বদলের ডাক
জোহানেসবার্গের সকার সিটি, বার্সেলোনার ন্যু ক্যাম্প কিংবা আমাদের কোনো গ্রামের মাঠ—ফুটবলের সুবাস সব জায়গায়ই এমন। ফুটবল সব জায়গাতেই সুবাস ছড়িয়ে দর্শকদের টেনে আনে মাঠের পাশে। কিন্তু মাঠে এঁরা কারা খেলছেন? হ্যাঁ, মেয়েরাই। সেই খেলাটি হচ্ছে আবার নড়াইলের মতো ছোট্ট শহরে।বাংলাদেশের রাজধানী শহর কিংবা বড় শহরগুলোতেও মহিলা ফুটবল এখনো জেঁকে বসতে পারেনি। সমাজ, সংস্কার এখনো যেন ঠিক আপন করে নিতে পারেনি মহিলাদের ফুটবলকে। এই অবস্থায় নড়াইলে মহিলা ফুটবলের আয়োজন একটু চমৎকৃত করে বৈকি! তাও আবার ঠিক নড়াইল শহরে নয়, খেলা হয়েছে জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে শেখহাটি ইউনিয়নের হাতিয়ারা নামের এক গ্রামে! চমকের পর চমক—ম্যাচটি ছিল বিবাহিত বনাম অবিবাহিত মহিলা খেলোয়াড়দের মধ্যে!এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা হাতিয়ারা গ্রামের পুতুল মজুমদার, বিচিত্রা বিশ্বাসদের মতো কয়েকজনের। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইনিয়েস্তা, ভিয়া, মেসিদের মাঠ মাতাতে দেখে তাঁরাও মাঠে নেমে পড়ার পরিকল্পনা করলেন। সহযোগিতা দিয়েছে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। তাদের সহযোগিতা, পুরুষদের উৎসাহ আর নিজেদের চাঁদায় কেনা বল দিয়ে কিছুদিন অনুশীলনও করেছেন খেলোয়াড়েরা। সবাই উৎসাহ দিয়েছেন তা নয়, কেউ কেউ নানা সংস্কারের দোহাই দিয়ে বাধা দেওয়ারও চেষ্টা করেছেন। কিন্তু পিছুটানা সেই লোকেরা হার মানতে বাধ্য হলেন গত ২৪ জুলাই। স্থানীয় গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেদিন সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামল দুদল। খেলা দেখতে নামল দর্শকের ঢল। অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী প্রধান অতিথি হয়ে এলেন খেলা দেখতে, এলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও। বিবাহিত দলের বিপক্ষে অবিবাহিত মেয়েদের লড়াই। মুখোমুখি হলেন মা-মেয়েরাও। আর প্রকৃতি নিয়মকে সত্যি করতেই যেন ‘মেয়েদের’ দল ৪-১ গোলে জিতে গেল ‘মায়েদের’ বিপক্ষে। এই পরাজয়ে তো মায়েদেরই জয়! সবচেয়ে বড় জয় অবশ্য ফুটবলের। কার্ত্তিক দাস, নড়াইল