বদিউজ্জামান সভাপতি, নাজমুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বদিউজ্জামান সোহাগ সভাপতি ও সিদ্দিকী নাজমুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় সংগঠনটির দুই দিনব্যাপী ২৭তম সম্মেলন। গতকাল মধ্যরাতে একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও কমিটি ঘোষণা করা হয়।ছাত্রলীগের ৮৭টি সাংগঠনিক জেলার মোট তিন হাজার ২৭৬ জন ভোট দেন। মোট প্রার্থী ছিলেন সভাপতি পদে আটজন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় অনানুষ্ঠানিক দুটি পরিষদের মধ্যে। সোহাগ-নাজমুল পরিষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে মাসুদ-রাহাত পরিষদ। নির্বাচনে সভাপতি পদে বদিউজ্জামান সোহাগ পেয়েছেন এক হাজার ৬৯০ ভোট আর মনোয়ার হোসেন মাসুদ পেয়েছেন ৫২১ ভোট। সাধারণ সম্পাদক পদে নাজমুল ১৫৭১ ও শামসুল কবির রাহাত পেয়েছেন ৫৪৬ ভোট।বদিউজ্জামান ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পর্বের ছাত্র। নাজমুল আলম উর্দু বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র ও বর্তমান কেন্দ্রীয় পরিষদের সহসম্পাদক।উৎসবের আমেজ: নির্বাচন উপলক্ষে সম্মেলন কেন্দ্রে ছিল উৎসবের পরিবেশ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা থেকে কাউন্সিলররা ভোট দেওয়ার জন্য সকাল থেকেই জড়ো হয়েছিলেন সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। পুরো এলাকা ভরে গেছে পোস্টার, ব্যানার আর রংবেরঙের ফেস্টুনে। কিছুক্ষণ পরপরই মূল প্রতিদ্বন্দ্বী দুই পরিষদের সমর্থকেরা মিছিল বের করছিলেন।নির্বাচন পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি একের পর এক জেলার নাম ডাকতে থাকেন, আর ওই জেলার কাউন্সিলররা মিলনায়তনে ঢুকে ভোট দিয়ে বেরিয়ে আসেন। নেতা হওয়ার জন্য বয়সসীমা ২৯-এর মধ্যে বেঁধে দেওয়ায় অপেক্ষাকৃত নবীনেরাই প্রার্থী হয়েছেন। ২০০৬ সালের এপ্রিলে ছাত্রলীগের ২৬তম জাতীয় সম্মেলন হয়েছিল। দুই বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার পাঁচ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হলো। কাউন্সিলর ও নেতারা আশা প্রকাশ করেছেন, এর পরের সম্মেলন যথাসময়েই হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা: মেহেদি হাসান মোল্লাকে সভাপতি ও ওমর শরিফকে সাধারণ সম্পাদক মনোনীত করে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে।