বদলে যায় হাসপাতালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ মানুষ, বিশেষ করে হাসপাতালে যাওয়া রোগীদের অনেক সময়ই রোজা রাখা সম্ভব হয় না। তাঁদের সবার জন্য রোজা বাধ্যতামূলকও নয়। তাই বলে তাঁদের ইফতারে অংশ নেওয়া থেমে থাকে না। ইফতারের সময় স্বজনদের সঙ্গে রোগীরাও শামিল হন।ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের যেকোনো ওয়ার্ডের পাশ দিয়ে গেলেই সব সময় শোনা যায় রোগীদের আর্তচিত্কার। তবে ইফতারের সময় সেখানে সৃষ্টি হয় ভিন্ন আবহের। সেবা ও দেখভালের জন্য রোগীদের সঙ্গী হিসেবে হাসপাতালে থাকা স্বজনেরা তাঁদের নিয়ে ইফতার করেন। রোগীর শয্যাপ্রান্তে বসেই তাঁদের নিরিবিলি ইফতার সারতে হয়। অন্য রোগীদের সঙ্গে থাকা আত্মীয়স্বজনকেও আমন্ত্রণ জানানো হয়। কষ্টের সময় সবার মধ্যে গড়ে ওঠা একাত্মতাবোধ সংক্রমিত হয় ইফতারির আয়োজনেও। অনেক ক্ষেত্রে সেবিকারাও এতে শামিল হন। গতকাল বৃহস্পতিবার ৭ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন আবু তাহের ছেলেকে নিয়ে ইফতার করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অসুস্থ শরীর নিয়েই সারা দিন রোজা রেখেছি। ছেলে ইফতারি কিনে এসেছে। তাই দিয়ে ইফতার করছি।’মহিলা ওয়ার্ডের বারান্দায় কথা হয় অসুস্থ শারমীন সুলতানার সঙ্গে। মা কোহিনুর আক্তারের সঙ্গে ইফতার করছিলেন তিনি। শারমিন প্রথম আলোকে বলেন, ‘ইনজেকশন নেওয়ার কারণে রোজা রাখতে পারিনি। কিন্তু মা রোজা রেখেছেন। তাঁকে নিয়ে ইফতার করছি।’রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা হাসপাতালের সামনের ফুটপাত থেকে ইফতারসামগ্রী কেনেন। রোগীদের কেউ কেউ হাসপাতাল থেকে ইফতারি বা সেহরি খাওয়ার ব্যবস্থা না থাকায় তাঁদের অসুবিধা হওয়ার কথা জানান। রোগী ও স্বজনদের অনেকেই জানান, রাতের জন্য যে খাবার দেওয়া হয়, তা-ই সেহরিতে খেতে হয় তাঁদের। এ ছাড়া কিছুদিন ধরে হাসপাতালের পানি নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। এ কারণে রোজা শুরুর পর থেকেই বাইরে থেকে পানি কিনে খেতে হচ্ছে।