শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের কল্যাণে ক্রিকেটপাড়া হয়ে উঠেছে মিরপুরের একাংশ। তবে এর পাশেই থাকা মিরপুর ২ নম্বর সেকশনের বাসিন্দাদের ভোগান্তিও কম নয়। কারণ, আন্তর্জাতিক কোনো খেলা থাকলেই স্টেডিয়ামের পাশের সড়কগুলোয় গাড়ি রাখা হয়। ফলে যানজটে পড়ে নাকাল হতে হয় এলাকাবাসীকে। প্রায়ই যানের জটলা ছড়িয়ে পড়ে মিরপুর ১ নম্বর সেকশনের মোড় থেকে ১০ নম্বর সেকশনের মোড় এবং স্টেডিয়ামের পাশ দিয়ে ২ নম্বর সেকশন থেকে ৬ নম্বর সেকশনে যাওয়ার প্রধান সড়কে। তাই ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হতে পেরে মিরপুরবাসী যেমন গর্বিত, তেমনি যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ার দুশ্চিন্তাও রয়েছে কারও কারও মধ্যে।তবে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হলে বিশ্বকাপে খেলা চলাকালীন মানুষের চলাচলের ভোগান্তি কমানো সম্ভব বলে মনে করেন ঢাকা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্শী বজলুল বাছিত আঞ্জু। তিনি বলেন, খেলা চলার সময় যদি স্টেডিয়ামের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গাড়ি রাখা হয়, তবে সড়কের ওপর গাড়ি রাখার দরকার হবে না। এ বিষয়ে আয়োজক কমিটি তাঁদের কাছ থেকে খুব একটা পরামর্শ নিচ্ছে না। এলাকাবাসীর তাগিদে তিনি নিজে কমিটির কাছে গিয়ে গাড়ি রাখা যেতে পারে, এমন জায়গাগুলোর তালিকা দিয়ে এসেছেন। তবে খেলা চলার সময় চলাচলের দুর্ভোগ বিশ্বকাপের স্বার্থে মেনে নিতে রাজি মিরপুরবাসী।এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা চলার সময় মিরপুর ১০ নম্বর সেকশনের মোড় থেকে ২ নম্বর সেকশনের সনি সিনেমা হল পর্যন্ত প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকবে। ১০ নম্বর সেকশনের মোড় দিয়ে ১২ নম্বরের দিকে যাওয়ার জন্য যানবাহন হারুন আল রশীদ মোল্লা সড়কে ঢুকতে পারবে না। স্টেডিয়ামের পাশ ঘেঁষে ২ নম্বর সেকশন থেকে ৬ নম্বর সেকশনে যাওয়া প্রধান সড়কে প্রশিকা ভবন পর্যন্ত অংশে যান চলাচল বন্ধ রাখা হবে। খেলার সময় সড়কগুলোর ওই সব অংশে চলতে পারবে শুধু টিম বাস, টিম নিরাপত্তায় নিয়োজিত মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ম্যাচ কর্মকর্তাদের গাড়ি, সাংবাদিক বাস ও পতাকাবাহী ভিআইপিদের গাড়ি। এসব যানবাহন স্টেডিয়ামের গাড়ি রাখার জায়গায় রাখা হবে। খেলার সময় দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস, ডিএমপিসহ বিভিন্ন সেবা সংস্থার যানবাহন নিয়ন্ত্রিত সড়কে ঢুকতে পারবে। খেলা দেখতে আসা দর্শকদের যানবাহন রাখার ব্যবস্থা করা হচ্ছে মিরপুর ১৪ নম্বর সেকশন পুলিশ লাইন মাঠ ও চিড়িয়াখানা রোডে। সেখানে আয়োজকদের স্বেচ্ছাসেবী ও নিরাপত্তারক্ষীরা যানবাহন রাখায় শৃঙ্খলা রক্ষা ও সেগুলো পাহারায় কাজ করবেন। গভীর রাতে খেলা শেষ হলে দর্শকেরা যাতে যানবাহন সংকটে না পড়ে, সে জন্য মিরপুর থেকে বনানী-উত্তরা, মিরপুর থেকে মতিঝিল, মিরপুর থেকে ধানমন্ডি-আজিমপুর—এই তিনটি রুটে বাসের ব্যবস্থা করবে আয়োজকেরা। তাদের পক্ষ থেকে সাংবাদিকদের জন্যও বাস দেওয়া হবে।খেলার সময় যান চলাচলের শৃঙ্খলা রক্ষা ও যানবাহনসংকট এড়াতে বিশ্বকাপ আয়োজকের স্থানীয় কমিটি এরই মধ্যে কাগজে-কলমে প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান বিশ্বকাপের আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফীন টুটুল। তিনি বলেন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সহায়তায় কাজ করবে। এ জন্য এরই মধ্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। দর্শক ও যাত্রীদের দুর্ভোগ কমাতে সবাই সহায়তার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে মিরপুরবাসীর সহায়তা চান তিনি।