বিপ্লব প্রত্যাশা করে না। বিশ্বায়ন এবং এর দর্শন এবং সামগ্রিক সুখের (গ্রস ন্যাশনাল হ্যাপিনেস-জিএনএইচ) ব্যাপারে এখানে পূর্ণ সমর্থন আছে। এখানে ধারণা করা হয়, ব্যক্তিগতভাবে সুখে থাকা ও সামগ্রিক পরিবেশ জিডিপির মতোই বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়।দ্য সেন্টার ফর ভুটান স্টাডিজ ইন থিম্পুর জ্যেষ্ঠ গবেষক তাশি চদেন বলেছেন, ‘এখানে সামগ্রিক সুখের বিষয়ে অনেক কথাই আছে। কিন্তু বাস্তবতাটা ভিন্ন। দিনে দিনে তরুণেরা বিপরীতমুখী হয়ে যাচ্ছে। আমরা যদি এ ব্যাপারে সতর্ক না হই, তাহলে আমরা যেমন ছিলাম, সেটাও হারিয়ে ফেলতে পারি।’ভুটানে প্রায় তিন দশক ধরে বাস করা ফ্রান্সের নৃতত্ত্ববিদ ফ্রাঙ্কোইস পমারেট বলেছেন, ‘২০১৩ সালে ভুটানের পরবর্তী নির্বাচন নিয়েও অনেক আকর্ষণ আছে। কিন্তু তখন কী ঘটবে, এ ব্যাপারে তেমন কোনো ধারণা নেই। কিন্তু সে সময় একটি গভীর সামাজিক পরিবর্তন আসবে। তবে নেতাদের উচিত হবে, নতুন প্রজন্মের কথাগুলো শোনা।’ ভুটান সরকারও নতুন দিকে মোড় নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে রয়েছে।আগে সরকারবিরোধী বিতর্কে অনেক বাধা-নিষেধ ছিল। কিন্তু এখন বিতর্কের ক্ষেত্রে সেই বাধাটি নেই। গ্রামের মানুষও এখন শহরে গিয়ে লেখাপড়া করার কারণে তাদেরও সচেতনতা বেড়ে যাচ্ছে। তারাও ফেসবুক ব্যবহার করছে।দেশটির একজন আইনপ্রণেতা দুপথব তাশিয়াংসি বলেছেন, ‘যখন আমরা প্রচারাভিযানে গিয়ে সাধারণ জনগণকে বলেছি যে আমরা তাদের সাহায্য করতে চাই, তারা বিষয়টিকে বেশ ভালোভাবেই নিয়েছিল। তবে আগের চেয়ে তাদের এখন অনেক চাহিদা। তারা আগের চাইতে এখন অনেক বেশি সচেতন। এ ছাড়া সবাই ফেসবুকের সেই পেজটির কথাই বলছিল।’শেরিং বলেছেন, ‘অধিকার আদায়ে মানুষ এখন ঘরের বাইরে বের হয়ে আসছে। তাদের এই প্রতিক্রিয়ায় আমরা বিস্মিত। তারা তাদের দাবি-দাওয়ার কথা বলছে। সমালোচনা করছে। আমরা জানি না, সরকার এ ব্যাপারে কী করবে।’শেরিং আরও বলেছেন, ‘এখনো অনেক পথ পেরোতে হবে। কারণ এখনো অনেক মানুষই এসব ব্যাপারে সরাসরি কথা কথা বলতে নারাজ। এসব সংশয় কাটিয়ে হয়তো পরিবর্তন একসময় আসবেই।’ অধিকার আদায়ের ব্যাপারে প্রতিবাদের আর অন্য কোনো পরিকল্পনা আছে কি না, এ ব্যাপারে শেরিং বলেছেন, এখনকার জন্য এটাই অনেক। রয়টার্স।