ভবনটিতে ঢুকতেই শ্বাস নেওয়া কষ্টকর করে তোলে রাসায়নিকের উৎকট গন্ধ। ভেতরে দেখা যায়, বধির ছেলেমেয়েদের নীরব ঘোরাফেরা, আর ইশারায় কথাবার্তা। ওই গন্ধ ও রাসায়নিকের ঝুঁকির মধ্যেই তাদের বসবাস।এই পরিবেশ বিজয়নগরের (শহীদ নজরুল ইসলাম এভিনিউ) জাতীয় বধির সংস্থার ভবনে। ওই ভবনে স্থাপিত বধির স্কুল ও বধির শিক্ষার্থীদের ছাত্রাবাস। সেখানেই করা হয়েছে মারাত্মক রাসায়নিকের গুদাম।জাতীয় বধির সংস্থার কর্মকর্তারা জানান, শীতাতপনিয়ন্ত্রিত মার্কেট করার প্রস্তাব দিয়ে ১৯৮৫ সালে ভবনটির সাত হাজার ৬০ বর্গফুটের বেজমেন্টটি ভাড়া নেয় আবেদীন অ্যান্ড কোম্পানি। পরে তারা জায়গাটি কয়েক দফা হাতবদল করে বছর তিনেক আগে ডাইসিং কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠানকে সাবলেট দেয়। বধির সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক দোভাষী বদরুন্নাহার তমার সহায়তায় প্রথম আলোকে বলেন, মূল ভাড়াটিয়া বধির সংস্থাকে প্রতি মাসে সাড়ে ১২ হাজার টাকা ভাড়া দিচ্ছেন। আর তাঁদের জানামতে, সাবলেট থেকে ওই ভাড়াটিয়া পাচ্ছেন ৬০ থেকে ৭০ হাজার টাকা। বাজারমূল্য অনুযায়ী বধির সংস্থার ভাড়া পাওয়ার কথা মাসে এক লাখ টাকারও বেশি। ক্ষুব্ধ ওই বধির নেতা বলেন, ‘প্রতি মাসে বধির স্কুলের ৫০০ এবং হোস্টেলের ১৫০ জন শিক্ষার্থী ৮০ থেকে ৯০ হাজার টাকা ক্ষতির শিকার হচ্ছে।’ সংস্থার কার্যালয়ে সাংবাদিক আসার খবর শুনে কয়েক মিনিটের মধ্যে কয়েকজন বধির ও কমিটির নেতা উপস্থিত হন। কমিটির নির্বাহী সদস্য কুলসুম আরা বেগম আবেগাপ্লুত হয়ে উপস্থিত বধিরদের দেখিয়ে প্রশ্ন করেন, ‘তাদের হক কোনো মানুষ কি নষ্ট করতে পারে?’ বধির সংস্থার স্কুল, ছাত্রাবাসসহ সব কার্যক্রম পরিচালনার অর্থ আসে ভাড়া ও দেশীয় বিভিন্ন ব্যক্তি ও সংস্থার দান-অনুদান থেকে। বধিরদের আকুতি বেজমেন্ট দখলমুক্ত করা এবং সেখান থেকে রাসায়নিক সরিয়ে নেওয়া। সংস্থার কোষাধ্যক্ষ নাহিদ আহমেদ বলেন, ‘এত দিনে আমাদের মনে হচ্ছে, বধিরদের এই বঞ্চনার কথা শোনার কেউ নেই। কারণ, ভবনের প্রায় সাত হাজার বর্গফুট আয়তনের বেজমেন্টটি ফিরে পেতে আইন-আদালত করেও লাভ হয়নি। এমনকি, রাসায়নিকের গুদাম সরানোর চেষ্টা করেও কাজ হয়নি।’ স্বরাষ্ট্র, শিল্প এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে যোগাযোগ করেও রাসায়নিকের ওই গুদাম সরানো বা বধিরদের সম্পদ দখলমুক্ত করা যায়নি। বধির সংস্থার পক্ষে দুই আদালতের রায় গেলেও ওই রায় উচ্চ আদালত স্থগিত করেছেন।জানা যায়, আট বছর ধরে জাতীয় বধির সংস্থার সভাপতি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। এরপর বর্তমান সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচিত হওয়ার পর বেহাত সম্পদ উদ্ধারের চেষ্টা শুরু করেন। গত বছরের ১৯ আগস্ট শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার কাছে এক আবেদনে তিনি বধির সংস্থার ভবন থেকে রাসায়নিক দাহ্য পদার্থ সরিয়ে নিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। আবেদনের অনুলিপি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর রাসায়নিক ব্যবসা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করলেও তাতে কোনো ফল হয়নি।এরপর শিল্প মন্ত্রণালয়ের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর ২৭ অক্টোবর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে নির্দেশ দেয়। ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক বিষয়টি তদন্তের দায়িত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলওয়ারা আলোকে। ম্যাজিস্ট্রেট গত ২৭ জানুয়ারি যে প্রতিবেদন জমা দেন তাতে বলা হয়, বধির সংস্থার বেজমেন্টে অনেক রং ও রাসায়নিক-জাতীয় পদার্থ সংরক্ষণ করা আছে। তিনি ডাইসিং কেমিক্যালের কাছ থেকে প্রায় ৩০০ রাসায়নিক পদার্থের তালিকা নেন এবং সেগুলো ফায়ার সার্ভিস অথবা পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞ দল দিয়ে যাচাই করার সুপারিশ করেন।আবেদীন অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী সৈয়দ রুহুল আরেফিন প্রথম আলোকে বলেন, ১৯৮৬ সালে তিনি ৬০ বছরের চুক্তিতে ভাড়া নিয়েছেন। নিয়মিত ভাড়া দিচ্ছেন, ভাড়া নেওয়া বন্ধ করায় এখন আদালতের মাধ্যমে ভাড়া দিচ্ছেন। এক প্রশ্নের জবাবে রুহুল আরেফিন বলেন, সাবলেট দেওয়ার অধিকার তাঁর আছে। সংস্থার সভাপতিকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁর সঙ্গে ক্ষমতা ও প্রভাব দেখানো হচ্ছে। গুদামে তাঁর অনুমতি ছাড়া বর্তমান সভাপতি প্রবেশ করেছেন। এ ছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আইন, ক্ষমতা ও প্রভাব সবকিছু আমারও আছে। আমাকে কেউ হটাতে পারবে না।’ বধিরদের প্রতিষ্ঠানে রাসায়নিক ব্যবসার জন্য ভাড়া দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে রুহুল আরেফিন বলেন, ‘ভাড়াটিয়া জানিয়েছেন এখানে ক্ষতিকর রাসায়নিক নেই। তা ছাড়া সংস্থার পক্ষ থেকে ভাড়াটিয়াকে সরিয়ে দেওয়ার অনুরোধ করা হলে মেনে নিতাম। আমি আইনি সুরক্ষা নিয়ে প্রয়োজনে গায়ের জোরে এখানে থাকব।’এ প্রসঙ্গে সংস্থার সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘৬০ বছর চুক্তিতে ভাড়া নেওয়ার বিষয়টি মোটেও ঠিক নয়। এ ছাড়া তিনি চুক্তির সব শর্ত লঙ্ঘন করেছেন। চুক্তির মেয়াদও পার হয়ে গেছে। আমরা বারবার তাঁকে বধিরদের এই প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্থার সভাপতি হিসেবে ওই ভবনে কী হয়, সেটা দেখা আমার দায়িত্ব। ওখানে ঢুকে বিভিন্ন ধরনের দাহ্য রাসায়নিক দ্রব্য দেখার পর ওরা ক্ষুব্ধ হয়েছে।’ ডাইসিং কেমিক্যালের মহাব্যবস্থাপক মো. ইউনূস দাবি করেন, গুদামে টেক্সটাইলের বিভিন্ন রাসায়নিক ও রং রয়েছে। এগুলো পানিতে দ্রবীভূত। দুর্গন্ধ সম্পর্কে তিনি বলেন, এতগুলো রাসায়নিক থাকলে সেখানে কিছুটা গন্ধ হওয়া স্বাভাবিক।